মুসা আল হাফিজ
যুবজনতা যে কোনো জাতির প্রাণশক্তি। বাংলাদেশে জনমিতিতে যুব সমাজ একটি কেন্দ্রীয় ভূমিকায় আছেন। তাদের নেতৃত্ব, নৈতিকতা, সামাজিক বোধ এবং কৌশলগত সক্ষমতা জাতির ভবিষ্যতের পথনির্মাণ করবে। বিদ্যমান প্রেক্ষাপটে, যুব নেতৃত্বের বিকাশ শুধু শিক্ষাগত বা প্রযুক্তিগত দক্ষতার সওয়াল নয়, বরং এটি এক সমন্বিত প্রক্রিয়া, যেখানে রূহানী, নৈতিক, সাংস্কৃতিক ও কৌশলগত দক্ষতার সমন্বয় নিশ্চিত করতে হয়।
যুব কৌশলপত্রের লক্ষ্য, প্রথমত, তরুণদের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা, দ্বিতীয়ত, তাদেরকে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল নেতৃত্বের জন্য প্রজ্বলিত করা। এই প্রক্রিয়ায় মূল ভিত্তি হিসেবে কাজ করবে আত্মপরিচয়, চেতনা, নৈতিকতা এবং সামাজিক দায়িত্বের বিকাশ । পাশাপাশি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিযোগিতামূলক নেতৃত্ব প্রদানে সক্ষম হবেন।
বস্তুত যুব নেতৃত্বের একটি সুসংগঠিত ফ্রেমওয়ার্ক জাতিকে মানবিক, নৈতিক ও কৌশলগত দিক থেকে শক্তিশালী করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের স্থায়ী উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাত্ত্বিক কাঠামো
১.১. আমরা যুবনেতৃত্বের কথা বলছি। এর অস্তিত্বগত অর্থের মূলে আছে মানুষ। নেতৃত্ব দেবে মানুষ, নেতৃত্ব দরকার প্রধানত মানুষের জন্য। ফলত মানুষের সারসত্যকে বুঝতে হবে। মানুষ দেহ, মন ও আত্মার সমন্বিত সত্তা। নেতৃত্বের গঠন ও বিকাশ এই তিন সত্তার প্রয়োজন ও আয়োজনের সাথে সম্পর্কিত। দেহসত্তা চায় স্বাস্থ্য ও শক্তি, সে চায় জীবিকা ও নিরাপত্তা। তার দরকার কর্ম ও সক্ষমতা। দেহসত্তার দাবি প্রতিফলিত হবে নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, ন্যায্য অর্থনীতি, স্বাস্থ’্যনীতি ও শারীরিক সামর্থ্য-নির্ভর কর্মসংগঠনে।
মনের দাবি জ্ঞান, শিক্ষা, সম্মান ও ভালোবাসা। আবেগ ও সহমর্মিতা, সৃজনশীলতা ও সংস্কৃতি মানুষের মনের খাবার, মনের পানীয়। মানসিক নিরাপত্তা মানুষের একান্ত জরুরত। নেতৃত্বে এ দাবি প্রতিফলিত হয় মানবমর্যাদা, দূরদর্শী চিন্তা, জ্ঞানভিত্তিক নীতি, শিক্ষার প্রসার, সংস্কৃতির উন্মেষ ও জনগণের প্রতি সহমর্মিতার মধ্য দিয়ে।
মানুষের চূড়ান্ত সারসত্য হলো আত্মা। দেহ ও মনকে ছাড়িয়ে নেতৃত্বে আধ্যাত্মিক মাত্রা প্রতিফলিত হয়। আত্মার দাবি জীবনের অর্থ খোঁজা। নেতৃত্বকে সেই দিকনির্দেশনা দিতে হয়, যাতে মানুষ শুধুই ভোগবাদে আটকে না যায়। আত্মার প্রয়োজন সত্য, ন্যায়, নৈতিকতা ও স”চরিত্র। নেতৃত্বের কাজ হলো মানুষকে সীমাবদ্ধ স্বার্থ থেকে বৃহত্তর ইনসানিয়াতের দিকে উত্তরণ ঘটানো। এ পথে আত্মার গভীরে থাকতে হবে খোদাবোধ ও সত্যের পবিত্রতায় সমর্পন। নেতৃত্বে আত্মার দাবি প্রতিফলিত হয় নৈতিক রাজনীতি, আধ্যাত্মিক প্রজ্ঞা, ঐচিত্যের প্রতি দায়বদ্ধতা, মানুষের আজাদী ও ন্যায়বিচার প্রতিষ্ঠায়।
এই তিন স্তরের সমন্বয় নির্দেশ করে কিভাবে নিরাপত্তা, জ্ঞান, নৈতিকতা ও আধ্যাত্মিকতা নেতৃত্বপ্রক্রিয়ায় একাকার হয়।
১.২. বাংলাদেশে বহু তরুণ রাজনৈতিক ‘নেতৃত্ব’-এর আকাক্সক্ষায় আকৃষ্ট হন। ক্ন্তিু নেতৃত্বের প্রকৃত অর্থ দায়িত্ব গ্রহণ, সেবা প্রদান, ত্যাগ স্বীকার। সেটা আয়ত্ত না করলে নেতৃত্বের আগ্রহ পথ হারায়।
এখানে নেতৃত্ব বলতে বোঝায় শুধু বক্তৃতা, পেশির প্রদর্শনী, ক্যামেরার সামনে উপস্থিতি বা প্রতীকী উচ্চারণ। এর বদলে যুবশক্তিকে শেখাতে হবে দায়িত্ব গ্রহণের মনোভাব; নিজের পরিবারের, সমাজের। তাকে রাষ্ট্রের, ভবিষ্যতের দায়িত্ব গ্রহণের সক্ষমতা নির্মাণ করতে হবে। একজন তরুণ যখন রাস্তার গর্তে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী মনে করেন, তখন তিনি নেতা না হলেও সমাজের নায়ক হতে যা”েছন।
