ভূমিকা : ইসলাম কেবল কিছু প্রথাগত আচার-সর্বস্ব ধর্মীয় আনুষ্ঠানিকতার নাম নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন এবং বৈশ্বিক সমাজ কাঠামোর আমূল পরিবর্তনের চিরন্তন ইশতেহার। সমকালীন পুঁজিবাদী, ব্যক্তিকেন্দ্রিক ও চরম ভোগবাদী বিশ্বব্যবস্থায় ধর্মীয় বিধানগুলোকে প্রায়শই কেবল ‘ব্যক্তিগত আধ্যাত্মিকতা’ বা ‘নির্জীব আচার’-এর ফ্রেমে বন্দি করার একটি বুদ্ধিবৃত্তিক অপচেষ্টা লক্ষ্য করা যায়। কিন্তু ইসলামি শরিয়তের দুটি অন্যতম প্রধান স্তম্ভ ও অনুষঙ্গ-হজ¦ ও কুরবানি-কেবল নির্ধারিত কিছু শারীরিক ও আর্থিক রীতির সমষ্টি নয়; বরং এটি মুসলিম উম্মাহর সামষ্টিক পুনর্জাগরণ, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ঐক্য এবং নৈতিক বিপ্লবের এক অনন্য বার্ষিক পাঠশালা। এটি “আল্লাহর দেখানো শিক্ষালয়”, যা মুসলিম উম্মাহকে পুনর্জীবিত করা এবং তার শক্তির নবজাগরণ ঘটানোর এক মহান মাধ্যম।
বর্তমান বিশ্ব যখন উগ্র জাতীয়তাবাদ, বর্ণবাদ, সাম্রাজ্যবাদ বা নব্য-উপনিবেশবাদ এবং করপোরেট পুঁজিবাদের জাঁতাকলে পিষ্ট, যখন উম্মাহর বিভিন্ন অংশ ভূ-রাজনৈতিক ও কৌশলগত অধঃপতনের মুখোমুখি, তখন জিলহজ¦ মাসের এই বিশেষ বিধানগুলো মূলত উম্মাহর হারানো গৌরব ও আত্মপরিচয় পুনরুদ্ধারের একটি আন্তর্জাতিক ঘোষণাপত্র হিসেবে আবির্ভূত হয়। এটি কেবল পরকালীন নাজাতের একমাত্র উসিলা নয়, বরং ইহকালীন মুক্তি, সামাজিক ইনসাফ, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা ও রাজনৈতিক সংহতির এক শক্তিশালী অনুঘটক। এই ইবাদতদ্বয়ের অন্তর্নিহিত দর্শনকে সমকালীন বিশ্বরাজনীতি ও সমাজতত্ত্বের আলোকে নতুন করে বুঝা আজ সময়ের সবচেয়ে বড় দাবি।
প্রথমত: হজ¦-উম্মাহর ঐক্য ও বৈশ্বিক শক্তির প্রতীক : আধুনিক রাষ্ট্রব্যবস্থা যেখানে ‘ন্যাশন-স্টেট’ বা কৃত্রিম ভূ-রাজনৈতিক সীমানা, কাঁটাতারের বেড়া এবং পাসপোর্টের বেড়াজালে মানবজাতিকে টুকরো টুকরো করে বিভক্ত করে রেখেছে, সেখানে হজ¦ এক অখণ্ড বিশ্বজনীন ভ্রাতৃত্বেও জানান দেয়। এটি পৃথিবীর বুক চিরে জেগে ওঠা একমাত্র মহাসমাবেশ যেখানে আধুনিক সভ্যতার তৈরি করা জাতিগত বৈষম্য, ভৌগোলিক সীমানা, ভাষা কিংবা শ্রেণিবৈষম্য সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়।
পরিচয় ও সংজ্ঞা : ‘হজ¦’ আরবী শব্দ। এর অভিধানিক অর্থ হলোÑসংকল্প করা, ইচ্ছা করা, দর্শন করা বা কোনো মহৎ স্থানের উদ্দেশ্যে যাত্রা করা। আর পারিভাষিক অর্থে ইসলামী শরিয়তের পরিভাষায়Ñনির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা গৃহ, আরাফাত ময়দান, মিনা, মুজদালিফা প্রভৃতি বিশেষ স্থানসমূহে অবস্থান এবং শরিয়ত নির্দেশিত নির্দিষ্ট কার্যাদি সম্পাদন করাকে হজ¦ বলে। মহান আল্লাহ সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের ওপর জীবনে একবার হজ¦ করা ফরজ করেছেন। পবিত্র কুরআনে এর বাধ্যবাধকতা দিয়ে বলা হয়েছে:
