ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড-এ একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানে দুইজন ক্রুসহ মোট সাতজন ছিলেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল বিচক্রাফট সি৯০ মডেলের। এটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান রেডবার্ড এয়ারওয়েজ। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিমানটি রাঁচি থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে উড্ডয়ন করে।
উড্ডয়নের কিছু সময় পর প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাডারেও সেটির কোনো সিগন্যাল পাওয়া যায়নি। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর।
দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে তদন্তের স্বার্থে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর কর্মকর্তাদের পাঠানোর কথা জানানো হয়েছে।