অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক পান্থজন জাহাঙ্গীরের নতুন সামাজিক ও রাজনৈতিক গল্পগ্রন্থ ‘নাটক কম করো পিও’। বইটি প্রকাশ করেছে শব্দশিল্প, চট্টগ্রাম।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে প্রিয়বাঁশখালী পাঠকফোরাম। গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বাঁশখালীর নাপোড়া শেখেরখীল উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার নবীন-প্রবীণ লেখক, সাহিত্যপ্রেমী ও পাঠকবৃন্দ। আলোচনায় প্রিয় বাঁশখালীর সম্পাদক রম্যলেখক কাজী শাহরিয়ার বলেন, সাহিত্য কেবল বিনোদনের অনুষঙ্গ নয়; তা সময়ের সাক্ষ্য, ইতিহাসের নীরব দলিল এবং মানুষের যন্ত্রণার ভাষ্য। বিশেষত ছোটগল্পÑ তার সীমিত পরিসরের মধ্যেই বহন করে বৃহৎ সময়, জটিল রাজনীতি ও তীব্র মানবিক অভিঘাত। গল্পকার পান্থজন জাহাঙ্গীরের গল্পগ্রন্থ ‘নাটক কম করো পিও’ সেই অর্থে সমকালীন বাস্তবতার এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক দলিল। গল্পকার ও প্রাবন্ধিক ইলিয়াস বাবর বলেন, কান্ডজ্ঞান আর সময় সচেতনতা ছাড়া শিল্প-সাহিত্যের পাটাতন শক্ত হয় না। পরিচয় তৈরি ও ক্রমাগত নিজেকে ভাংচুরের সম্মোহনে পান্থজন জাহাঙ্গীর সদা সক্রিয়। তার গল্পচর্চার ইতিহাস মূলত সময়কে মূল্যায়িত করার ইতিহাস— যেখানে বড় বৈশিষ্ট্য তার মাটিলগ্নতা। প্রকাশিত গ্রন্থগুলো তার এই সাফল্যের পক্ষে কথা বলে, সংহতি প্রকাশ করে। বিশিষ্ট ছড়াকার হোসাইন মোস্তফা বলেন, সমকালের ঘটনাপ্রবাহ মহাকালের বুকে সাহিত্যে সফলভাবে প্রোথিত করার নিবিষ্ট অধিকার আমরা আগেও দেখেছি তার সাহিত্যে। এজন্য বিশেষ কুর্নিশ পান্থজন জাহাঙ্গীরকে দিতেই হয়। কন্ঠশিল্পী শিহাব উদ্দিন বলেন, ’নাটক কম করো পিও’ শিরোনাম দিয়েই পান্থজন জাহাঙ্গীর সম্প্রতির দেশজতাকে এমনভাবেই একটানে হাজির করেন তা তুলনারহিত। সাহিত্যিক হিসেবে তার এ দায় ও দরদকে সমীহের চোখে দেখতে হয়।’
অনুষ্ঠানে বক্তারা বইটির বিষয়বস্তু ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বর্তমান সমাজ ও রাজনীতির বাস্তব চিত্র তুলে ধরতে লেখক সাহসী ও সচেতন ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠান শেষে পাঠকরা আগ্রহের সঙ্গে বইটি সংগ্রহ করেন।
বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত। মোট ৬৪ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।