“আর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ¦ করা মানুষের ওপর ফরজ, যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে।” (সূরা আলে ইমরান, আয়াত: ৯৭)
উদ্দেশ্য ও কিবলার ঐক্য : হজে¦র সবচেয়ে বড় বৈপ্লবিক শিক্ষা হলো এটি মুসলিম উম্মাহর মাঝে এক পরম ও অবিভাজ্য ঐক্যের ভিত্তি গড়ে তোলে। পৃথিবীর নানা প্রান্ত থেকে, হাজারো ভৌগোলিক সীমানা পেরিয়ে মুসলমানরা মক্কায় একত্রিত হয়। তারা নিজেদের বর্ণ, ভাষা, রাজনৈতিক মতাদর্শ ও জাতিগত সংকীর্ণ পরিচয় থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে এক কিবলা (পবিত্র কাবা)-র দিকে মুখ করে দাঁড়ায়। এই একক কেন্দ্রিকতা কেবল একটি শারীরিক অবস্থান নয়, বরং এটি উম্মাহর মনস্তাত্ত্বিক ও আদর্শিক ঐক্যের সর্বোচ্চ বহিঃপ্রকাশ।
লাখো মানুষ যখন একই আহ্বানে সাড়া দিয়ে সমস্বরে একই তালবিয়াÑ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’Ñপাঠ করে, তখন পৃথিবীর সমস্ত কৃত্রিম বিভেদ ধূলিসাৎ হয়ে যায়। এই ঐক্য উম্মাহকে মনে করিয়ে দেয় যে, তাদের উৎস এক, তাদের যাত্রাপথ এক এবং তাদের চূড়ান্ত গন্তব্যও এক। সমকালীন ভূ-রাজনীতিতে যেখানে মুসলিম বিশ্বকে আঞ্চলিক ও গোত্রীয় দ্বন্দ্বে লিপ্ত রেখে দুর্বল করার নানামুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, সেখানে হজে¦র এই ‘এক কিবলা ও এক উদ্দেশ্য’-এর দর্শন মুসলমানদের এক অজেয় ও অবিচ্ছিন্ন প্রাচীরে পরিণত হওয়ার দীক্ষা দেয়। এটি উম্মাহর সামষ্টিক শক্তিকে এক বিন্দুতে এনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রেরণা জোগায়।
সমতা প্রতিষ্ঠা ও মনস্তাত্ত্বিক দাসত্ব থেকে মুক্তি : ইহরামের পোশাকে ধনী-গরিব, শাসক-শাসিত সবাই সমান হয়ে যায়। এখানে কোনো রাজকীয় পোশাক নেই, কোনো রাজমুকুট নেই। সবার পরনে একই শুভ্র ও সেলাইহীন কাপড়। এটি উম্মাহর বাহ্যিক ও অভ্যন্তরীণ বা মনস্তাত্ত্বিক দাসত্ব থেকে মুক্তির সর্বোচ্চ প্রকাশ। তাকওয়া ছাড়া কারও ওপর কারও কোনো শ্রেষ্ঠত্ব থাকে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অত্যন্ত জোরালোভাবে ইরশাদ করেছেন: “আর মানুষের মধ্যে হজে¦র ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে।” (সূরা হজ¦, আয়াত : ২৭)
এই আয়াতের সমাজতাত্ত্বিক গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায়, ‘দূর-দূরান্ত’ শব্দবন্ধটি কেবল ভৌগোলিক দূরত্বের কথা বলে না, বরং এটি বৈচিত্র্যের মাঝে ঐক্যের এক অভূতপূর্ব মিলনমেলার ইঙ্গিত দেয়। হজে¦র এই আন্তর্জাতিক মহাসম্মেলন প্রমাণ করে যে, মুসলিমরা বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, বরং তারা এক বিশ্বজনীন সুপার-ন্যাশন বা একক উম্মাহ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা:)-এর বিখ্যাত হাদিসটি সমকালীন সমাজতাত্ত্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক: “এক মুমিন অপর মুমিনের জন্য ইমারত স্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে।” (সহিহ বুখারি: ৪৮১; সহিহ মুসলিম : ২৫৮৫)
