সব নতুন সরকারের জন্য রাষ্ট্র পরিচালনায় নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। রাষ্ট্র ব্যবস্থাকে নতুন করে সাজাতে গ্রহণ করতে হয় নানাবিধ পরিকল্পনা। সে অনস্বীকার্য বাস্তবতায় নতুন সরকারকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতো হবে। প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসন এবং ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের আমলে সৃষ্ট নানাবিধ জটিলতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার। তাই এ সরকারের সামনে নানাবিধ চ্যালেঞ্জ থাকাটাই স্বাভাবিক।
এ কথা ঠিক যে, নতুন সরকার একটি স্বস্তিদায়ক অর্থনীতি পায়নি। পেয়েছে কঠিন চ্যালেঞ্জিং, অস্বস্তিদায়ক ও বন্ধুর পথে এগোনোর এক ভঙ্গুর অর্থনীতি। তাই অর্থনীতিতে গতি ফেরাতে নতুন সরকারকে কঠিন অনেক সিদ্ধান্তই নিতে হবে। এসব সিদ্ধান্তের বেশির ভাগই আসবে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) চাপ থেকে। বাংলাদেশ ব্যাংক, আইএমএফ ও বিশ্বব্যাংক তাদের পৃথক প্রতিবেদনে নতুন সরকারের অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে মন্তব্য করেছে। এসব মোকাবিলার কৌশল সম্পর্কেও পরামর্শ দিয়েছে। কিন্তু সরকারের জন্য এগুলো বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং। কোন কোন ক্ষেত্রে অসম্ভবও বটে।
কেন্দ্রীয় ব্যাংক এক প্রতিবেদনে বলেছে, ক্ষমতায় আসা নতুন সরকার রাজনৈতিক অনিশ্চয়তা দূর করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারলে বিনিয়োগের দুয়ার খোলার সম্ভবনা রয়েছে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা না এলে ফের অর্থনীতিতে অস্থিরতা বৃদ্ধি পাবে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এতদিন বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে অনেকেই আশাবাদী। আর এমনটি হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার ঘটাতে গ্যাস, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা দিতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে বিনিয়োগের পদ্ধতিকে সহজ করতে হবে।
নতুন সরকারের ওপর রাজনৈতিক ব্যয় বাড়ানোর চাপ থাকবে। এ চাপ মোকাবিলা করতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়ন করলেও রাজস্ব আয় বাড়াতে হবে। কারণ রাজস্ব আয় না বাড়িয়ে বেতন স্কেল বাস্তবায়ন করলে ও রাজনৈতিক ব্যয় বাড়ালে সরকারের ঋণনির্ভরতা বাড়বে। তখন বেসরকারি খাতের ঋণের দুয়ার সংকুচিত হয়ে পড়বে। পাশাপাশি ঋণের সুদের হার বেড়ে যাওয়ার চাপ থাকবে। এতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।
ব্যবসায়ীরা ইতোমধ্যেই ঋণের সুদের হার কমানোর জোর দাবি জানিয়েছে। কিন্তু মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী থাকায় কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদের হার না কমিয়ে ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছে। এদিকে আইএমএফও ঋণের সুদের হার না কমানোর পক্ষে। এমতাবস্থায় নতুন সরকার কোনদিকে সিদ্ধান্ত নেবে-এটি একটি বড় প্রশ্ন। কারণ সুদের হার কমালে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে। আইএমএফ ও কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মূল্যস্ফীতির হার ৭ শতাংশের মধ্যে না নামলে নীতি সুদের হার কমানো যাবে না। মূল্যস্ফীতি বেড়ে এখন ৮ দশমিক ৫৮ শতাংশ। ফলে ঋণের সুদের হার কমানোর সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। এতে স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা ক্ষুব্ধ হবেন।
এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-এর মতে, দীর্ঘ সময় ধরেই অর্থনীতিতে মন্দা চলছে। রাজস্ব বোর্ড সংস্কার করতে গিয়ে সেখানেও অস্থিরতার সৃষ্টি হয়েছে। একদিকে রাজস্ব আয় হ্রাস পেয়েছে, অন্যদিকে সরকারের ব্যয় বেড়েছে। ফলে আয়-ব্যয়ের মধ্যকার ভারসাম্যহীনতা বেড়েছে। ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে বড় ঘাটতি রেখে গেছে। তাই নতুন সরকার ক্ষমতায় এসেই বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে। একদিকে আয় কম, অন্যদিকে খরচ বেশি। ফলে ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। লুটপাটের কারণে ব্যাংকগুলোর অবস্থাও ভালো নয়, অনেক দুর্বল হয়ে পড়েছে। সরকারকে মোটা অঙ্কের ঋণের জোগান দিলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়বে না। প্রতিষ্ঠানটি আরো বলেছে, এ সংকট কাটাতে দ্রুত নতুন সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। উদ্যোক্তাদের মধ্যে আস্থার সঞ্চার করতে হবে। যাতে তারা বিনিয়োগ বৃদ্ধি করে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও রেমিট্যান্স বাড়ানোর দিকে জোর দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন স্কেল বাস্তবায়ন করলে বাজারে টাকার প্রবাহ বাড়বে। এতে চাহিদা বেড়ে আগামী কয়েক মাস মূল্যস্ফীতির হার আরও বাড়িয়ে দিতে পারে। ফলে নতুন সরকারকে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির ধারায় ক্ষমতায় এসে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। কারণ, আইএমএফ বরাবরই চাপ দিয়ে আসছে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করতে। আইএমএফ মনে করে ডলারের বিপরীতে টাকা অতিমূল্যায়িত। ফলে টাকার মান কমালে আবার মূল্যস্ফীতির হার বেড়ে যাবে। বৈদেশিক দায়দেনাও বাড়বে। আইএমএফের মতে, তখন ডলারের দাম বাড়ার কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং রিজার্ভ বেড়ে নিরাপদ মাত্রায় পৌঁছবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই অর্থনৈতিক মন্দা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব খাতে আহামরি কোন উন্নতি হয়নি। ফলে রাজস্ব আয় হ্রাস পেয়েছে ব্যাপকভাবে। দেশি ঋণের পাশাপাশি বৈদেশিক খাত থেকেও ঋণ নিচ্ছে। এমনকি কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় সীমিত ঋণ নিচ্ছে। তবে আওয়ামী লীগ সরকারের ছাপানো টাকায় নেয়া ঋণ পরিশোধও করেছে।
ব্যবসায়িক মন্দার কারণে নতুন সরকারের পক্ষে রাজস্ব আয় বাড়ানো খুব একটা সহজসাধ্য হবে না। অথচ রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সরকারকে খরচ বাড়াতে হবে। এ সংকট মোকাবিলায় নতুন সরকারেরও নির্ভরতা বাড়াতে হবে। আর ঋণ করে রাজনৈতিক ব্যয় করলে মূল্যস্ফীতি আরও বাড়বে। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার আস্থার সঞ্চার করে ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল করে রাজস্ব আহরণ বাড়াতে কমপক্ষে দু’বছর সময় লেগে যাবে। দেশের রিজার্ভ শক্তিশালী হওয়ায় ও বৈদেশিক দেনা কমে যাওয়ায় সরকার গ্যাস ও বিদ্যুৎ আমদানি করে শিল্পে দিতে পারবে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি বন্ধ করা ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা হবে আরেক চ্যালেঞ্জ।
নতুন সরকারের জন্য ব্যাংকিং খাত নতুন চ্যালেঞ্জ। এ খাতে যেসব সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে তার বিরোধিতা করছে রাজনৈতিক দলের নেতারা। ফলে সংস্কার করা কঠিন হবে। আওয়ামী লীগ আমলে লুটপাটের কারণে এ খাতে তারল্যের চাপ এখনো রয়েছে। লুটের ঋণ খেলাপি হচ্ছে। এতে ব্যাংকখাত দুর্বল হচ্ছে। এমন দুর্বল আর্থিকখাতে অর্থনীতির চাহিদা অনুযায়ী ঋণের জোগান দেয়া কঠিন। এজন্য পাচার করা টাকা ফেরাতে হবে। কিন্তু এটি বেশ সময়সাপেক্ষ।
সদ্য ক্ষমতা গ্রহণকারী সরকারকে চলমান কাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত সরকারের দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। নতুন সরকারকে বাংলাদেশের দুর্বল অর্থনীতি ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি, দুর্বল রাজস্ব ব্যবস্থায় ব্যাপকভিত্তিক সংস্কার করে আয় বাড়ানো, ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করা, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসব চ্যালেঞ্জের পাশাপাশি আগামী সরকারের জন্য অর্থনীতিতে বেশকিছু গুরুত্বপূর্ণ ঝুঁকিও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে অর্থনীতিকে এগিয়ে নেয়া কঠিন হবে। আইএমএফের মতে ভর্তুকি কমাতে হবে। এটি করলে পণ্য ও সেবার দাম বাড়বে। যা নতুন সরকারের জন্য জনঅসন্তোষের কারণ হতে পারে।