১.৩. শিক্ষাগত ডিগ্রি অর্জনের সংস্কৃতি আমাদের সমাজে প্রাধান্য পেয়েছে। কিন্তু প্রকৃত জ্ঞানচর্চা;চিন্তা, পাঠ, গবেষণা, বিতর্ক ও প্রয়োগ বলতে গেলে অনুপস্থিত। বিকাশকামী তারুণ্যের জন্য জরুরি হলো , শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং গতিশীল ও বর্তমান জ্ঞান-সংস্কৃতি গড়ে তোলা। ডিগ্রি সমাজে চাকরি এনে দিতে পারে, কিন্তু‘ সমাজকে বদলাতে পারে নীতিনিষ্ঠা , চিন্তা, প্রজ্ঞা ও বিচারের গভীরতা।
১.৪. বাংলাদেশে রাজনৈতিক বা সামাজিক সমস্যার প্রতিক্রিয়ায় তরুণরা সজাগ। তাদের বিক্ষোভ বলতে গেলে চলমান। কিন্তু সেই বিক্ষোভ ও প্রতিক্রিয়াগুলোর ভবিষ্যতপ্রসারী কাঠামো কোথায়? দিকনির্দেশনা কোথায়?
বিকাশকামী যুবশক্তি শুধু প্রতিক্রিয়ায় সীমায়িত থাকতে পারে না। তারা বরং দক্ষতার গঠনমূলক বিকাশ ঘটাবে । তারা নেতৃত্ব হিসেবে হাজির হবে রাজনৈতিক গঠনে, সমাজ-দর্শনে, প্রযুক্তিতে, পরিবেশে, নীতি ও সংস্কৃতির দৃষ্টিকোণে। মনে রাখতে হবে প্রতিক্রিয়া আগুন জ্বালায়, বিকাশ আগামীর পথ দেখায়।
১.৫. তরুণদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ থাকলেও সেই আশা অনেক সময় সুবিধাবাদী বা স্বপ্ননির্ভর হয়ে পড়ে। পরিবর্তনের জন্য শুধু আবেগ নয়, দীর্ঘমেয়াদি অঙ্গীকার প্রয়োজন। প্রয়োজন সময়নিষ্ঠতা, আত্মসংযম, প্রকল্প বাস্তবায়ন, ও রাজনৈতিক শৃঙ্খলা। যে তরুণ স্বপ্ন দেখে সে আশাবাদী বটে , কিন্তু যে তরুণ নিয়মিত ঘাম ঝরায়, সে ভবিষ্যৎ নির্মাণ করে।
১.৬. পরিবর্তন চাইÑএই স্লোগান দিয়ে অনেক আন্দোলন শুরু হয়। কিন্ত পরিবর্তনের পথরেখা, কৌশল ও প্রক্রিয়া থাকে অনুপস্থিত। পরিবর্তনের পূর্বশর্ত হলো পদ্ধতি। যুবশক্তির কাছে স্পষ্ট থাকতে হবে, কিভাবে সমস্যার গোড়ায় পৌঁছতে হয়, কিভাবে স্থানীয় থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত বিকল্প পথ তৈরি হয়। পরিবর্তন হঠাৎ হয় না; তা গঠিত হয় কাঠামো, কৌশল, ধারাবাহিকতা আর নিষ্ঠার সমন্বয়ে।
১.৭. নেতৃত্ব একটি জটিল প্রক্রিয়া, যেখানে ব্যক্তিগত, সামাজিক, নৈতিক ও কৌশলগত সক্ষমতা একসাথে কাজ করে। যুব ডকট্রিন প্রক্রিয়াটিকে তাত্ত্বিক ভিত্তি প্রদান করে, যা যুবককে সমাজ ও রাষ্ট্রের জন্য দায়িত্বশীল, প্রজ্ঞাসম্পন্ন এবং ভবিষ্যত-সংবেদনশীল নেতা হিসেবে গড়ে তোলবে।
১.৮. যৌবন হলো জীবনের সে স্তর , যখন মানুষ শারীরিক শক্তি, মানসিক উদ্যম ও সামাজিক সৃজনশীলতায় পূর্ণ থাকে। বয়স এখানে একটি ইঙ্গিতমাত্র। আন্তর্জাতিক নীতিতে সাধারণত ১৫-৩৫ বছরকে যৌবনের সীমা ধরা হয়, ইসলামী দৃষ্টিতে তা নির্ধারিত হয় বালেগ হওয়া ও দায়িত্বগ্রহণের সক্ষমতার মাধ্যমে।
তাই যুব মানে:
ক.শক্তির প্রকাশ-কর্মস্পৃহা ও সংগ্রামের সামর্থ্য।
খ. চেতনার প্রকাশ-আত্মসচেতনতা ও নৈতিক দায়িত্ববোধ।
গ. সৃজনশীলতার প্রকাশ, নতুন পথ রচনা ও নেতৃত্বে অবতীর্ণ হওয়া।
যুব উন্নয়ন মানে এই শক্তিকে সুশৃংখল চেতনা এবং নৈতিক ও দক্ষ নেতৃত্বে রূপান্তর করা, যাতে তারা নিজের ও সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।
২. যুবশক্তি : বাংলাদেশের বাস্তবতা ও সম্ভাবনা
বাংলাদেশ একটি যুবভিত্তিক দেশ। মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ ১৮-৩৫ বছর বয়সী, যা দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গতিশীলতার একটি গুরুত্বপূর্ণ শক্তি। এই বৃহৎ যুবসমাজ দেশের ভবিষ্যতকে নতুন দিশা দিতে পারে, তবে তাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য নৈতিক, সামাজিক ও কৌশলগত দিকগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
২.১. যুবসংখ্যা ও বৈশিষ্ট্য
