ইরানের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠল। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে সোমবার (৯ মার্চ) প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এই হামলার মাধ্যমে নতুন নেতার অধীনে ইরান তাদের কঠোর সামরিক অবস্থানের জানান দিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বার্তার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র হামলার খবরটি নিশ্চিত করেছে।

বার্তায় বলা হয়, নতুন নেতৃত্বের অধীনে এটিই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম প্রত্যক্ষ সামরিক অভিযান।

হামলার খবর প্রকাশের পাশাপাশি আইআরআইবি একটি বিশেষ ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটির গায়ে লেখা রয়েছে— ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা’।

বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতার প্রতি সামরিক বাহিনীর আনুগত্য এবং তার নির্দেশ পালনে প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

শনিবার রাতে ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি ও মার্কিন হামলার পর থেকেই তেহরান পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে আসছিল।

মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে এক পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

ইসরায়েলি পক্ষ থেকে এই হামলার ক্ষয়ক্ষতি বা পাল্টা পদক্ষেপ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে এই হামলার পর বিশ্ববাজারে তেলের দাম এবং আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।