ঈদ এলো
শাহীন খান
ঈদ এলোরে বেতস বনে আলতা রাঙ্গা পায়
মনপাখিরা উড়ে বেড়ায় মধুর গীতি গায়।
দুলতে থাকে হাওর দিঘি খাল ও লতাপাতা
দুলতে থাকে প্রিয় কবির কলম এবং খাতা।
হৃদ মহুয়ার দেশে নাচে ফুলপরীদের দল
নদী সাগর নেচে ওঠে দারুণ ছলাৎছল।
আকাশ পাড়ে ভাসতে থাকে সুখ ঝলমল দ্যুতি
একটুকরো ঐ চাঁদমামাটা জানায় অনুভূতি।
ঈদ এলোরে ঈদ এলো মেঘরা বলে কথা
বৃষ্টি হঠাৎ দেয় ভেঙে দেয় গুমোট নীরবতা
চারটা দিকে বয়ে চলে ঈদ নামক এক বাও
গল্প গানে মাতোয়ারা স্বর্ণমাখা গাঁও।
ময়ূরপঙ্খি দোদুল দোলে হাসে শিশু মায়
ঘুঘুছানা মেলে ডানা ঘাসের আঙ্গিনায়।
ঈদ এলোরে ঈদ এলোরে কেবল জনশ্রুতি
লাল জামাটা গায়ে দিয়ে ঘুরতে থাকে “যুথি”।
কুরবানি
আশরাফ মাহতাব
কুরবানি দাও খোদার নামে
কী আসে যায় পশুর দামে?
পশুর দামটি দেখবে নাকো খোদা।
দেখবে তোমার তাকওয়ার কী মান
দেখবে তোমার কেমনতর ইমান
বুক-পেয়ালায় কেমনতর সুধা।
হোক কুরবানি হাজার টাকায়
যদি হয় তা রবের রাস্তায়
রবের কাছে কবুল হবে তা।
মনটা যদি অহমে ঢাকা
খরচ করলেও কোটি টাকা
সে কুরবানি কবুল হবে না।
কুরবানি
সাদত হোসাইন
বছর ঘুরে আসলো ফিরে
কুরবানিরই ঈদ
পশু জবাই বরতে হবে
আসমানি তাগিদ।
বারে বারে স্বপ্ন দেখেন
নবী ইব্রাহীম
জবাই করো এমন বস্তু
প্রিয় যা অসীম।
স্বপ্নের কথা জানলো যখন
শিশু ইসমাঈল
সাড়া দিলো খুশি হয়ে
শান্ত রেখে দিল।
প্রভুর নামে জবেহ হওয়া
পরম সুখের কথা
ধৈর্যের সাথে থাকবো আমি
হবে না ভুল তথা।
সন্তানের এ সুমতিতে
খুশি হলেন নবী
প্রভুর হুকুম করতে পালন
করতে পারি সবি।
রশি দিয়ে ইসমাঈলকে
বেঁধে নিলেন কষে
এবার তাকে করবো জবাই
থাকবো না আর বসে।
নিজের চোখও বেঁধে নিয়ে
টুকরো কাপড় দিয়ে
ছেলের গলায় দিলেন ছুরি
প্রভুর কালাম নিয়ে।
দু’চোখ খুলে বিস্ময়ে যে
হলেন হতবাক
কী ঘটনা ঘটিয়ে দিলেন
মহান আল্লাহপাক।
ইসমাঈল নয় দুম্বা যে এক
হয়েছে জবাই
কুরবানির এ ইতিহাস
জানি যে সবাই।
চাঁদের আলোয়
আব্দুস সালাম
জিলহজ মাসের চাঁদের আলোয়
বিশ্ব যখন ভাসে
ত্যাগ তাকওয়ার বাণী নিয়ে
কোরবানির ঈদ আসে।
পাপের বোঝা মাথায় নিয়ে
সকল হাজী হাঁটে
বলতে থাকে “হাজির প্রভু”
আরাফাতের মাঠে।
থাকলে মনে খোদাভীতি
চিত্ত পরিশুদ্ধ
আল্লাহকে পাওয়ার পথটি
করবে কে আর রুদ্ধ?
করলে স্মরণ সকল সময়
ইব্রাহীমের স্মৃতি
ত্যাগ মহিমায় শান্তিসহ
থাকবে বজায় প্রীতি।
মনোরম ঈদ
সোহানুজ্জামান মেহরান
ঈদ খুশি ঈদ হাসি ঈদ মনোরম,
সুখ সুখ অনুভূতি শান্তিও পরম।
বৈরিতা ভুলে আজ তৈরি সকল,
ভালবাসা দিয়ে করে হৃদয় দখল।
আনন্দ উৎসবে দুঃখ পালায়,
গোশত, মিঠাই থাকে সবার থালায়।
সাম্যের বার্তায় সুরভিত মন,
হিংসার দাবানল করে যে গমন।
ঈদ যেন পাকা ফল রসালো ভীষণ,
খুশির রসদ নিয়ে আসে সে ফি সন।
ঈদ যেন প্রজাপতি; রঙিন পাখায়,
মনের বাগান জুড়ে স্বপন মাখায়।
মনের পশু
ফরিদ সাইদ
ঈদ এসেছে ঈদ চলে যায়
মান বাড়ে কী মনের
পরের খবর নেই বা না নেই
খোঁজ নেই আপনজনের!
বন্ধু স্বজন প্রতিবেশীর
একটু খবর নিলে
মহান মাবুদ মায়া করে
রহম দিবেন দিলে।
লোভ লালসা হিংসা বিভেদ
রাখবো না আর মনে
ভালোবাসার ফুল ফোটাবো
প্রতি জনে-জনে।
মনের পশু জবাই করি
সরল জীবন সাজাই
দো-জাহানে সফলতায়
থাকবো সুখে তাজাই!
ঈদ
আয়াজ আহমদ বাঙালি
চাঁদরাতে আজ উঠল হাসি ঈদ এসেছে ভাই,
দুঃখ ব্যথা বিদায় দিয়ে আনন্দে গান গাই।
নতুন জামা পরে শিশু চলে পাশের ঘর,
ঈদের খুশি ঝরে পড়ে নেইরে কেহ পর।
ভালোবাসার ফুল ফুটিয়ে সাজাই নয়া সাজ,
মসজিদেতে নামায পড়ে সবাই মিলে আজ।
মায়ের-হাতে তৈরি করা সেমাই কতো স্বাদ,
ঈদ যেন রে সুখের নহর পূর্ণিমারই চাঁদ।