পবিত্র রমজান মাস উপলক্ষে অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানোর পাশাপাশি ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি প্রধান মহাসড়কেও টোল কমানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। দেশটির নাগরিকের অভিজ্ঞতা সহজ ও আরামদায়ক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) রমজান মাস ও পবিত্র ঈদ উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের ঘরে ফেরাকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট সুবিয়ান্তো জানান, ঈদ উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোলও কমানো হবে। তিনি বলেন, “মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।”

এছাড়া, ঈদুল ফিতর এবং বালি’স ডে অব সাইলেন্স (নিয়েপি)-এর সময়ও বেশ কয়েকটি প্রধান মহাসড়কের টোল ফি কমানো হচ্ছে বলে জানা যায়।