ভারতের আসাম রাজ্যে রাডারের সংযোগ হারিয়ে নিখোঁজ হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান। বিমানটির সন্ধানে ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে বিমানবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বিমানবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধবিমানটি আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়। এরপর থেকেই রাডার থেকে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই বিমানটির অবস্থান শনাক্ত করতে অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। তবে কী কারণে বিমানটি নিখোঁজ হয়েছে বা এতে থাকা ক্রুদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সুখোই এসইউ–৩০ এমকেআই হলো রাশিয়ার তৈরি সুখোই সিরিজের একটি উন্নত যুদ্ধবিমান, যার মূল নকশা ১৯৮০–এর দশকে তৈরি। এই যুদ্ধবিমানকে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে ধরা হয়।

রাশিয়ায় নির্মিত এসব যুদ্ধবিমান প্রথম ভারতের হাতে আসে ১৯৯৭ সালে। বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এগুলো উৎপাদন করছে। ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ২৫০টিরও বেশি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।