বিশ্ব ব্যাংক বলেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর নানাবিধ চাহিদা সৃষ্টি হয়েছে। বিনিয়োগ যেমন বাড়বে, ঠিক তেমনিভাবে সরকারের খরচের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এসব করতে সরকারকে সংস্কার চলমান রাখতে হবে ও রাজস্ব আয় বাড়াতে হবে। এদিকে সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকার অর্থনীতির ক্ষতগুলো চিহ্নিত করে লুটপাট বন্ধ করেছে, টাকা পাচার বহুলাংশে রোধ করেছে। হুন্ডির প্রভাব কমিয়ে রেমিট্যান্স বাড়িয়েছে। নিম্নমুখী রিজার্ভ করেছে ঊর্ধ্বমুখী।
তবে একথা ঠিক যে, সদ্য ক্ষমতাসীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এসবের মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে নতুন সরকার এক কঠিন সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়ে দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তার ভাষায়, ‘অর্থনীতির ভঙ্গুর স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতা এবং সংকুচিত রাজস্ব পরিসর এ তিন বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোতে হবে।’
‘নতুন সরকারের জন্য সামষ্টিক অর্থনীতির বেঞ্চমার্ক’ শীর্ষক বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি উপস্থাপন করা হয় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে। সিপিডির বিশ্লেষণে বলা হয়, বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও বাংলাদেশে এর প্রতিফলন এখনও সীমিত। বিশেষ করে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকায় সাধারণ মানুষের প্রকৃত আয় চাপে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা উন্নতি এলেও আমদানি চাহিদা বৃদ্ধি ও বাণিজ্যিক ঋণ পরিশোধের চাপ বাড়লে এই স্থিতিশীলতা টেকসই নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
দ্বিতীয়ত, বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ২০২৫ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশে সীমিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ অর্থবছরের প্রথমার্ধে প্রায় ২১ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছে। তৃতীয়ত, দেশের রাজস্ব কাঠামো গভীর চাপে রয়েছে। অভ্যন্তরীণ রাজস্ব আয় দিয়ে সরকারের দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানোই কঠিন হয়ে পড়েছে। ফলে ঋণ পরিশোধে নতুন ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। ২০২৫ ও ২০২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে।
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সিপিডি ১০টি নীতিগত সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের নীতি হার সামান্য কমানো; বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় সক্রিয়তা বৃদ্ধি; টাকার বিনিময় হার ধীরে ধীরে সমন্বয় করা; রপ্তানি ও প্রবাস আয়ে নগদ প্রণোদনা যৌক্তিকীকরণ; সরকারি ব্যয়ে মিতব্যয়িতা এবং লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ারবাজারে তালিকাভুক্তি; পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার ও খেলাপি ঋণ আদায়ে আইনি ও কূটনৈতিক তৎপরতা জোরদার। প্রতিবেদনে নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১০টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বাস্তবতা যাচাই করা হয়। ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের জিডিপি অর্জনকে ‘অর্জনযোগ্য’ হিসেবে উল্লেখ করা হলেও, জিডিপির ১৫ শতাংশ রাজস্ব আদায় বা বৈদেশিক বিনিয়োগ জিডিপির ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যকে ‘অত্যন্ত উচ্চাভিলাষী’ বলা হয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হলে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা ও রাজস্ব কাঠামোয় আমূল সংস্কার প্রয়োজন বলে মত দেন গবেষকরা। একই সঙ্গে বন্ধ বা একীভূত হওয়া ইসলামিক ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রশ্নে সরকারের সম্ভাব্য আর্থিক দায়ের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়। এ খাতে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। সিপিডি মনে করে, বর্তমান বাস্তবতায় ২০২৫ অর্থবছরের জন্য একটি বাস্তবসম্মত সংশোধিত বাজেট প্রণয়ন জরুরি। পাশাপাশি ২০২৭ অর্থবছরের জন্য একটি বিশ্বাসযোগ্য আর্থিক কাঠামো নির্ধারণ এবং মধ্যমেয়াদি সংস্কার কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয়েছে। অন্যথায় সামষ্টিক অর্থনীতির ভঙ্গুরতা দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করা হয়।
