ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ লেবাননে এই হামলা চালানো হয়। এ তথ্য জানিয়েছে ঘটনাস্থলে থাকা আলজাজিরার সাংবাদিক।

সবশেষ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান আলজাজিরার প্রতিবেদক।

তিনি জানান, বেশিরভাগ হামলা বন ও পাহাড়ি খোলা এলাকায় চালানো হয়েছে। দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের টহল এখনও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এর আগে বৃহস্পতিবার তেহরানের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৬ বছর বয়সি এক সিরীয় কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হন ২৯ জন।

২০২৪ সালের নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতির পর এটি সবশেষ চুক্তি লঙ্ঘন।