সুস্থ-সুন্দর সমাজব্যবস্থা তৈরিতে শিল্প সাহিত্য সংস্কৃতির নান্দনিক বিকাশ অপরিহার্য। এই বিকাশমান কর্মকাণ্ডে মৌলিক ভূমিকা পালন করেন কবিসাহিত্যিকগণ। তাঁরা সুস্থধারার জীবনবোধে উজ্জীবিত হলেই কেবল মানবিক শিল্পকলার বিকাশ সহজতর হয়ে উঠবে। কবিতা বাংলাদেশ সেই কাজটি সুচারুভাবে সম্পাদন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কবিতা- জুলাই বিপ্লব সংখ্যা সেই ধারাবাহিকতারই ফলশ্রুতি। কবিতা বাংলাদেশ আয়োজিত কবিতা- জুলাই বিপ্লব বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন এবং কবি-সাহিত্যিকগণের সম্মানে ইফতার মাহফিলে বক্তাগণ এ সব কথা বলেন। গত শনিবার ঢাকাস্থ মতিঝিল কিচেন ইয়ার্ডে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতি ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদীন আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুর।
গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবিতা বাংলাদেশ এর সহ-সভাপতি যথাক্রমে কবি মোশাররফ হোসেন খান, কবি আশরাফ আল-দীন, কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কবি নাসির হেলাল, কবি জাকির আবু জাফর। আরো বক্তব্য রাখেন চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহিম মন্ডল, কবি হারুন ইবনে শাহাদাত, বাচিকশিল্পী শরিফ বায়েজিদ মাহমুদ,কবি মুর্শিদ-উল আলম, গীতিকবি সাইফুল আরেফিন লেনিন, কবি নির্ঝর আহমেদ প্লাবন, ডক্টর ইমদাদুল হক হেলালী, কবি সীমান্ত আকরাম প্রমুখ।
কবি নাঈম আল ইসলাম মাহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবিতা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। অনুষ্ঠানে শিল্প তাওহীদুল ইসলাম, অহিদ সালিম এবং মনিরুল ইসলামের তিলাওয়াত ও গান অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়।