অসীম বেদনার ভার

হাসান আলীম

অসীম বেদনার ভার তুমি দিয়েছো আমারে

আমার হৃদয়ের ভিতরে,

ঘরে বাইরে আমি অবাক শূন্যতার একাকী নির্জনতার অব্যক্ত কথার প্রহারে

নীল কমলের সৌরভে জর্জরিত,

অসম্ভব বেদনার নির্বাক বিমূঢ় বিমূর্ত বৈভবে আমি আজ একক জ্যোতিষ্ক!

ঐক্যবদ্ধ বাংলাদেশ

জানে আলম

যূথবদ্ধ কোরাসের মতো আকাশের সকল নক্ষত্র একযোগে বলে উঠলো মারহাবা।

মহাসাগরের সকল ঢেউ একযোগে বলে উঠলো মারহাবা।

আমি ইথারে কান পাতলাম।

নবজাতকের ডান কানে আজান ও বাম কানে ইকামত দেওয়ার মতো

কারা যেন আমার কানের কাছে বলছে -আল্লাহু আকবার। আল্লাহু আকবার।

আমার শরীরের প্রতিটি পশম আমাকে প্রণোদিত করে তুলছে প্রত্যুষের পাখির মতো জড়তা দূর করে প্রসন্ন প্রত্যাশায়

গীতিমুখর হতে।

ঐক্যবদ্ধ বাংলাদেশ আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তাল সাগরের ঢেউ।

ঐক্যবদ্ধ বাংলাদেশ আজ নামাজের প্রথম কাতারে দাঁড়ানোর মতো সত্য প্রেমে নিবেদিত।

ঐক্যবদ্ধ বাংলাদেশ আজ অসত্যের বিরুদ্ধে বীর ঈশা খাঁ।

আমাদের রক্তনদী বইতে দেখে যারা উপহাস করেছিলো

তারা আজ হিংসার আগুনে অঙ্গার হচ্ছে ক্রমশ।

আমাদের উত্থান

মিথ্যাকে বিদূরিত করে

সত্য প্রেমে সয়লাব করে দিতে।

আমাদের উত্থান

প্রাচীন বটবৃক্ষের মতো সৌহার্দ্যের ছায়া বিস্তার করতে।

আমাদের উত্থান

প্রতারণার জাল ছিন্ন করে ইনসাফের অবতারণা করাতে।

আমরা হিমালয়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছি।

আমাদের ধাক্কা দিতে এসে

সকল বৈরী মেঘমালা বৃষ্টি হয়ে ঝরে যাবে।