আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানে চালানো সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানে আক্রমণাত্মক কার্যক্রম কমিয়ে আনছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই এই সামরিক অভিযান শেষ করা সম্ভব হবে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছানোয় এখন যুদ্ধের সমাপ্তি টানার বিষয়ে ভাবা হচ্ছে। তবে একই সঙ্গে সতর্ক করা হয়েছে, এই সময়ের মধ্যে ইরান যদি পাল্টা কোনো পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

ট্রাম্প আরও বলেন, এই যুদ্ধ বন্ধ করতে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয়। যুক্তরাষ্ট্র চাইলে একতরফাভাবেও অভিযান শেষ করতে পারে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি দাবি করেন, সেই লক্ষ্য অর্জিত হয়েছে এবং বর্তমানে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই।

তবে ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তাঁর এই অভিযানের উদ্দেশ্য শাসন পরিবর্তন নয়। কিন্তু একই বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, দেশটির বর্তমান শাসনব্যবস্থায় ইতিমধ্যে কিছু পরিবর্তন ঘটে গেছে।

সূত্র: রয়টার্স