বাংলাদেশের যুবসমাজের বয়সভিত্তিক বৈচিত্র্য স্পষ্ট। ১৫-২৪ বছর বয়সী যুবকরা প্রধানত শিক্ষার্থী, নবীন পেশাজীবী বা দক্ষতা অর্জনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ২৫-৩৪ বছর বয়সী যুবকরা কর্মজীবী, উচ্চশিক্ষার্থী বা উদ্যোক্তা সম্ভাবনার দিকে অগ্রসর। সাক্ষরতার হার ইতোমধ্যে ৭৬% ছাড়িয়েছে। কিন্তু শিক্ষার পাঠ্যক্রম এবং শিল্পবাজারের চাহিদার মধ্যে একটি উল্লেখযোগ্য ফাঁক বিদ্যমান।
মানসিক ও শারীরিক দিক থেকে তারা উচ্চ উদ্যম, সৃজনশীল শক্তি এবং সক্ষমতায় সমৃদ্ধ। তবে প্রায়োগিকতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে অগ্রগতি সীমিত। তারা প্রযুক্তি ব্যবহারে সক্রিয়, সামাজিক মিডিয়া এবং ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে সামাজিক সচেতনতা, উদ্ভাবনী মনোভাব ও নৈতিক বোধ ক্রমবর্ধমান।
২.২. কর্মসংস্থান ও কর্মক্ষেত্র
কর্মসংস্থ’ানক্ষেত্রে যুবসমাজের অবস্থান ভিন্ন। সরকারি চাকরির সুযোগ সীমিত , কিন্তু প্রতিযোগিতা তীব্র। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং রাজনৈতিক প্রভাবও ব্যাপক। প্রাইভেট সেক্টর ও স্টার্টআপের ক্ষেত্র ক্রমবর্ধমান হলেও বিশেষ করে ৪র্থ শিল্পবিপ্লব সংক্রান্ত দক্ষতার ঘাটতি বড় চ্যালেঞ্জ। কৃষিতে গ্রামীণ যুবকরা আংশিকভাবে নিযুক্ত, তবে আধুনিক প্রযুক্তি ও আধুনিকীকরণের অভাবে উৎপাদনশীলতা কম। শহর বনাম গ্রাম বৈষম্যও স্পষ্ট। অধিকাংশ সুযোগ শহরকেন্দ্রিক। প্রশাসন, নীতি নির্ধারণ, উদ্ভাবনী শিল্প এবং সাংস্কৃতিক নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের অংশগ্রহণের সমন্বিত নীতি নেই। ফলে রাষ্ট্র ও সমাজের রূপান্তরে যুবশক্তি পুরোপুরি কাজে লাগছে না।
২.৩. অর্থনীতি ও সমাজে তারুণ্য
যুবসমাজ বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা প্রবাহের প্রধান চালিকাশক্তি। তৈরি পোশাক খাতে লক্ষ লক্ষ তরুণ-তরুণী কর্মরত। প্রবাসী আয়ের বড় অংশে যুব প্রজন্মের অবদান অনস্বীকার্য। ডিজিটাল উদ্ভাবন এবং স্টার্টআপ বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তারা উদ্ভাবনী উদ্যোগ নিচ্ছেন। জাতীয় জীবনে যুবকদের অবদান বিপুল। উপনিবেশ থেকে মুক্তির সংগ্রাম থেকে নিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলন , মুক্তিযুদ্ধ, নব্বই এর গণঅভ্যুত্থান ইত্যাদিতে তারা গৌরবময় ভূমিকা রেখেছেন। ১৯২৪ এর অভ্যুত্থানে তারাই ছিলেন মূল চালিকা। সাহিত্য, শিল্প, সংগীত, ক্রীড়া এবং সামাজিক আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
২.৪. বেকারত্ব, আংশিক কর্মসংস্থান ও নৈতিক অবক্ষয়
যুববেকারত্ব প্রায় ১১-১৩%, উচ্চশিক্ষিতদের মধ্যে এই হার আরও বেশি। আংশিকভাবে কর্মরত যুবকের সংখ্যা উল্লেখযোগ্য বটে। কিন্তু তাদের দক্ষতা পুরোপুরি ব্যবহার হচ্ছে না। অর্থনৈতিক চাপের সঙ্গে সামাজিক ঝুঁকি বেড়েছে। নৈতিক অবক্ষয় বিপদের বাজনা বাজাচ্ছে। মাদক, সাইবার শোষণ এবং সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উদ্ভাবনী শক্তির অপচয় হচ্ছে, মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে এবং নৈতিক অবক্ষয় ঘটছে।
২.৫. জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব
উপকূলীয় এবং গ্রামীণ অঞ্চলের যুবকরা জলবায়ু পরিবর্তন, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত। বাস্তুচ্যুতি, কৃষির ক্ষতি এবং অর্থনৈতিক সম্ভাবনার হ্রাস হচ্ছে । এই ধরনের সংকট যুবশক্তিকে সামাজিক ও অর্থনৈতিক বিকাশে সম্পূর্ণভাবে কাজে লাগাতে বাধা সৃষ্টি করছে।
২.৬. চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় উদ্যোগ
