জুলাই সনদ, গণভোট এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাবÑএ তিনটি বিষয়কে ঘিরে দেশে যে রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ছিল অনেক বড়। দীর্ঘ সময়ের অস্থিরতা ও অবিশ্বাসের পর মানুষ ভেবেছিল, অন্তত কিছু মৌলিক প্রশ্নে একটি জাতীয় সমঝোতা তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রতিক আদালতের রুল এবং তা ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া সে আশাবাদকে নতুন করে আলোচনার টেবিলে নিয়ে এসেছে। প্রশ্ন উঠছে, গণভোটে দেওয়া রায় বাস্তবায়নের পথ কি জটিল হয়ে পড়ছে?

কোনো কোনো মহল দাবি করছেন, রাজনৈতিক বিষয়কে আদালতের পরিসরে টেনে নেওয়া সমীচীন নয়। তাদের বক্তব্য, অতীতে রাজনৈতিক ইস্যু বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তির চেষ্টা হয়েছে, কিন্তু তার ফল জাতীয় জীবনে খুব ইতিবাচক হয়নি বরং বিভ্রান্তি, অচলাবস্থা এবং পারস্পরিক অবিশ্বাস বেড়েছে। তাদের অভিযোগ, রাজনৈতিক দায় এড়াতে বা পছন্দসই ফল পেতে আদালতের ওপর চাপ সৃষ্টি করার প্রবণতা থাকলে তা আত্মঘাতী হবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানো জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হবে বলেও তারা সতর্ক করেছে। তাদের ভাষায়, জনগণ ও জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর যেকোনো চেষ্টা জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ এমনও অভিযোগ তুলেছে যে, গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। তাদের মতে, জনগণের রায়কে আদালতে নিয়ে গেলে তা গণরায়কে বিতর্কিত করার শামিল হবে। তারা দ্রুত সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছে, জনগণের দেওয়া ম্যান্ডেটকে দীর্ঘসূত্রতায় ফেলে রাখা হলে রাজপথে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এমনকি তারা সতর্ক করেছে, এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয় যেখানে রাজপথ ও আদালতকে এক ধরনের প্রতিদ্বন্দ্বী পরিসর হিসেবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নেও তারা শর্তসাপেক্ষ অবস্থান তুলে ধরেছে, যা বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটকে আরও বিস্তৃত করে।

আবার কারো কারো মতে, নবগঠিত সরকার জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে অপরাজনীতি শুরু করেছে। তাদের অভিযোগ, গণভোটের ফল বাতিলের রিটের পেছনে সরকারি ইন্ধন রয়েছে। তাদের চাওয়া জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীনদের অঙ্গীকার পূরণ করতেই হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বড় ব্যবধানকে গণরায়ের স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করে সংখ্যাগরিষ্ঠ মানুষ সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিল উত্থাপনের দাবি জানিয়েছে। তাদের বক্তব্যে আরেকটি বিষয় স্পষ্টÑ দেশে আর কোনোভাবে কর্তৃত্ববাদী শাসন ফিরে আসুক, তা তারা চায় না।

বিভিন্ন মহলের কথায় যে আশংকার আভাস পাওয়া যাচ্ছে তার নেপথ্যে রয়েছে আস্থার সংকট। মূল উদ্বেগ আদালতকে ঘিরে নয়; বরং গণভোটের রায় বাস্তবায়নের আন্তরিকতা ও গতি নিয়ে। আদালতের প্রক্রিয়া সংবিধানসম্মত এবং তার নিজস্ব নিয়মে চলবেÑএ নিয়ে কারও আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক শক্তিগুলোর আশঙ্কা, বিচারিক প্রক্রিয়ার আড়ালে যদি বাস্তবায়ন বিলম্বিত হয় বা প্রশ্নবিদ্ধ করার পরিবেশ তৈরি হয়, তাহলে জনগণের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হবে। এখানে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। জুলাই সনদ ও গণভোটের প্রতিশ্রুতি যদি সত্যিই রাজনৈতিক ঐকমত্যের ফসল হয়ে থাকে, তবে তার বাস্তবায়ন প্রক্রিয়া স্বচ্ছ হওয়া প্রয়োজন। একটি স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা এবং সংসদীয় উদ্যোগ জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারে। অস্পষ্টতা যত বাড়বে, ততই সন্দেহ ও হতাশা বাড়বে।

একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে ভাষা ও কৌশলে সংযম দেখানোর। জনমতকে সম্মান করা যেমন জরুরি, তেমনি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর প্রতিও সম্মান দেখানো অপরিহার্য। রাজপথের ভাষা ও আদালতের ভাষা ভিন্ন। এই দুই পরিসরকে সংঘর্ষের অবস্থানে দাঁড় করানো হলে তার দীর্ঘমেয়াদি প্রভাব ভালো হবে না। গণভোট ছিল একটি রাজনৈতিক প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। মানুষ অংশ নিয়েছে এ বিশ্বাসে যে, তাদের মতামত বাস্তব পরিবর্তনে রূপ নেবে। সেই বিশ্বাসে চিড় ধরলে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থাও দুর্বল হবে। তাই এখন প্রয়োজন খোলা সংলাপ, স্পষ্ট অঙ্গীকার এবং দৃশ্যমান অগ্রগতি। আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রেখে এবং রাজনৈতিক প্রজ্ঞা প্রদর্শন করে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। অন্যথায়, যে ঐকমত্যের ভিত্তিতে নতুন পথচলা শুরু হয়েছিল, তা আবারও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।