বিদায় হজে¦র ভাষণ আধুনিক মানবাধিকারের প্রথম বৈশ্বিক ইশতেহার : বর্তমান সভ্যতায় যখন বর্ণবাদবিরোধী নানা বিশ্বজনীন স্লোগান দিয়েও মানুষের চামড়ার রঙ ও জাতিগত শ্রেষ্ঠত্বের অহংকার দূর করা যাচ্ছে না, তখন হজে¦র শুভ্র বসন মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হিসেবে ‘তাকওয়া’ বা খোদাভীতিকে প্রতিষ্ঠিত করে। রাসূলুল্লাহ (সা:) আজ থেকে চৌদ্দশ বছর আগে বিদায় হজে¦র ঐতিহাসিক আরাফাতের ময়দানে যে বৈশ্বিক সাম্যের ঘোষণা দিয়েছিলেন, তা আধুনিক মানবাধিকারের তথাকথিত প্রবক্তাদের জন্য এক জীবন্ত ইশতেহার: “হে লোক সকল! শোনো, তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতা এক। শোনো, আরবীর উপর অনারবীর এবং অনারবীর উপর আরবীর, কৃষ্ণকায়ের উপর শ্বেতকায়ের এবং শ্বেতকায়ের উপর কৃষ্ণকায়ের কোন শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই। শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আছে তো কেবল ‘তাক্বওয়ার’ কারণেই।” (মুসনাদে আহমাদ: ২৩৪৮৯)
পারস্পরিক পরিচয় ও সহযোগিতা : হজ¦ হলো ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা, উম্মাহর বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা এবং দলগত চেতনা ও পারস্পরিক সম্প্রীতি পুনর্জাগরণের এক মহান সুযোগ। হজে¦র মাধ্যমে উম্মাহর বুদ্ধিজীবী ও নীতিনির্ধারকদের একটি বৈশ্বিক থিঙ্ক-ট্যাংক তৈরি করার সুযোগ থাকে, যার মাধ্যমে মুসলিম বিশ্বের সংকটগুলোর সম্মিলিত ও স্বাধীন রাজনৈতিক সমাধান খোঁজা সম্ভব।
দ্বিতীয়ত: কুরবানি-ত্যাগ, আনুগত্য ও সমাজ সংস্কারের হাতিয়ার : কুরবানি হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টির উদ্দেশ্যে যবাই করা। এটি এমন এক ইসলামী নিদর্শন, যা মানুষের অন্তরে ইখলাস (নিষ্ঠা) এবং আল্লাহ তাআলার আদেশের প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা জাগ্রত করে। এর মাধ্যমে মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম আলাইহিস সালামের সুন্নাতকে পুনর্জীবিত করা হয়।
ভোগবাদের বিরুদ্ধে এক আত্মিক প্রতিরোধ : আধুনিক পুঁজিবাদী বিশ্বব্যবস্থা ও করপোরেট সংস্কৃতি মানুষকে প্রতিনিয়ত চরম ভোগবাদের মন্ত্র শেখাচ্ছে-যেখানে মানুষের অবদমিত ইচ্ছা, ব্যক্তিগত বিলাসিতা এবং বস্তুগত স্বার্থই জীবনের শেষ কথা হিসেবে প্রতিষ্ঠা পায়। মানুষ আজ নিজের অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থ চরিতার্থ করার জন্য পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করতেও দ্বিধা করছে না। ঠিক এমন একটি বস্তুবাদী অবক্ষয়ের যুগে কুরবানি কেবল একটি নির্দিষ্ট পশু জবেহ করার প্রথাগত নাম নয়; বরং এটি মানুষের ভেতরের ‘পশুত্ব’ এবং এই আধুনিক ভোগবাদী মানসিকতাকে আল্লাহর রাস্তায় জবেহ করার এক মহান মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক সংগ্রাম।
এটি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হযরত ইসমাইল (আ.)-এর সেই কালজয়ী ঐতিহাসিক ত্যাগের স্মারক, যেখানে আল্লাহর সুনির্দিষ্ট নির্দেশের সামনে পার্থিব কোনো মহব্বত, মোহ বা ব্যক্তিগত স্বার্থের বিন্দুমাত্র স্থান ছিল না। কুরবানির এই ঐতিহাসিক প্রেক্ষাপট উম্মাহকে কঠোরভাবে শেখায় যে, আদর্শের পথে সবচেয়ে প্রিয় বস্তুকে উৎসর্গ করাই হলো যেকোনো সফল সামাজিক ও নৈতিক বিপ্লবের চাবিকাঠি। কুরবানির মূল উদ্দেশ্য, রূহানিয়ত ও খোদাভীতির গভীরতা ব্যাখ্যা করে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে স্পষ্ট করে দিয়েছেন: “আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া (আল্লাহভীতি)।” (সূরা হজ¦, আয়াত : ৩৭)
একনিষ্ঠ আনুগত্য ও নিখাদ অনুসরণ : কুরবানির অন্যতম প্রধান বৈপ্লবিক শিক্ষা হলো-কোনো প্রকার শর্ত, যুক্তি বা দ্বিধা ছাড়া আল্লাহর সুনির্দিষ্ট আদেশের সামনে নিজের বুদ্ধিমত্তা ও ইচ্ছাকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম (আ.) যখন বৃদ্ধ বয়সের একমাত্র আশার আলো, কলিজার টুকরো পুত্র হযরত ইসমাইল (আ.)-কে যবেহ করার জন্য ওহীর নির্দেশ পেয়েছিলেন, তখন তিনি কোনো বাহ্যিক যুক্তি বা মানবিক আবেগের কাছে আত্মসমর্পণ করেননি। এই একনিষ্ঠ আনুগত্যের স্বরূপ তুলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন: “আল্লাহ ও তাঁর রাসূল কোনো বিষয়ে ফায়সালা করে দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সেই বিষয়ে নিজের পক্ষ থেকে অন্য কোনো সিদ্ধান্তের ইখতিয়ার (সুযোগ) থাকে না।” (সূরা আল-আহযাব, আয়াত: ৩৬)
এই পরীক্ষার সবচেয়ে বিস্ময়কর দিক ছিল কিশোর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর অবিচল সম্মতি ও স্বতঃস্ফূর্ত আত্মসমর্পণ। পিতা যখন পুত্রকে স্বপ্নের কথা জানিয়ে তাঁর অভিমত জানতে চাইলেন, তখন তিনি কোনো অজুহাত বা বাঁচার আকুতি জানাননি; বরং একবাক্যে যা বলেছিলেন তা আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে চমৎকারভাবে তুলে ধরেছেন, “হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।” (সূরা আস-সাফফাত, আয়াত: ১০২)
পিতা ও পুত্রের এই যৌথ আত্মসমর্পণ প্রমাণ করে যে, আল্লাহর বিধানের সামনে পুরো পরিবারের ইচ্ছা ও আকাক্সক্ষাকে বিলীন করে দেওয়াই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আধুনিক বস্তুবাদী সমাজ যেখানে প্রতিটি বিষয়ে কেবল ‘পার্থিব লাভ-ক্ষতি’ ও ‘ব্যক্তিগত স্বাধীনতা’র যুক্তি খোঁজে, সেখানে কুরবানি উম্মাহকে পিতা-পুত্রের এই ‘নিখাদ অনুসরণ’-এর মহত্তম পাঠ। পশুর গলায় ছুরি চালানো কেবল একটি বাহ্যিক ইবাদত নয়, বরং এটি আল্লাহর প্রতি মুমিনের সেই গভীরতম প্রতিশ্রুতির প্রতীকÑযেখানে দ্বীনের প্রয়োজনে নিজের জীবন, পরিবার ও সম্পদ উৎসর্গ করতে মুমিন বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। এই আপসহীন আনুগত্যই মুসলিম উম্মাহর পুনর্জাগরণের মূল চালিকাশক্তি।
দানশীলতা ও বৈষম্যহীন অর্থব্যবস্থার মডেল : কুরবানি কেবল একটি আধ্যাত্মিক আচার নয়, বরং এটি বর্তমান শোষক ও বৈষম্যমূলক পুঁজিবাদী অর্থব্যবস্থার বিপরীতে ইসলামি অর্থনীতির একটি বাস্তব ও সুষম বণ্টন ব্যবস্থার প্রাকটিক্যাল মডেল। বর্তমান বিশ্বব্যবস্থা যেখানে সম্পদকে গুটিকয়েক ধনকুবের বা করপোরেট শক্তির হাতে কুক্ষিগত করে সাধারণ মানুষকে চরম অর্থনৈতিক সংকটে নিমজ্জিত করে, সেখানে ইসলামি অর্থনীতি সম্পদকে সমাজের প্রতিটি স্তরে প্রবাহিত করার নির্দেশ দেয়। কুরবানির পশুর মাংসকে তিন ভাগে ভাগ করে দরিদ্র ও আত্মীয়-স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়ার যে অমোঘ বিধান, তা সমাজের অবহেলিত ও প্রান্তিক শ্রেণির মানুষের মুখে হাসি ফোটায় এবং তাদের মৌলিক আমিষের চাহিদা পূরণ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: “যাতে (সম্পদ) তোমাদের মধ্যকার ধনীদের মধ্যেই কেবল আবর্তিত না হয়।” (সূরা হাশর, আয়াত: ৭)
কুরবানির এই মৌসুমে বিশ্বজুড়ে চামড়া, পশুপালন এবং মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পকে কেন্দ্র করে যে বিশাল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক লেনদেন হয়, তা মূলত তৃণমূল অর্থনীতির চাকাকে সচল করে। এই দানশীলতা ও সুষম বণ্টন ব্যবস্থার দর্শনকে যদি সামষ্টিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তবে মুসলিম বিশ্ব থেকে অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্র্য চিরতরে দূর করা সম্ভব। এটি সমাজ থেকে কৃপণতা ও ব্যক্তিকেন্দ্রীকতার দেয়াল ভেঙে পারস্পরিক সম্প্রীতি ও বৈষম্যহীন এক নতুন অর্থসামাজিক দিগন্তের উন্মোচন করে।
তৃতীয়ত: হজের আনুষ্ঠানিকতা থেকে উম্মাহর পুনর্জাগরণের শিক্ষা : হজে¦র প্রতিটি রুকন বা আনুষ্ঠানিকতা কেবল আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের মাধ্যম নয়; বরং এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার মতো অত্যন্ত শক্তিশালী সামাজিক, রাজনৈতিক ও নৈতিক ইশতেহার। যদি উম্মাহ বাস্তব জীবনে এই প্রায়োগিক শিক্ষাগুলো ধারণ ও বাস্তবায়ন করতে পারে, তবে তাদের হারানো গৌরব পুনরুজ্জীবিত করা সময়ের ব্যাপার মাত্র। হজের প্রধান চারটি আনুষ্ঠানিকতা থেকে উম্মাহর পুনর্জাগরণের সেই দিকনির্দেশনাগুলো নিচে আলোচনা করা হলো:
আকিদা ও একতা : হজ¦ আমাদের প্রাক্টিক্যালি শেখায় যে, মুসলিম উম্মাহর আসল শক্তি কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা সামরিক অস্ত্রের মাঝে নয়, বরং তা নিহিত রয়েছে তাদের আকিদাগত একতা ও ‘এক দেহ’ হয়ে সংহত থাকার মাঝে। হজে¦র ময়দানে লাখো মানুষ যখন সমস্ত ভেদাভেদ ভুলে একই স্থানে সমবেত হয়, তখন তা এক অবিভাজ্য তাওহীদি প্রাচীরের রূপ নেয়। এই আকিদাগত ঐক্যের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কঠোর নির্দেশ দিয়ে বলেছেন: “আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হয়ো না।” (সূরা আলে ইমরান, আয়াত : ১০৩)
