ইরান বর্তমান মাত্রার যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্মকর্তা।
আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে ইসলামী বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান তীব্রতার যুদ্ধ অন্তত ছয় মাস ধরে চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে পুরোপুরি ভিন্ন। ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে।
চলতি সপ্তাহে তিনি বলেন, এ যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এবং তাদের অভিযানে ইরানের ‘শয়তানি সাম্রাজ্য’ ভেঙে দেওয়া হয়েছে।
ইসলামী বিপ্লবী গার্ড কোর ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সামরিক বাহিনী। সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি দেশের রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এই বাহিনীর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান