যুক্তরাষ্ট্রজুড়ে শক্তিশালী ঝড়, ভারী তুষারপাত ও তীব্র বাতাসের কারণে ১০ কোটিরও বেশি মানুষ চরম আবহাওয়া সতর্কতার মুখে পড়েছেন। মূলত আপার মিডওয়েস্ট ও গ্রেট লেকস অঞ্চলে এই শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে দাবানলের ঝুঁকি আরও বাড়বে। এর পাশাপাশি সোমবার দিনের শেষভাগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে বৃষ্টি, বজ্রঝড় ও সামান্য তুষারপাতের আশঙ্কা রয়েছে।

সোমবার সন্ধ্যার মধ্যে ডাকোটা থেকে নিউ ইয়র্কের উত্তরাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকায় ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া দক্ষিণাঞ্চলের শুষ্ক ও বাতাসপূর্ণ আবহাওয়া দাবানলের ঝুঁকি আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নেব্রাস্কা অঙ্গরাজ্যের যেসব এলাকায় ইতোমধ্যে বড় ধরনের দাবানল জ্বলছে, সেখানে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

আবহাওয়া ব্যবস্থাটি সোমবার পূর্ব দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বজ্রঝড় ও তীব্র বাতাস বয়ে আনতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।