বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি অভিযোগ বারবার উচ্চারিত হয়েছে-ক্ষমতা ও বিরোধিতার সম্পর্ক এখানে প্রায়শই সহযোগিতামূলক নয়, বরং সংঘাতনির্ভর। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা, হরতাল, সহিংসতা ও পারস্পরিক অবিশ্বাস যেন রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। ১৯৯১ সালের নির্বাচনের পর পরাজিত হয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন; দীর্ঘ হরতালমুখী রাজনীতি সেই সময়ের রাজনৈতিক বাস্তবতাকে সংজ্ঞায়িত করেছিল।
কিন্তু ২০২৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন এক প্রবণতা দৃশ্যমান হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও অভিযোগ থাকা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তুলনামূলক সংযত ও প্রাতিষ্ঠানিক ভূমিকার ইঙ্গিত মিলছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দিয়েছেন। নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে বৈঠক-যেখানে এনসিপি নেতা নাহিদ ইসলাম-এর অংশগ্রহণ-বাংলাদেশের রাজনীতিতে সমঝোতাভিত্তিক সংস্কৃতির সম্ভাবনাকে সামনে এনেছে।
এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো “ছায়া সরকার” বা শ্যাডো ক্যাবিনেট গঠনের উদ্যোগ। ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রে বহুদিন ধরে কার্যকর এই ধারণা মূলত একটি প্রাতিষ্ঠানিক বিরোধী ব্যবস্থার প্রতীক। সরকার পরিচালনার প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন করে দায়িত্বপ্রাপ্ত নেতা থাকেন, যারা সরকারের নীতি, ব্যয়, প্রশাসনিক সিদ্ধান্ত ও আইন প্রণয়ন প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করেন।
বাংলাদেশে প্রস্তাবিত ছায়া সরকারের ধারণাটি কেবল রাজনৈতিক কৌশল নয়; এটি রাজনৈতিক সংস্কৃতির একটি মৌলিক রূপান্তরের সম্ভাবনা বহন করে। এরই মধ্যে জামায়াত ও এনসিপির তরফ থেকে দলদুটোর শীর্ষ নেতারা ছায়ামন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দিয়ে যে বার্তা দিয়েছেন, তা হলো-ক্ষমতায় না থাকলেও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল অংশীদারিত্ব সম্ভব। এই ধারণা প্রতিষ্ঠিত হলে বিরোধী রাজনীতি আর কেবল সরকার পতনের আন্দোলনে সীমাবদ্ধ থাকবে না; বরং বিকল্প নীতি প্রস্তাব ও গবেষণাভিত্তিক সমালোচনা রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসবে।
একটি কার্যকর শ্যাডো ক্যাবিনেট সরকারের জন্যও ইতিবাচক চাপ সৃষ্টি করে। কারণ তখন প্রতিটি সিদ্ধান্ত জানেÑতার একটি সমান্তরাল মূল্যায়ন চলছে। ফলে আইন প্রণয়ন প্রক্রিয়া আরও পর্যালোচনাভিত্তিক হয়, সংসদীয় বিতর্ক প্রাণবন্ত হয় এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা কমে। বিশেষজ্ঞদের মতে, এটি কার্যকর হলে সংসদ রাজপথের বিকল্প হয়ে উঠতে পারে; অবরোধ, ভাঙচুর বা সহিংস কর্মসূচির প্রয়োজন কমে আসবে। ছায়া সরকারের আরেকটি বড় সুবিধা হলো নেতৃত্বের ধারাবাহিকতা তৈরি করা। বিরোধী দল রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত থাকে, নীতি-পরিকল্পনা তৈরি করে এবং প্রশাসনিক দক্ষতা অর্জন করে। ফলে সরকার পরিবর্তনের সময় প্রশাসনিক শূন্যতা তৈরি হয় না। একই সঙ্গে বিদেশনীতি, অর্থনীতি বা বড় চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ নিয়ে একটি বিস্তৃত রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠার সুযোগ তৈরি হয়।
তবে এই ব্যবস্থার সফলতা নির্ভর করবে আন্তরিকতার ওপর। যদি ছায়া সরকার কেবল রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হয়ে রয়, তবে তা গণতন্ত্রকে শক্তিশালী করার বদলে নতুন সংঘাত সৃষ্টি করতে পারে। আবার স্বচ্ছতা, তথ্যভিত্তিক সমালোচনা ও নীতি-কেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে পারলে এটি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে নতুন মানদ- স্থাপন করবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের কিছু প্রতীকী সিদ্ধান্ত- অতিরিক্ত সুবিধা প্রত্যাখ্যান, সরকারি সুযোগ-সুবিধা সীমিত করার ঘোষণা-রাজনীতিতে জবাবদিহিতার নতুন প্রত্যাশা তৈরি করেছে। এই ধারা যদি ছায়া সরকারের মতো প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে স্থায়ী রূপ পায়, তবে রাজনীতি ব্যক্তিকেন্দ্রিকতা থেকে নীতিকেন্দ্রিকতায় রূপান্তরিত হতে পারে।
বাংলাদেশের গণতন্ত্র বহু উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে। এখন প্রয়োজন সংঘাত নয়, প্রতিযোগিতামূলক সহযোগিতাÑযেখানে সরকার ও বিরোধী দল উভয়ই রাষ্ট্রের অংশীদার। একটি কার্যকর ছায়া সরকার সেই পথেরই সূচনা হতে পারে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে বলা যায়-বাংলাদেশের গণতন্ত্র কেবল নির্বাচননির্ভর থাকবে না; বরং জবাবদিহি, নীতি-বিতর্ক ও প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করবে।