গার্ডিয়ান : হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা এবার চরম সংঘাতের রূপ নিয়েছে। বুদাপেস্টের কর্মকর্তারা ইউক্রেনের দুটি যানের একটি বহর জব্দ করেছেন। সেগুলোতে কোটি কোটি নগদ ইউরো এবং স্বর্ণের বার পাওয়া গেছে। এই ঘটনায় সাত ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছে হাঙ্গেরি। হাঙ্গেরির জাতীয় শুল্ক ও কর বিভাগ জানিয়েছে, জব্দকৃত কনভয়ে ৪ কোটি ডলার এবং ৩ কোটি ৫০ লাখ ইউরো নগদ অর্থের পাশাপাশি ৯ কেজি স্বর্ণ ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার একজন সাবেক জেনারেলও রয়েছেন বলে জানানো হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় ব্যাংক ওশাদব্যাংক জানিয়েছে, এই স্বর্ণ ও অর্থ অস্ট্রিয়া থেকে ইউক্রেনে একটি রুটিন ট্রিপ-এর মাধ্যমে নেওয়া হচ্ছিল। আকাশপথে চলাচলে বিধিনিষেধ থাকায় স্থলপথে এই পরিবহন করা হচ্ছিল। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের রাজনৈতিক পরিচালক বালাজ অরবান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই লেনদেনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, সাঁজোয়া যান ভর্তি নগদ টাকা ও স্বর্ণ নিয়ে হাঙ্গেরি পার হওয়া কোনও বৈধ আর্থিক লেনদেনের স্বাভাবিক পদ্ধতি নয়। আসল প্রশ্ন হলো, এই অর্থের পেছনে কে আছে এবং এটি দিয়ে কী অর্থায়ন করা হচ্ছে? ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা এই ঘটনাকে ‘মানুষকে জিম্মি করা এবং টাকা চুরির’ শামিল বলে অভিহিত করেছেন।