বিশ্লেষকেরা মনে করেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারকে আর্থিক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখার পাশাপাশি খেলাপি ঋণ কমানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাদের মতে, ব্যাংক খাতের দেওয়া মোট ঋণের ৩৬ শতাংশ খেলাপি হয়ে পড়েছে। একই অবস্থা আর্থিক প্রতিষ্ঠান খাতের। তাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতকে নিয়মের মধ্যে এনে শক্তিশালী আইনি ভিত্তি দিতে হবে, যাতে নতুন করে আর কোনো অনিয়ম না হয়।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে দেশের আর্থিক খাতে চরম বিপর্যয় ঘটে। দেশের একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে লুটপাট চালান আওয়ামী লীগ–সমর্থিত ব্যবসায়ীরা। তাঁরা এসব অর্থের বড় অংশ বিদেশে পাচার করেন। ফলে দেশের একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেমন অচল হয়ে পড়েছে, তেমনি অনেক আমানতকারী তাঁদের টাকা ফেরত পাচ্ছেন না। সে জন্য এ রকম পাঁচটি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
এস আলম, বেক্সিমকো গ্রুপসহ যারা খাতটিকে দুর্বল করে দিয়েছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত কী হবে, সেটা গুরুত্বপূর্ণ। এর ওপরই নির্ভর করবে খাতটির যে সংস্কার শুরু হয়েছে, তা টেকসই হবে কি না। এ ছাড়া আর্থিক ভিত্তি শক্তিশালী করতে একাধিক আইন পাস করতে হবে বলে মনে করছেন খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এখন অর্থনীতির সবচেয়ে উদ্বেগের জায়গা হলো ব্যাংকিং খাত। নাজুক পরিস্থিতিতে পড়া দেশের পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। এসব ব্যাংকের আমানতকারীরা নানা দাবিতে আন্দোলন করছেন। চাকরি হারানো কর্মকর্তারাও আন্দোলনে রয়েছেন। ব্যাংক পাঁচটিতে রয়েছেন ৭৫ লাখ হিসাবধারী ও ১ লাখ ৩১ হাজার কোটি টাকার আমানত। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংককে অধিগ্রহণ গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে। এদিকে গত সেপ্টেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। তাতে খেলাপি ঋণের হার বেড়ে হয়েছে ৩৫ দশমিক ৭৩, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে ছিল ১৬ দশমিক ৯৩ শতাংশ। খেলাপি ঋণ আদায়ে তৎপরতা জোরদার করতে হবে। বন্ধ হয়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠান চালু করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কারণ, নতুন কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো সময়সাপেক্ষ বিষয়।
অন্তর্বর্তী সরকার ব্যাংকগুলোকে নিয়মের মধ্যে পরিচালনা করতে ব্যাংক কোম্পানি আইন সংস্কারের উদ্যোগ নেয়া। এর মাধ্যমে ব্যাংক পরিচালকদের লাগাম টানা ও জবাবদিহির আওতার আনার উদ্যোগ নেয়া হয়। এ ছাড়া ব্যাংক খাতের তদারকিতে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়। খেলাপিদের বিচারের আওতায় আনতে ও অর্থ উদ্ধারে নেওয়া হয় অর্থ ঋণ আদালত আইন সংস্কারের উদ্যোগ। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এসব আইন পাস করে সুষ্ঠু বাস্তবায়নে সহায়তা করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য চাঙা করতে সুদহার কমানো, ঋণ প্রাপ্তি সহজ করাসহ নানামুখী উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। প্রবাসী আয় বৃদ্ধির ফলে বৈদেশিক বাণিজ্যের সূচকগুলোর উন্নতি হয়েছে। এ জন্য বিএনপি সরকারকে অবশ্য ডলার নিয়ে চাপে পড়তে হবে না।
সার্বিক দিক বিবেচনায় নতুন সরকারকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনের দিকে এগুতো হবে। এক্ষেত্রে অর্থনৈতিক চ্যালেঞ্জই হবে বিএনপি সরকারের মাথা ব্যথার কারণ। কারণ, প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। পতিত সরকার সংশ্লিষ্টরা দেশ থেকে প্রভূত অর্থ পাচার করে জাতীয় অর্থনীতিকে রীতিমত ফোকলা করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার তা মেরামত করার জন্য পর্যাপ্ত সময় পায়নি। তাই নতুন সরকারের পথচলায় তা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। তাই এক্ষেত্রে নতুন সরকারের আন্তরিকতা, সততা ও নিষ্ঠা খুবই জরুরি। অন্যথায় সরকারের পথচলা মোটেই মসৃণ হবে না।
www.syedmasud.com