পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাপ্তি আনতে ব্যর্থ হওয়ার পর ইরানে আবারও বিমান হামলা শুরু করার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেনামি মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা স্থায়ীভাবে সংঘাতের সমাধান করতে ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়ে ভাবা হচ্ছে। বেনামি মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য বিমান হামলার পাশাপাশি আরও কিছু কৌশলও বিবেচনায় রয়েছে।
এসব পদক্ষেপের মধ্যে অন্যতম হলো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ। যা তিনি রোববারই ঘোষণা করেছেন। প্রতিবেদনটির বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, “সব বিকল্পই খোলা আছে।”
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের চাঁদাবাজি বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি বিচক্ষণতার সঙ্গে অন্য সব বিকল্প বিবেচনায় রেখেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে কিছু বলে থাকেন, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।