রয়টার্স ,বিবিসি

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত ত্রিপক্ষীয় শান্তি আলোচনা কোনও সুনির্দিষ্ট সমাধান ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকটি গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চললেও বুধবার মাত্র দুই ঘণ্টার মাথায় শেষ হয়। মার্কিন দূত স্টিভ উইটকফ আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা এই বৈঠককে ‘কঠিন’ বলে অভিহিত করেছেন। ক্রেমলিনের আলোচক ভ্লাদিমির মেদিনস্কি মূল বৈঠকের পর ইউক্রেনীয় পক্ষের সঙ্গে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন, তবে সেখানে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। ইউক্রেনীয় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফ্রন্ট লাইন বা সম্মুখ সমরের অবস্থান এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের মতো ‘সামরিক ইস্যুতে’ কিছুটা অগ্রগতি হয়েছে। তবে ভূখ-গত বিরোধ নিরসনে কোনও ঐকমত্য হয়নি। রাশিয়া পুরো ডনবাস অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে, যা মানতে নারাজ ইউক্রেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। অন্যদিকে, ক্রেমলিন আলোচক মেদিনস্কি আলোচনাকে ‘পেশাদার’ বলে বর্ণনা করেছেন এবং দ্রুতই পরবর্তী বৈঠকের ইঙ্গিত দিয়েছেন। আলোচনার অন্যতম অমীমাংসিত বিষয় হলো জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ।