মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বড় ধরনের এ হামলা চালায় ইরান।
বুধবার (১৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আকাশে গুচ্ছবোমার বিস্ফোরণ ঘটছে। সেখান থেকে আগুনের খণ্ড বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে।
এ হামলায় তেল আবিব এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া জেরুজালেম, রামাত গান ও বেনি ব্রাকসহ আরও কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। যাদের বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি। ধারণা করা হচ্ছে, হামলার সময় তারা নিরাপদ আশ্রয়ে ছিলেন না।
এছাড়া শ্যারন এলাকায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।