রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান তিন বছরের যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় বন্দি বিনিময় শুরু হয়েছে। প্রতিটি দেশ ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে ২৭০ জন সামরিক ও ১২০ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন ।

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দিদের অর্ধেক অর্থাৎ ইউক্রেনের, বাকি অর্ধেক রাশিয়ার।

এই বিনিময়টি তুরস্কে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার ফলাফল, যেখানে উভয় পক্ষ ১,০০০ জন করে বন্দি মুক্তির বিষয়ে সম্মত হয়েছিল। প্রথম ধাপে ৭৮০ জন মুক্তি পেয়েছেন, বাকি ২২০ জনকে আগামী দুই দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বন্দি বিনিময়কে স্বাগত জানিয়ে ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ।

তবে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইস্তানবুলে অনুষ্ঠিত আলোচনায় রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং এসব অঞ্চলের রুশ নিয়ন্ত্রণ স্বীকার করার দাবি জানিয়েছে, যা ইউক্রেন অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ।

এই বন্দি বিনিময় যুদ্ধের তীব্রতা কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও স্থায়ী শান্তির জন্য আরও আলোচনা ও সমঝোতা প্রয়োজন।