এক মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আবারও আমাদের দুয়ারে উপস্থিত। সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মহৎ প্রশিক্ষণ শেষে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, কৃতজ্ঞতা এবং নতুন অঙ্গীকারের এক অনন্য মুহূর্ত। রমযান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ভোগবিলাস থেকে বিরত থাকার মধ্য দিয়ে মুসলমানরা কেবল একটি ধর্মীয় বিধান পালন করে না; বরং তারা আত্মসংযম, ধৈর্য, সহিষ্ণুতা এবং আল্লাহভীতির এক গভীর অনুশীলনের মধ্য দিয়ে যায়। এই এক মাসের সাধনা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত শক্তি তার আত্মনিয়ন্ত্রণে, আর প্রকৃত মর্যাদা নিহিত রয়েছে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যে।
কুরআনের ভাষায় সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। তাকওয়া কেবল একটি ধর্মীয় শব্দ নয়; এটি মানুষের চরিত্র, আচরণ এবং নৈতিকতার এক সামগ্রিক রূপ। রমযানের রোজা মানুষকে শেখায় কীভাবে নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে সত্য, ন্যায় ও সততার পথে অবিচল থাকতে হয়। ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভব করার মধ্য দিয়ে একজন রোজাদার উপলব্ধি করতে পারে সমাজের সেইসব মানুষের বাস্তবতা, যারা বছরের পর বছর দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে জীবনযাপন করে। এই উপলব্ধিই মানুষকে মানবিক হতে শেখায়, অন্যের দুঃখে পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।
তবে রমযানের শিক্ষা কেবল একটি মাসে সীমাবদ্ধ থাকলে তার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। সিয়ামের প্রকৃত সাফল্য তখনই, যখন রমযানে অর্জিত তাকওয়া, আত্মসংযম এবং নৈতিকতার চর্চা সারা বছর ধরে আমাদের জীবনে প্রতিফলিত হয়। ব্যবসা-বাণিজ্য, কর্মক্ষেত্র, সামাজিক সম্পর্ক এবং রাষ্ট্রীয় দায়িত্বÑসব ক্ষেত্রেই যদি আমরা সততা, ন্যায়পরায়ণতা এবং দায়িত্ববোধের পরিচয় দিতে পারি, তবেই রমযানের শিক্ষা বাস্তব অর্থে ফলপ্রসূ হবে। ঈদুল ফিতর তাই কেবল আনন্দের উৎসব নয়; এটি আমাদের জন্য এক নবপ্রতিজ্ঞার দিন, যখন আমরা অঙ্গীকার করি যে রমযানের আলো আমাদের সারা বছরের পথচলাকে আলোকিত করবে।
রমযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সম্পদের সুষম বণ্টনের শিক্ষা। ইসলাম জাকাত ও সদকাতুল ফিতরের মাধ্যমে সমাজে দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করার এক অনন্য ব্যবস্থা প্রবর্তন করেছে। জাকাত ধনীদের সম্পদকে পবিত্র করে এবং একই সঙ্গে দরিদ্র মানুষের জীবনযাত্রার উন্নয়নে সহায়তা করে। অন্যদিকে সদকাতুল ফিতর এমন এক ব্যবস্থা, যার মাধ্যমে সমাজের অসহায় মানুষও ঈদের আনন্দে অংশগ্রহণের সুযোগ পায়। সামর্থ্যবান মুসলমানদের উচিত আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে জাকাত ও ফিতরা আদায় করা এবং তা প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়া। এতে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয় এবং দারিদ্র্য লাঘবে ইতিবাচক ভূমিকা রাখে।
ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগাভাগি করা যায়। আমাদের চারপাশে এমন বহু মানুষ আছেন, যাদের জন্য ঈদের দিনটিও অনেক সময় অন্য দিনের মতোই কষ্ট ও অভাবের মধ্যে কাটে। এতিম শিশু, দরিদ্র পরিবার, শ্রমজীবী মানুষ কিংবা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীÑঅনেকেই ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাই ঈদের প্রকৃত চেতনা হলো সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ সত্যিকার অর্থে অর্থবহ হয়ে ওঠে।
একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে মুসলিম উম্মাহ আজ বিশ্বব্যাপী নানা সংকট ও দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিশ্ববাসীকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। ফিলিস্তিনের নির্যাতিত জনগণ দীর্ঘদিন ধরে অবিচার ও দখলদারিত্বের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইরান, লেবাননসহ বিভিন্ন অঞ্চলের অস্থিরতা ও সংঘাতও অসংখ্য নিরীহ মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এসব পরিস্থিতি আমাদের হৃদয়কে ব্যথিত করে এবং মুসলিম উম্মাহর সম্মিলিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।
ঈদুল ফিতরের এই পবিত্র মুহূর্তে আমাদের উচিত আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করাÑতিনি যেন পৃথিবীর সব নিপীড়িত মানুষের কষ্ট লাঘব করেন, যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটান এবং বিশ্বজুড়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মজলুম মুসলিমদের জন্য আমাদের দোয়া, সহমর্মিতা এবং নৈতিক সমর্থন অব্যাহত থাকা প্রয়োজন। কারণ ইসলাম আমাদেরকে শুধু নিজের জন্য নয়, সমগ্র মানবতার কল্যাণ কামনা করতে শিক্ষা দেয়।