সীমান্ত আকরাম

বিশ্বের ইতিহাসে বলকান অঞ্চলের গুরুত্ব অপরিসীম। বলকান অঞ্চল বলতে দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চলকে বোঝায়। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে। ঐতিহাসিকভাবে বলকান ছিল উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশটি। উল্লেখিত দেশগুলোকে বলকান অঞ্চলের অন্তর্গত বলে মনে করা হয়। যেমন : আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, গ্রিস, মেসিডোনিয়া, সার্বিয়া, কসোভো, রোমানিয়া ও স্লোভেনিয়া।

এ গ্রন্থের লেখক সুমন মাহমুদ একজন ভ্রমণপ্রিয় মানুষ। ইউরোপের জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইতালি, আয়ারল্যাণ্ড, আলবেনিয়া, কসোভো, মেসেডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনাসহ আরব জাহানের সৌদিআরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, শ্রীলঙ্কা ও সর্বশেষ মরোক্কো-বাহরাইন ভ্রমণ সম্পন্ন করেন। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ সান-মারিনো এবং ভ্যাটিকানও একাধিকবার ভ্রমন করেন। ভ্রমণকে উপজীব্য করে তাঁর লেখা প্রথম বই ‘বলকানে মুসলিম ঐহিহ্যে আবিস্কার’।

বলকানের ইতিহাস-ঐতিহ্য নিয়ে বাংলা সাহিত্যে নেহাতই কম গ্রন্থ রয়েছে। লেখক, গবেষেক ও ভ্রমণপ্রিয় মানুষ সুমন মাহমুদ রচিত ‘বলকানে মুসলিম ঐতিহ্যের আবিস্কার’ গ্রন্থটি যদি ভ্রমণ বিষয়ক গ্রন্থ হলেও এর পরতে পরতে ইতিহাসের নির্যাস বিদ্যমান। পাঠক মাত্রই এই গ্রন্থ থেকে ইতিহাস ও ঐতিহ্যের রসদ খুঁজে পাবেন। এ গ্রন্থে লেখক বলকান অঞ্চলের আলবেনিয়া, কসোভো ও মেসেডোনিয়ার ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক দিক থেকে আকর্ষণীয় এমন প্রায় পঞ্চাশটি স্থানে ভ্রমণ করে এসব অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অবলোকন ও পর্যবেক্ষন করে মুসলিম ঐতিহ্যের নানান বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। গ্রন্থটিকে তিনটি অধ্যায়ে বিভক্ত করে সাজানো হয়েছে।

প্রথম অধ্যায়ে আলবেনিয়া, দ্বিতীয় অধ্যায়ে কসোভো এবং তৃতীয় অধ্যায়ে মেসেডোনিয়া অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য এবং হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্যের আবিষ্কার করার চেষ্টা করেছেন।

বলকান অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য নিয়ে বাংলা ভাষাভাষী মানুষদের আগ্রহের কমতি নেই। সেই সাথে ইলারিয়ান, রোমান, বাইজানটাইন, অটোমান, মার্শাল টিটোর কমিউনিস্ট শাসন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বলকান যুদ্ধ ও পরবর্তী দৃশ্যপটগুলোও কম গুরুত্বপূর্ণ নয়। বসনিয়া-হারজেগোভিনিয়ার নির্মম সংঘাত ও হত্যাকাণ্ড এবং কসোভোর স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন সংবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ এ অঞ্চল নিয়ে কিছুটা হলেও কৌতূহলী। আর সেসব অজানা বিষয়গুলো নিয়েই লেখকের এই ক্ষুদ্র প্রয়াস ‘বলকানে মুসলিম ঐতিহ্যের আবিস্কার’।

লেখকের সন্ধানী ও কৌতুহলী চোখে তিনি বলকানের মাটি হতে তুলে এনেছেন এককালের বুলগার, স্লাভ ও ক্রোট জনগোষ্ঠীর সাথে তুর্কি মুসলমানদের মাধ্যমে প্রাপ্ত ইসলামী দর্শনের ছাঁয়ায় আত্মপ্রকাশ করা ‘বসনীয় মুসলমান’ নামক রক্তে মাংশে একটি নতুন ইউরোপীয় জনগোষ্ঠী; ইউরোপীয় মুসলমান। বাংলাভাষী জনগোষ্ঠীর সামনে এই ভুখন্ড ও তার জনগোষ্ঠী, উম্মাহর এই অংশের ইতিহাস, ঐতিহ্য, তাদের সুখ-দু:খ আর জীবনাচারের আলেখ্য তুলে আনার দরকার। লেখক কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করার চেষ্টা করেছেন।

গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি:। মো: মাসুদুর রহমানের করা প্রচ্ছদে ২২৪ পৃষ্ঠার গ্রন্থটির মলাট মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।

আশা করি, বইটি বলকান অঞ্চলের মুসলিম ইতিহাস-ঐতিহ্য জানার পাশাপাশি পাঠকমহল ব্যাপকভাবে সমাদৃত ও উপকৃত হবে।