রংপুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদ’-এর আয়োজনে শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সভাপতি ও কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রংপুরের গঙ্গাচড়া উপজেলা হলরুমে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে হলে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নৈতিকতার চর্চা ও কোরআন–হাদিসের শিক্ষাকে ধারণ করতে হবে। তিনি বলেন, সংস্কৃতির জগৎ মানুষের চিন্তা, মূল্যবোধ ও জীবনাচরণকে প্রভাবিত করে। তাই এই অঙ্গনে যারা কাজ করেন, তাদের দায়িত্বও অনেক বেশি। অসুস্থ ও বিকৃত সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

হামিদুর রহমান বলেন, শিল্পীরা সমাজে মানুষের চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করার শক্তি রাখেন। তাই শুধু গান বা বক্তব্যে নয়, ব্যক্তিগত জীবনেও নৈতিকতা ও আদর্শকে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, কোরআন ও হাদিসের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে সংস্কৃতি চর্চা করলে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অসুস্থ সংস্কৃতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মারুফ বিল্লাহ, গঙ্গাচড়া পূর্ব থানা ছাত্রশিবিরের সভাপতি সাহেব আলী, কল্লোল শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক হাবিব উল্লাহ ও কম্পন সাহিত্য সংস্কৃতি সংসদের উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

এ সময় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।