এই পথে
রিতা ফারিয়া রিচি
এই পথে আলো আছে
রকমারি ফুল,
এই পথে পেয়ে যাবে
সবুজাভ কূল।
এই পথে শোনা যাবে
সুমধুর ডাক,
এই পথ জুড়ে আছে
পাখিদের ঝাঁক।
এই পথে কাঁটা-লতা
নেই কোন ভয়,
এই পথ পেরোলেই
পেয়ে যাবে জয়।
এই পথে ডাকাতের
নেই উৎপাত,
এই পথে মেলে আছে
মায়াভরা হাত।
এই পথে হাঁটলেই
আলোকিত ঘর,
এই পথে থমথমে
নেই বালুচর।
শীতের উপমা
আর. কে. শাব্বীর আহমদ
শীত এলো
শিশিরভেজা পায়ে
শীত এলো
শহর-নগর-গাঁয়ে।
শীত এলো
ভোর-বিকেলে
মিষ্টি রোদের কোলে
শীত এলো
রসের হাঁড়ি
গাছির কোমর দুলে।
শীত সকালে
মায়ের হাতের
পিঠে-পায়েস-পুলি
ধোঁয়ায় ওড়া মধুর স্বাদে
প্রাণের দুয়ার খুলি।
শীতের রাতে
ঘুম পাড়ি দেই
নকশীকাঁথা মুড়ে
দাদি-নানির রূপকথা সব
জাগে হৃদয় জুড়ে।
নিঃস্বজনের
শীত নিবারণ-তরে
গরম কাপড় বিলিয়ে দেবো
মনটি উজাড় করে
নববর্ষ
ইলিয়াছ হোসেন
নববর্ষ নতুন রূপে
আসে বাংলার ঘরে,
দুঃসহ শীতে মিঠা রোদ
দেহ সতেজ করে।
পুরাতন গ্লানি ভুলে যাই
নতুন স্বপ্ন দেখে,
বর্ষবরণ করি আমরা
হাতে হাত রেখে।
সমস্বরে গাই সকলে
সমতার জয়গান,
হানাহানি বিভেদ ভুলে
হয়ে যাই এক প্রাণ।
শীতের ছবি
আশা মনি
আজান হলো, ডাকলো সাথে
ভোরের দোয়েল পাখি,
খোকা খুকির ঘুম ভাঙে না?
খোলো এবার আঁখি।
ঐ দেখো না চালতা পাতা
ভিজছে শিশির পড়ে,
শীতের পিঠার ঘ্রাণে ভরা
গাঁও গেরামের ঘরে।
উঠছে কানাই হাঁড়ি নিয়ে
রসের খেজুর গাছে,
সরিষা ফুলে প্রজাপতি
নতুন গানে নাচে।
ওঠ’না খোকা ওঠ’না খুকি
দেখবি শীতের ছবি,
লেখবি ছড়া, ছন্দ দিয়ে
হবি সেরা কবি।