ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় কথিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা বলেছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলের জন্য ‘ভয়াবহ বিপর্যয়’ ডেকে আনতে পারে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এসব দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের একটি নিরপেক্ষ ও কঠোর মূল্যায়ন দিতে হবে। কারণ এগুলো পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি বাস্তব বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে।
এর আগে ইরান জানায়, তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে শনিবারের হামলার বিষয়ে অবহিত করেছে। ইরানের দাবি, নাতানজ স্থাপনায় হামলা হলেও এতে কোনো তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিয়েশন লিকেজ ঘটেনি।