এপি, বিবিসি : নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার ভোরে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে (জিএমটি ০০:০০) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই রাজধানীর ওই এলাকায় পুলিশের একটি দল মোতায়েন করা হয়।

বিস্ফোরণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। নরওয়ের পাবলিক ব্রডকাস্টার এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশি অভিযানের নেতৃত্বদানকারী মাইকেল ডেলিমায়ার জানান, বিস্ফোরণটি দূতাবাসের মূল প্রবেশপথে ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে দূতাবাসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা এর পেছনে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য পায়নি পুলিশ। দূতাবাসের মার্কিন কর্মীরাও এখন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, মার্কিন দূতাবাসটি অসলোর মূল শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে গডালসভাগেন এলাকায় অবস্থিত।