আত্মায় আজানের ধ্বনি

মোল্লা আলী আছগার

রোজা মানে কেবল ক্ষুধার কাছে নত হওয়া নয়

এ যেন নিজের ভেতরের অশান্ত জন্তুকে

ধীরে ধীরে মানুষ বানানোর সাধনা ।

পেট খালি থাকে,

হৃদয় ভরে ওঠে অদৃশ্য আলোয়।

জিভ শুকোয়

কিন্তু ভাষা নরম ও সংযত হয়।

রাগ এসে দরোজায় কড়া নাড়ে

ভেতরে ঢুকতে পারে না ।

দুপুরের রোদে যখন সময় থমকে দাঁড়ায়

তখন একফোঁটা পানির মূল্য বোঝা যায় ,

তারও কিছু পরে মনে হয়

দু’ টুকরো খেজুর যেন কেনা যায় পৃথিবীর দামে ।

রোজা এলে অন্তরটাই মসজিদ হয়ে যায়

ক্ষুধা তখন দেহে নয়

আত্মায় আজানের ধ্বনি শোনায় ।

ইফতারের আগে যে নিরবতা নামে

সেটাই ভেতরের আসল দরোজা খোলে,

এভাবেই জ্ঞাতসারে

হৃদয়ে বদ্ধমূল হয় তাক্বওয়া ।

কেবল চোখ আঁকি

মান্নান নূর

আঁকছি এমন একটা সময়, এমন একটা দিন,

এমন একটা ভোর কিংবা এমন একটা বিকেল,

আঁকছি এমন একটা সন্ধ্যা, যেখানে রাত গভীরের ভয়।

বিকেল আঁকতে গিয়ে দেখি, সকাল গলে গলে পড়ছে।

দুপুর আঁকতে গিয়ে দেখি, দিনের চেয়ে রাত ভালো।

রাতের গভীরে যেই রংতুলি হাতে দাঁড়াই, দেখি-

তক্ষক দলে দলে ফণা তুলছে, নীল চোখ।

কখন আঁকব, কোথায় আঁকব, কীভাবে আঁকব,

আমাদের প্রাণখোলা উদাম আকাশ?

আকাশ আঁকতে গেলে কালো হয়ে যায়,

বিশ্বাসের স্বচ্ছ নীল ছুঁয়ে দিবে জানি সাগরের পানি

তবুও পাখিদের পাড়ায় হাহাকার ওঠে।

শালুকেরা মুমূর্ষু হৃদয় নিয়ে চেয়ে আছে-বিলের শোভা নেই,

মাটিতে হৃদয় পেতে মাটি আঁকি, দেখি মাটির মমতা নগরমূখী।

এখন শুধু চোখ আঁকি-

যে চোখ কেবল চেয়ে থাকে, চেয়ে থাকে...

জন্মভূমি প্রিয় বাংলাদেশ

আলাউদ্দিন আজাদ

স্বার্থপরই যদি হতাম কখনো

হৃদয়ে বিষাদের উত্তাল তরঙ্গ বয়ে নিয়েও

তোমাকে এক মুহূর্তের জন্যও ভালোবাসতাম না।

ভালোবাসি বলেই কষ্ট, যন্ত্রণা আর বেদনাকে

বন্ধু ভেবে ঠাঁই দিয়েছি অন্তরের গভীর কোটরে।

তোমাকে ভালোবাসতে ভালোবাসতেই

ধূসর হয়ে উঠেছে জীবনের চারদিক,

তবু নেই কোনো আক্ষেপ, নেই ক্লান্তির ভার!

অন্তরে আজও জেগে আছে প্রেম, প্রীতি আর পুলক।

স্বার্থপর নই বলেই ছেড়ে যাইনি

নিভৃতেই ভালোবেসেছি, এখনো ভালোবাসি

জন্মভূমি, প্রিয় বাংলাদেশ।

নামহীন খুচরো পয়সা

ফারহানা খান

খুচরো পয়সার মতো চকচকে আর

সামান্য মূল্যের এই জীবন,

হাতে ঘুরে ঘুরে ক্ষয়ে যায় ধীরে,

থাকে না কোনো স্থায়ী চিহ্ন।

হাওয়ায় মিঠাইয়ের মতো

মুহূর্তে মিশে যায় স্বাদ,

জিভে লাগে, মনে লাগে-

তারপর শূন্যতারই উবাদ।

মেলায় কেনা রঙিন বাঁশি,

দু’দিন বাজে, সুর থামে,

অতিরিক্ত যত আদর দেই,

তত তাড়াতাড়ি ভাঙে।

আমরা তবু মূল্য খুঁজি

চকচকে ক্ষণিক আলোয়,

অমরত্বের স্বপ্ন বুনি

ভাঙা আয়নার কালোয়।

যদি কিছু সত্য থাকে-

স্পর্শ, দয়া, অল্প প্রেম;

বাঁকিটুকু হাটের ভিড়ে

হারানো খুচরো নামহীন।