ভারতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় একটি বেসরকারি ট্রাভেল বাস ও বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। খবর এনডিটিভ’র।
পুলিশ জানায়, হরিকৃষ্ণা ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। রায়াবরমে পৌঁছানোর সময় লরির সঙ্গে সংঘর্ষে বাসের ৮ জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।
মার্কাপুরমের ডিএসপি নাগরাজু জানান, ঘটনাস্থলেই আট জন দগ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৮ থেকে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।