পবিত্র রমজান মাস উপলক্ষে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার পর এ সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছে আরব নিউজ।

তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, শুধু ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ ১২ বছর বয়সী শিশুরা প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে প্রবেশের সুযোগ পাবে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা 'সিওজিএটি' এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাসজুড়ে জুমার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পুরুষদের ক্ষেত্রে ৫৫ বছর থেকে, নারীদের ক্ষেত্রে ৫০ বছর থেকে এবং ১২ বছর পর্যন্ত শিশুদের প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হবে।