ধৈর্য, শৃঙ্খলা ও সুসংগঠিত সামরিক প্রশিক্ষণ : হজে¦র পুরো সফরটি অত্যন্ত শ্রমসাধ্য এবং একটি কঠোর নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়। নির্দিষ্ট নিয়মে ইহরাম বাঁধা, তীব্র ভিড় ও প্রতিকূল আবহাওয়ার মাঝে আরাফায় অবস্থান, মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন এবং মিনায় শয়তানকে পাথর নিক্ষেপÑএই পুরো প্রক্রিয়াটি হাজীদের মাঝে কষ্ট সহ্য করার চরম ধৈর্য, কঠোর নিয়ম-শৃঙ্খলা ও নিখুঁত সময়ানুবর্তিতা তৈরি করে। এই শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে (শৃঙ্খলাবদ্ধ হয়ে) লড়াই করে, যেন তারা এক সীসাঢালা প্রাচীর।” (সূরা আস-সাফ, আয়াত : ৪)
লক্ষ লক্ষ মানুষের এই বিশাল জনসমুদ্র যেভাবে একজন আমীর বা পরিচালকের নির্দেশনায় এবং শরিয়তের বেঁধে দেওয়া সুনির্দিষ্ট সময়ের ফ্রেমে অবলীলায় ওঠাবসা করে, তা মূলত উম্মাহকে একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল বাহিনীর মতো এক অনন্য প্রশিক্ষণ দেয়। সমকালীন বিশ্বে মুসলিম উম্মাহর অন্যতম বড় দুর্বলতা হলো শৃঙ্খলার অভাব এবং নিয়মহীনতা। হজের এই প্রায়োগিক শিক্ষা উম্মাহকে শেখায় কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করে একটি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল কাঠামোর অধীনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়, যা একটি জাতির জাগরণের জন্য মৌলিক পূর্বশর্ত।
আচরণগত ও নৈতিক মূল্যবোধের পুনর্জাগরণ : একটি জাতির বাহ্যিক পতন আসলে তার নৈতিক ও আচরণগত অবক্ষয়েরই চূড়ান্ত বহিঃপ্রকাশ। হজ¦ ও কুরবানি মূলত মুসলিম উম্মাহর সেই ঝিমিয়ে পড়া নৈতিক চরিত্রকে পুনর্গঠন করার এক মহান বার্ষিক মনস্তাত্ত্বিক কর্মশালা। কুরবানির শিক্ষা মানুষকে শেখায় কৃপণতা, লোকদেখানো মানসিকতা, হিংসা ও পরশ্রীকাতরতা থেকে মুক্ত হয়ে অবলীলায় নিজের স্বার্থ ত্যাগ করতে। অন্যদিকে, হজে¦র সফর শেষে একজন হাজি যখন সমস্ত পাপাচার, অহংকার, কাদা ছিটানো এবং অপ্রয়োজনীয় বিতর্ক সম্পূর্ণ বর্জন করে একটি “নতুন জীবন” ও প্রশান্ত আত্মা নিয়ে সমাজে ফিরে আসেন, তখন তার আচার-আচরণে এক আমূল পরিবর্তন ঘটে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা:) বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ¦ করলো এবং তাতে কোনো প্রকার অশ্লীল আচরণ ও পাপাচার লিপ্ত হলো না, সে (হজ¦ শেষে) এমনভাবে গুনাহমুক্ত হয়ে ফিরে এলো, যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছেন।” (সহিহ বুখারি: ১৫২১, ১৮২০; সহিহ মুসলিম : ১৩৫০) (আগামীকাল সমাপ্য)