মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত ও তার পরবর্তী যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে-আর তাহলো ইরান আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়; বরং ক্রমশ একটি প্রভাবশালী পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সামরিক চাপ, আন্তর্জাতিক হুমকি এবং সরাসরি সংঘাতের মধ্যেও নিজেদের কৌশলগত অবস্থান অক্ষুণœ রেখে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে প্রতিপক্ষকে টেনে আনার ক্ষমতা ইরানের বর্তমান অবস্থানকে নতুনভাবে মূল্যায়নের দাবি রাখে।
এ যুদ্ধের সূচনালগ্ন থেকে শুরু করে যুদ্ধবিরতির আগের দিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভাষ্য এবং ইরানের বিরুদ্ধে রেজিম পরিবর্তনের ইঙ্গিত যে বাস্তবে রূপ পায়নি, সেটিই সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বরং শেষ পর্যন্ত ইরানের সে রেজিমের সাথেই আলোচনা করতে বাধ্য হওয়া যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক একপ্রকার পশ্চাদপসরণ বলেই প্রতীয়মান হয়। এটি শুধু একটি সাময়িক সমঝোতা নয়; বরং শক্তির ভারসাম্যে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। ইরানের প্রস্তাবিত ১০ দফা এই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে। এখানে কেবল যুদ্ধবিরতির আহ্বান নেই; রয়েছে স্থায়ী শান্তির দাবি, আঞ্চলিক আগ্রাসন বন্ধের শর্ত, মিত্র শক্তিগুলোর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা এবং দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের প্রত্যাশা। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের অবস্থান তাদের ভূ-কৌশলগত শক্তির একটি বাস্তব প্রতিফলন। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখানে তাদের উপেক্ষা করা কার্যত অসম্ভব।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো-ইরান কেবল নিজের নিরাপত্তা নয়, বরং বৃহত্তর আঞ্চলিক কাঠামো নিয়েও কথা বলছে। লেবাননের হিজবুল্লাহ’র মতো মিত্রদের নিরাপত্তা প্রশ্নে সরাসরি অবস্থান নেওয়া দেখায় যে, ইরান এখন একটি বিস্তৃত কৌশলগত বলয়ের নেতৃত্ব দিচ্ছে। এ বলয় শুধু সামরিক নয়; রাজনৈতিক ও আদর্শিক প্রভাবের দিক থেকেও গুরুত্বপূর্ণ। অন্যদিকে, এ যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের অস্বস্তি এবং আপত্তি ইঙ্গিত দেয় যে এ যুদ্ধবিরতি তাদের প্রত্যাশিত ফল বয়ে আনেনি। একইভাবে যুক্তরাষ্ট্রও তাদের প্রাথমিক লক্ষ্য থেকে সরে এসে বাস্তবতার সঙ্গে আপস করতে বাধ্য হয়েছে। ফলে এই সমঝোতা মূলত একটি নতুন ভারসাম্যের প্রতিফলন, যেখানে ইরান একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে উঠে এসেছে।
এ প্রেক্ষাপটে আলোচনার স্থান বা মধ্যস্থতাকারীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনার বিষয়বস্তু এবং শর্ত নির্ধারণের ক্ষমতা। আর সেই ক্ষমতা এ মুহূর্তে অনেকাংশেই ইরানের হাতে। যুদ্ধবিরতির শর্ত নির্ধারণ, আঞ্চলিক ইস্যুতে অবস্থান স্পষ্ট করা এবং অর্থনৈতিক দাবি উত্থাপন-সব মিলিয়ে ইরান কার্যত আলোচনার এজেন্ডা নির্ধারণ করছে। সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতি একটি মৌলিক প্রশ্ন সামনে আনে-মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি নতুন এক শক্তির নেতৃত্বে পুনর্গঠিত হতে যাচ্ছে? যদি সাম্প্রতিক ঘটনাপ্রবাহ কোনো ইঙ্গিত দেয়, তবে তা হলো এ অঞ্চলের রাজনীতিতে ইরান-এর ভূমিকা এখন আর উপেক্ষণীয় নয়; বরং ক্রমশ নির্ধারক হয়ে ওঠছে।
এ বাস্তবতা মেনে নিয়েই আন্তর্জাতিক সম্প্রদায়কে সামনে এগোতে হবে। কারণ, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন অনেকটাই নির্ভর করছে সেই শক্তির ওপর, যাদেরকে এতদিন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আবার তাদের সাথেই সমঝোতায় বসতেই হচ্ছে। এ পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখা এবং অন্যদিকে ইসরাইলের অস্বস্তি প্রকাশ-দুই বিপরীত প্রতিক্রিয়াই স্বাভাবিক। কারণ এ যুদ্ধবিরতি মূলত একটি “সমঝোতার বিরতি”, যেখানে কোনো পক্ষই তাদের চূড়ান্ত লক্ষ্য থেকে সরে আসেনি, বরং সময় নিয়েছে নিজেদের অবস্থান শক্ত করার জন্য।
এমন বাস্তবতায়, আগামী শুক্রবার থেকে অনুষ্ঠিতব্য ইসলামাবাদের আলোচনাকে শুধু একটি আঞ্চলিক বৈঠক হিসেবে দেখার সুযোগ নেই। এটি আন্তর্জাতিক কূটনীতির একটি পরীক্ষাক্ষেত্র, যেখানে সামরিক শক্তি, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক বাস্তবতা একসাথে কাজ করছে। এ আলোচনার সফলতা বা ব্যর্থতা শুধু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করবে। এখন প্রশ্ন একটাই-এ দু’সপ্তাহ কি সত্যিকার অর্থে স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করবে, নাকি এটি কেবল আরেকটি বিরতির পর নতুন সংঘাতের সূচনা? উত্তর নির্ভর করছে আলোচনার টেবিলে গৃহীত সিদ্ধান্তগুলোর ওপর এবং তার চেয়েও বেশি, সংশ্লিষ্ট পক্ষগুলোর আন্তরিকতার ওপর।