ভাষার গান
ফররুখ আহমদ
ডালে ডালে পাখির বাসা;
মিষ্টি মধুর পাখির ভাষা,
সাত সাগরে নদীর বাসা
কুলু কুলু নদীর ভাষা।
হাজার সুরে, হাজার ভাষায় এই দুনিয়া ঘেরা;
আর-মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।।
এই ভাষাতে শিশু দোলে
ছড়ার সুরে মায়ের কোলে,
এই ভাষারি কলরোলে
কিস্সা কথা দুয়ার খোলে,
ব্যাঙ্গমী আর ব্যাঙ্গমারা করে চলাফেরা;
ও ভাই- মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।।
খোকা খুকু এই ভাষাতে
লেখন লেখে পাঠশালাতে।
জ্ঞানী গুণী এই ভাষাতে
লেখন লেখেন দিনে রাতে,
ভাবের মাণিক রতন দিয়ে ভরান ভাষার ডেরা;
ও ভাই -মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।।