অবরুদ্ধ হরমুজ প্রণালীর ওপর দিয়ে ওড়ার সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

তবে এটিতে থাকা দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার ভোরের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে সাংবাদিকদের বলেন, “পাইলটরা ভালো আছেন এবং এ ঘটনায় কেউ আহত হননি।”

ট্রাম্প আরও বলেন, “আমরা বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি। তবে পাইলটরা ভালো আছেন, হ্যাঁ।”

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হরমুজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো অ্যাপাচি হেলিকপ্টার হারানোর ঘটনা।

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন বাহিনী সেখানে নজরদারি বাড়াতে এই অ্যাপাচি হেলিকপ্টার ছাড়াও অ্যাপাচি গানশিপ, ফাইটার জেট ও ড্রোন ব্যবহার করে আসছিল। ফলে এই দুর্ঘটনার পেছনে শত্রুভাবাপন্ন পক্ষের সংযোগ থাকার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।