বাংলাদেশে যুবশক্তির সামনে প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে উচ্চশিক্ষিত বেকারত্ব, আংশিক কর্মসংস্থ’ান, দক্ষতা ও শিক্ষার সমন্বয়হীনতা, শহর-গ্রাম বৈষম্য, সামাজিক ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন সমন্বিত নীতি ও কৌশল, যা প্রযুক্তি, উদ্ভাবন এবং উদ্যোক্তা-দক্ষতা বৃদ্ধির সঙ্গে যুব নেতৃত্ব ও সামাজিক অংশগ্রহণের সুযোগকে প্রসারিত করবে। শহর-গ্রাম সমতা, সামাজিক ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ ব্যবস্থাপনায় যুবশক্তির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও অপরিহার্য।
৩. যুবনেতৃত্ব কৌশলের মূল স্তম্ভ
যুবশক্তির বিকাশে আমরা যদি কৌশলপত্র নিয়ে চিন্তা করি, তাহলে তার মুখ্য স্তম্ভগুলোকে মাথায় রাখতে হবে। যা বাস্তবায়নযোগ্য কর্মধারা প্রস্তাব করবে। এর মূল স্তম্ভগুলো হচ্ছে -
১. চেতনার বিপ্লব (Consciousness Revolution)
২. দ্ব্যর্থহীন দক্ষতা (Skill without Subservience)
৩. তথ্য সার্বভৌমত্ব (Information Sovereignty)
৪. ভূ-রাজনৈতিক সচেতনতা (Geopolitical Awareness)
৫. ন্যায্যতা ও ভবিষ্যৎ সুরক্ষা (Justice & Future Security)
৬. উদ্ভাবনী নেতৃত্ব ও কৌশলচর্চা ((Innovative Leadership & Strategic Practice)
৩.১. চেতনার বিপ্লব
এ হচ্ছে মৌলিক রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি, যা কেবল বাহ্যিক উন্নয়ন নয়, বরং অন্তরচক্ষুর জাগরণকে কেন্দ্র করে গঠিত। এই স্তম্ভ জাতিকে এক বৈপ্লবিক বুদ্ধিবৃত্তিক, নৈতিক এবং সাংস্কৃতিক জাগরণের দিশা দিতে পারে। যেখানে যুবসমাজ হবে আত্মজাগরিত, ঐতিহাসিকভাবে সংবেদনশীল এবং ন্যায়ের জন্য দায়বদ্ধ।
এ স্তম্ভের তিনটি প্রধান উপাদানের দিকে খেয়াল রাখতে হবে বিশেষভাবে।
৩.১.১. রূহানী সত্তা :
যা মানুষের ভেতরের আধ্যাত্মিক শক্তি, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি দায়বদ্ধতাকে বিকশিত করে। যুব নেতৃত্বে এর প্রভাব হলোÑ
ক. আত্ম-চেতনা : একজন তরুণ যখন নিজের সত্তাকে আল্লাহর বান্দা ও খলিফা হিসেবে উপলব্ধি করে, তখন নেতৃত্ব তার কাছে সুবিধালুণ্ঠনের বিষয় নয়, কিংবা ক্ষমতার খেলা নয়। বরং নেতৃত্ব তখন আমানত, নেতৃত্ব তখন দায়িত্ব ।
খ. অভ্যন্তরীণ শক্তি ও সততা : রূহানী শুদ্ধি তাকে লোভ, ভয়, হতাশা বা প্রলোভনকে অতিক্রম করতে শেখায়। নিজের স্বার্থের চেয়ে সর্বজনীন কল্যাণকে সে অগ্রাধিকার দেয়। এতে সংকটে দৃঢ় নেতৃত্ব গড়ে ওঠে। নৈতিক ভিত্তি হয় বলীয়ান।
গ. অভিন্ন মানবিকতা ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত : আল্লাহর সৃষ্টির প্রতি দায়বদ্ধতা তরুণ নেতাকে সবার মঙ্গল কামনায় অনুপ্রাণিত করে, জাতি-ধর্ম-বর্ণের সীমা ছাড়িয়ে এক মানবিক নেতৃত্ব তৈরি হয়। নেতৃত্বের চালক হয় ন্যায়। সবার জন্য ন্যায়কে সে কামনা করে, প্রতিষ্ঠা দিতে চায়।
কৌশল ও নীতি :
ক. যুবাদের জন্য আধ্যাত্মিক উন্নয়নমূলক প্রশিক্ষণ , রূহানী যাপন ও নৈতিক-চারিত্রিক তরবিয়তের ব্যবস্থাপনা।
খ. শিক্ষা ও সামাজিক কার্যক্রমে নৈতিক-আধ্যাত্মিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা।
গ. তরুণদের সামনে সৎ নেতৃত্বের উদাহরণ তুলে ধরা। এটা শুধু ইতিহাস থেকে নয়, নিজেদের চর্চায় বাস্তব দৃষ্ঠান্ত ম্থাপনের মাধ্যমেও।
ঘ. জাতীয় যুবনীতিতে আত্মশুদ্ধি, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে অন্তর্ভুক্ত করা।
ঙ. বিদ্যমান বৈষম্য দূর করে অভিন্ন মানবিক ন্যায়ের ভিত্তিতে সমাজগঠন নিশ্চিত করা।
চ. দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি প্রণয়ন করা।
৩.১.২. আত্মপরিচয় ও নেতৃত্ব :
আত্মপরিচয় হলো ব্যক্তি বা গোষ্ঠীর নিজেকে বোঝার ও সংজ্ঞায়িত করার ক্ষমতা। আত্মপরিচয় দুই স্তরে কাজ করেÑ
ক. ব্যক্তিগত আত্মপরিচয়; আমি কে? আমি কোথা থেকে? আমার মূল্যবোধ কী? আমার লক্ষ্য কী? আমার গন্তব্য কোথায়?
খ. জাতীয় ও সামাজিক আত্মপরিচয়; আমি কোন জাতির অংশ? আমার ইতিহাস কী? কীভাবে আমি সমাজসত্তাকে বহন করছি? আমার জাতির প্রতি আমার দায়িত্ব কী?
জাতীয় ও সামাজিক আত্মপরিচয় বিকশিত হয় একটি জনগোষ্ঠীর ঐতিহাসিক অভিজ্ঞতা, ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও সংগ্রামের সমষ্টিগত প্রতিফলন হিসেবে। জাতিসত্তার অর্থে। যা গড়ে ওঠেÑসামাজিক মূল্যবোধ ও ধর্মীয়-আধ্যাত্মিক ভিত্তি থেকে,ইতিহাসের স্মৃতি থেকে ( যুদ্ধ, মুক্তি, সংগ্রাম) ভাষা ও সংস্কৃতি থেকে, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাক্সক্ষা থেকে।
টেকসই যুবনেতৃত্ব গড়ে ওঠে তখনই, যখন তরুণরা জাতিসত্তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক শেকড় উপলব্ধি করে, নিজেদের আত্মপরিচয় স্পষ্ট করে, দূরদৃষ্টি ও নৈতিকতাকে নেতৃত্বের ভিত্তি বানায়।
যুবনেতৃত্ব জাতিসত্তাকে ভবিষ্যতের সাথে যুক্ত করে এবং আত্মপরিচয়কে বাস্তব কর্মে রূপায়িত করে। তরুণ নেতৃত্ব জাতির ঐতিহাসিক বিকাশের ধারায় তার উন্নত ভবিষ্যত রচনা করবে, তার সংস্কৃতি ও মূল্যবোধকে রক্ষা ও বলিয়ান করে।
কৌশল ও নীতি :
ইতিহাস, সংস্কৃতি এবং মুক্তিসংগ্রামের ধারা ও বাস্তবতার সাথে যুবকদের নৈকট্য বাড়ানো, পাঠ্যক্রমে তা যথানিয়মে অন্তর্ভুক্ত করা।
কৌমজীবন, সাংস্কৃতিক আন্দোলন এবং সাহিত্য ও শিল্পচর্চায় জাতিসত্তার বোধ জাগানো।
যুবাদের অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যা সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আত্মপরিচয়ের দাবি রক্ষায় ভূমিকা রাখবে।
শিক্ষা ব্যবস্থ’ায় জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধকে বাধ্যতামূলক করা।
ভাষা , সংস্কৃতি, ঐতিহ্যের সুরক্ষা ও বিকাশে রাষ্ট্রীয় সুরক্ষা ও প্রণোদনা দেওয়া।
স্থ’ানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আত্মপরিচয়মূলক কর্মপ্রয়াসে যুব অন্তর্ভূক্তিকে বাধ্যতামূলক কাঠামোয় যুক্ত করা।
৩.১.৩. চিন্তার শক্তি ও নেতৃত্ব
চিন্তার শক্তি বলতে শুধু যুক্তি বা তত্ত্বপ্রয়োগ নয়। চিন্তার শক্তি মানে আত্মবিশ্লেষণের ক্ষমতা, যেখানে নেতা প্রথমেই নিজেকে প্রশ্ন করে এবং নিজের সীমাবদ্ধতা চিনে নেয়। চিন্তার শক্তি মানে জিজ্ঞাসাকে ধারণ করার সাহসÑঅর্থাৎ নতুন প্রশ্নের সামনে দাঁড়াতে ভয় না পাওয়া, প্রচলিত ধারা বা ধারণাকে চ্যালেঞ্জ করতে পারা। এই শক্তি ছাড়া নেতৃত্ব অন্ধ হয়ে পড়ে।
নেতৃত্বের জন্য চিন্তার শক্তি আরও জরুরি । কারণ এর হাত ধরে তত্ত্ব থেকে কর্মে রূপান্তরের প্রক্রিয়া অগ্রসর হয়। কোনো নেতা যদি শুধু স্বপ্ন বা আদর্শেই আটকে থাকে, তবে তার চিন্তা অনর্থক হয়ে যায়। আবার শুধুমাত্র কর্মমুখী হলে তা গন্তব্যহীন কার্যকলাপে পরিণত হয়। চিন্তার শক্তি এই দুই প্রান্তকে যুক্ত করে। তত্ত্বকে বাস্তবতার ভেতর কার্যকর রূপে দাঁড় করায়।
চিন্তার শক্তি আসলে দূরদৃষ্টি, বিশ্লেষণ ক্ষমতা এবং নৈতিক সাহসের মিলিত রূপ। এ শক্তি নেতৃত্বকে সংকটের সময়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণে দিশা দেয়, এবং অন্যদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা সৃষ্টি করে। যে নেতৃত্ব চিন্তার শক্তিকে উপেক্ষা করে, সে হয়তো অস্থায়ী জনপ্রিয়তা পেতে পারে, কিন্তু‘ দীর্ঘস্থায়ী রূপান্তর আনতে পারে না।
কৌশল ও নীতি :
যুব নেতৃত্ব উন্নয়নে Critical Thinking I Ethical Reasoning এর উপর ভিত্তি করে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা।
নীতি-আলোচনা, ডিবেট, গবেষণা ও চিন্তাসংঘ গড়ে তোলা, যেখানে যুবারা নিজেদের ভাবনা প্রকাশ করতে পারবে।
সংকট উত্তরণমূলক অধ্যয়ন, উদ্ভাবন ও গবেষণায় তরুণদের উৎসাহিত করা।
শিক্ষা নীতিতে যৌক্তিক, প্রায়োগিক চিন্তা ও সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া।
নৈতিক নেতৃত্ব গঠনে নিয়মিত ক্যারিয়ার কাউন্সেলিং, লিডারশিপ ল্যাব ও গবেষণা তহবিল গঠন করা।
রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তরুণদের জন্য নেতৃত্বের জায়গা নিশ্চিত করা।
৩.১.৪. জাতীয় পর্যায়ে Youth Philosophy Movement :
এই মুভমেন্টের কথা বলছি , কারণ-জীবনের উদ্দেশ্য, আত্মপরিচয়, ও রাষ্ট্রতত্ত্ব নিয়ে যুবকদের চিন্তাকে সক্রিয় করা জরুরি ।
বাংলাদেশে এক চিন্তাগত নবজাগরণ সংগঠিত করতে হবে, যার কেন্দ্রে থাকবে যুবচিন্তা।
এজন্য বিশ্ববিদ্যালয় , কলেজ ও মাদরাসা পর্যায়ে প্রাতিষ্ঠানিক -অপ্রাতিষ্ঠানিক চিন্তাসংঘ গঠন করে সমাজতাত্ত্বিক, দার্শনিক, ঐতিহাসিক, ধর্মীয় ও অর্থনৈতিক ভাবনার অনুশীলন করা। কিন্তু তা কেবল বিদ্যালয় কেন্দ্রীক হলে চলবে না। সমাজের আরো তৃণমূলে; সবল ও সক্রিয় সম্ভাবনার মধ্যেও এর বাণী ও বার্তাকে চারিয়ে দিতে হবে। স্বতন্ত্র চিন্তার স্বীকৃতি দিতে শিখতে হবে। যেখানে তরুণেরা শুধুমাত্র কর্মসংস্থানের জন্য নয়, সমাজের নৈতিক অবকাঠামোর গঠন ও পুনর্গঠনে যুক্ত হবে।
এমনতরো আন্দোলন হবে একটি অনুশীলনভিত্তিক, চিন্তাকেন্দ্রিক জাতীয় রূপান্তরমূলক প্ল্যাটফর্ম।
৩.১.৫. যুবকদের মাঝে চেতনাবোধের বীজ রোপণ:
তাদের অন্তর ও চিন্তার গভীরে প্রত্যয়, মূল্যবোধ ও দৃষ্টিসম্পন্ন বুদ্ধি বপন করতে হবে। যা ধীরে ধীরে বেড়ে উঠবে এবং ভবিষ্যতের সিদ্ধান্ত, আচরণ ও রাষ্ট্রদর্শনের ভিত্তি গড়ে দেবে। যেমন -
আত্মবোধ (Selfhood):
-আত্মবোধ মানে হলোÑআমি কে?, আমি কেন বেঁচে আছি?, আমার দায় কী?Ñএমনতরো প্রশ্নের উত্তর খোঁজা।
-আত্মপরিচয় গড়ে না উঠলে মানুষ নিজেকে বাজারের পণ্য, ভোটব্যাংকের সংখ্যা বা কেবল শ্রেণি পরিচয়ে আবদ্ধ রাখে।
কালের বোধ (Historicity):
-যুবকদের বোঝাতে হবে যে, তারা ইতিহাসের ধারা থেকে বিছিন্ন নয়। তারা এক উত্তরাধিকার বহন করছে এবং ভবিষ্যতের উত্তরাধিকার নির্মাণ করছে।
-ইতিহাসবিমুখতা মানেই আত্মপরিচয়হীনতা, যা রাষ্ট্রবিনাশের পূর্বশর্ত হয়ে দাঁড়ায়।
ন্যায়বোধ (Justice Conscience):
এ চেতনাবোধ মানুষকে চিন্তাগত অগ্রগতি দেয়। শুধু নিজে ভালো থাকার বৃত্ত থেকে উত্তীর্ণ হয়ে সবাইকে ভালো রাখার দিকে ধাবিত করে। ইসলাম এর গোড়ায় খলিফা হিসেবে মানুষের পরিচয়কে প্রতিষ্ঠিত করে।
ন্যায়বোধ একটি সামাজিক রাডার। সে এক প্রবল শক্তি। অনৈতিকতা, বৈষম্য, শোষণ ও ক্ষমতার অপব্যবহারের বিপরীতে সে প্রতিরোধ গড়ে তোলে।
আত্মবোধ মানুষকে জাগাবে, কালের বোধ মানুষকে দায় বুঝাবে, আর ন্যায়বোধ মানুষকে সততার যোদ্ধা বানাবে।
৩.২. দ্ব্যর্থহীন দক্ষতা (Skill without Subservience)
