খুকির পুষি
আনোয়ার আল ফারুক
খুকির পুষি নামটা তুষি
আদুরে এক বিড়াল,
সব কিছুতে মুখ লাগাবে
টক মিষ্টি কি ঝাল!
দুধ যে তুষির ভীষণ প্রিয়
প্রিয় চিকেন কারি,
হালকা পাতলায় তুষ্ট পুষি
খায় না আবার ভারি।
খুকির তুষি খুব যে চালাক
বুঝে অনেক কিছু,
লেজটা তুলে সারাটি দিন
ঘুরবে পিছু পিছু।
খুকির পড়ার টেবিল কোণে
চুপটি মেরে বসে,
সাবধানি চোখ খুকির সাথে
অঙ্ক যেনো কষে।
রাতের বেলায় ঘুমায় তুষি
বন্ধু খুকির খাটে,
খুকি তুষির ভাব জমে তাই
মধুর সময় কাটে।
খেতে বসে
নূরুল ইসলাম মনি
খেতে বসে
টেংরা এবং পুঁটিতে
মাছের কাঁটা
বিঁধলো সেদিন টুঁটিতে।
সেই কারণে
আছি এখন ছুটিতে
মগ্ন আছি
গান, কবিতা দুটিতে।
খাদ্যখানা
চলছে ডাল ও রুটিতে
মাংস ও মাছ
হচ্ছে না তাই কুটিতে।
নিষেধ আমার
বাইরে ছোটাছুটিতে
এইভাবে দিন
কাটছে মোটামুটিতে।
বইমেলা
সারমিন চৌধুরী
বইমেলাতে যেতে খুকি
মুখ করেছে ভার,
নাওয়া-খাওয়া বন্ধ করে
শুনে কথা কার।
বাবা এসে আদর করে
নেয় যে কোলে টেনে,
বইমেলাতে যাবে বলে
সকালবেলা ট্রেনে।
বাবার কথা শুনে খুকির
হাসি ফোটে মুখে,
সারাটাদিন বইমেলাতে
ঘুরে মনের সুখে।
ঘুড়ির মেলা
বিধান চন্দ্র দেবনাথ
ঘুড়ি উড়ে আকাশেতে
রঙ বেরঙের ঘুড়ি,
ছোট্ট খুকি ঘুড়ি উড়ায়
হাতে পড়ে চুড়ি।
রঙ বেরঙের চুড়ি হাতে
রুনুঝুনাঝুন বাজে,
ঘুড়ির উড়ার মেলা বসছে
কেউ যাবে না কাজে।
মনের সুখে উড়ছে ঘুড়ি
নীল আকাশের পানে,
খুকিরা সব মনের সুখে
নাচছে গানে গানে।
প্রতি বছর ঘুড়ি উড়ার
মেলা বসে মাঠে,
খোকা-খুকি ঘরে ফিরে
সূর্য গেলে পাটে।
চিরচেনা গ্রাম
মাসুম মোরশেদ
নীড়ে যখন ফিরে পাখি
কৃষক ফিরে বাড়ি
ভোর বিহানে কিচির মিচির
মনটা নেবে কাড়ি।
দুপুরবেলা সূর্য খাড়া
গনগনে তাপ ছড়ে
একটু করে পড়ে বেলা
রাখাল ফেরে ঘরে।
রাত্রিবেলা চন্দ্র ওঠে
ছড়ায় কত আলো
ঝিঁঝিঁ ডাকে জোনাক জ্বলে
রাত্রি তখন ভালো।
হরিণরাণী
রাকিবুল ইসলাম রাহান
হরিণরাণী ছুটে চলে
ছায়া ছুঁয়ে হায়,
নরম পায়ে জঙ্গলে সে
স্বপ্ন বোনে যায়।
ডাগর চোখে জ্যোৎস্না জ্বলে
রৌদ্র মাখা ঘাসে,
বুনো ফুলের গন্ধ মিশে
হাওয়ায় খেলে ভাসে।
ফোঁটা ফোঁটা সাদা মুক্তা
চাঁদের মতো রং,
দুলে ওঠে ঝোপের ধারে,
চঞ্চল তার ঢং।
পাখি ডাকে সুরের মালায়
পাতায় বাজে বীণ,
রুপোর মতো ঝলমলে সেই
বনের রাণী হরিণ।
খুকুমণি
হাফিজ বিন শফিক
সকাল বেলা পাখির ডাকে
ভাঙে খুকুর ঘুম
ক্ষণিক পরেই মিষ্টি রোদে
লাগে পড়ার ধুম।
হাতের লেখা লেখে খুকু
খুব মনোযোগ দিয়ে,
এসব লেখা দেখানো হবে
বিদ্যালয়ে গিয়ে।
নতুন বছর নতুন ক্লাসে
নতুন নতুন পড়া,
তালে তালে পড়বে খুকু
নতুন নতুন ছড়া।
পড়বে খুকু ভালো করেই
করলো এবার পণ,
এসব শুনে খুকুর মায়ের
ভরে গেলো মন।