স্তম্ভটি বাংলাদেশের যুবশক্তিকে এমন দক্ষতা, অন্তর্দৃষ্টি ও প্রযুক্তিগত ক্ষমতায়নের প্রস্তাব করে, যা একদিকে আত্মনির্ভরতা নিশ্চিত করবে, অন্যদিকে জাতিকে পরাধীনতামুক্ত, টেকসই ও নেতৃত্বদানকারী ভবিষ্যতের পথে পরিচালিত করবে। দ্ব্যর্থহীন কথাটা বলছি, কারণ সে বলছে Ñদক্ষতা হবে স্বছ, স্বাধীন এবং লক্ষ্যনির্ভর। কোনো প্রভুভক্ত মানসিকতা কিংবা নিছক চাকরিপ্রার্থী সত্তায় আটকে থাকলে দ্ব্যর্থহীন দক্ষতা আসবে না।
আধুনিক রাষ্ট্র ও সমাজের জটিল চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের দূরদৃষ্টি, সৃজনশীল চিন্তাভাবনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ ঘটাতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণের কৌশল জানতে হবে। Hard Skills এর মাধ্যমে কাজ করার ক্ষমতার বিকাশ ঘটবে। Soft Skills এর মাধ্যমে মানবিক উন্নয়ন, মানুষকে নেতৃত্বদান ও পরিচালনার ক্ষমতা বিকশিত হবে। স্ট্রাটেজিক দক্ষতাকেও আমরা বিশেষভাবে হাজির করবো ।
৩.২.১. Soft Skills (নৈতিক ও আন্তঃসম্পর্ক দক্ষতা)
এই দক্ষতার উদ্দেশ্য হবে মানুষকে মানুষ হিসেবে পরিচালনার সক্ষমতা অর্জন। এ হচ্ছে ব্যক্তির নৈতিকতা, সামাজিক আচরণ, আন্তঃসম্পর্ক রক্ষা ও নেতৃত্বদানের ক্ষমতা। হার্ড স্কিল যন্ত্র, প্রযুক্তি ও প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, আর সফট স্কিলস মানুষ, সমাজ ও মূল্যবোধের সাথে সম্পর্কিত। একে বলা যায় মানবিক বুদ্ধিমত্তার ভিত্তি। এই স্বরে বিকাশের বিশেষ ক্ষেত্র :
ক. মূল্যবোধ ও নৈতিকতা : দক্ষতা নৈতিকতার মুখাপেক্ষি। কারণ নৈতিকতা ছাড়া দক্ষতা বিপজ্জনক হয়ে ওঠে। দক্ষতা নিয়ে প্রোগ্রামার যাচ্ছে তাই হ্যাকিং করতে পারে। যা বড় ক্ষতি ডেকে আনতে পারে। কিন্তু নৈতিকতা থাকলে সেটি নিরাপত্তায় রূপান্তরিত হয়। অতএব খোদাভীতি, সততা, দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণতা ও মানবিক আচরণের মাধ্যমে ব্যক্তিত্ব গঠন জরুরি।
খ. কৌশলগত চিন্তাভাবনা : কৌশলগত চিন্তাশক্তি ছাড়া নেতৃত্ব শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকে। একজন সফল নেতা কেবল বর্তমানে থাকেন না, ভবিষ্যতেও থাকেন। ভবিষ্যতের বাস্তবতা কল্পনা করতে পারেন। অতএব ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ, সম্ভাব্য চ্যালেঞ্জ অনুমান করা এবং সঠিক পরিকল্পনার সক্ষমতা গুরুত্বপূর্ণ।
গ. সমস্যার সমাধানের দক্ষতা : কীভাবে কাজ হবে, এটা শেখায় হার্ড স্কিল। কিন্তু সফট স্কিলস শেখায় সমস্যা হলে সমাধান কীভাবে আসবে। প্রযুক্তি ব্যর্থ হলে মানুষের সৃজনশীল সমাধানই শেষ উপসংহার। অতএব কোনো সমস্যার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ও স্থায়ী সমাধান দেওয়ার ক্ষমতা গঠন করতে হবে, বিকশিত করতে হবে।
ঘ. ঝুঁকি ও সুযোগ বিশ্লেষণ : নেতা শুধু ঝুঁকি এড়ান, তা নয়। তিনি সঠিক সময়ে ঝুঁকি নিয়ে সুযোগকে কাজে লাগান। এটা একজন কৌশলগত নেতার বড় গুণ। নেতাকে সম্ভাব্য ঝুঁকি আগে থেকেই চিহ্নিত করতে হবে এবং সুযোগকে সঠিক সময়ে কাজে লাগানোর সক্ষমতা অর্জন করতে হবে। এটি মূলত ভবিষ্যৎদর্শী নেতৃত্বের দক্ষতা।
ঙ. সাংস্কৃতিক সচেতনতা : চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্বায়ন বহুসাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে। কর্মক্ষেত্রে বৈচিত্র্যময় সংস্কৃতিকে না বুঝলে টিমওয়ার্ক ও আন্তর্জাতিক সহযোগিতা অসম্ভব। ফলে বিভিন্ন সমাজ, ভাষা, ইতিহাস, শিল্প-সাহিত্য ও ঐতিহ্যকে বোঝা ও সম্মান করার মন গঠন ও আখলাক অবলম্বন করতে হবে।
চ. সামাজিক সংহতি : প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে সামাজিক বৈষম্য বাড়ছে। সামাজিক সংহতি ছাড়া একটি সমাজ প্রযুক্তিতে উন্নত হলেও মানবিকতায় পিছিয়ে পড়ে।
এজন্য বিভিন্ন শ্রেণি-পেশা, সম্প্রদায়-বর্ণ নির্বিশেষে ইনসাফ, ন্যায়বিচার, সহমর্মিতা ও স্বচ্ছতা বজায় রাখার ক্ষমতা থাকতে হবে ।
ছ. সৃজনশীলতা ও উদ্ভাবন : প্রযুক্তি ও জ্ঞান যত দ্রুত বাড়ছে, তত দ্রুত পুরনো পদ্ধতি অকার্যকর হচ্ছে। তাই উদ্ভাবনী চিন্তাশক্তিই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের আসল চালিকাশক্তি।
অতএব নতুন ধারণা তৈরি করা, প্রচলিত অটেকসই ধারা ভেঙে ভিন্ন দৃষ্টিভঙ্গি আনা এবং বহুমুখী সমাধান তৈরি করার দক্ষতা জরুরি।
জ. সামষ্টিক নেতৃত্ব : এটি সফট স্কিলস এর চূড়ান্ত স্তর। এখানে নেতৃত্ব মানে ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমর –এর সাফল্য। আধুনিক রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠান টেকসই ভবিষ্যতের জন্য এরকম নেতৃত্ব আশা করে।
ফলে ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে বৃহত্তর সমাজ, প্রতিষ্ঠান বা জাতির কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা অর্জন জরুরি।
৩.২.২. Hard Skills (কঠিন বা প্রযুক্তিগত দক্ষতা)
এগুলো হলো সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য দক্ষতা। যা সরাসরি কোনো কাজ বা পেশার ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সাধারণত প্রশিক্ষণ, কোর্স বা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তা অর্জিত হয়। চতুর্থ শিল্পবিপ্লবের (৪ওজ) মূল ভিত্তি এই দক্ষতার ওপর নির্ভরশীল। এই ধারায় মুখ্য দিকগুলো হচ্ছে -
ক. ডিজিটাল লিটারেসি ও প্রোগ্রামিং
ডিজিটাল লিটারেসি মানে হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মৌলিক দক্ষতা। যেমন: কম্পিউটার চালানো, ইন্টারনেট ব্যবহারে দক্ষতা, সফটওয়্যার ব্যবহারের জ্ঞান। প্রোগ্রামিং মানে হলো কম্পিউটার- ভাষা (যেমন Pzthon, Java, C++) ব্যবহার করে নতুন অ্যাপ বা সফটওয়্যার তৈরি করা।
এই দক্ষতার প্রয়োগক্ষেত্র ব্যাপক। যেমন অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডিজাইন, ওয়েবসাইট বানানো, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রোগ্রাম তৈরি।
খ. ডেটা অ্যানালাইসিস ও এআই দক্ষতা
বর্তমানে তথ্য (Data) হলো শক্তি। ডেটা অ্যানালাইসিস মানে , বিপুল তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া। আর এআই (Artificial Intelligence) দক্ষতা হলো মেশিন লার্নিং ও অ্যালগরিদমের মাধ্যমে প্রযুক্তিকে ‘শেখানো’, যাতে সে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
এই দক্ষতার প্রয়োগ ঘটানো যায় ব্যবসায়িক কৌশল নির্ধারণে, স্বাস্থ্য গবেষণায় রোগের পূর্বাভাস দানে, ব্যাংকিংয়ের ঝুঁকি বিশ্লেষণে, স্মার্ট সিটি ম্যানেজমেন্ট ইত্যাদিতে।
গ. কৃষি ও শিল্প প্রযুক্তি
কৃষি এখন শুধু প্রচলিত পদ্ধতিতে আবদ্ধ নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিতে উৎপাদন বাড়ানো হচ্ছে। যেমন cision Farming এ সেন্সর, ড্রোন ও স্যাটেলাইট ব্যবহার করে জমির সঠিক অবস্থা নির্ণয় করে বীজ, পানি ও সার প্রয়োগ করা হয়। শিল্পে Smart Manufacturing মানে হলো রোবট, অটোমেশন ও আইওটি (Internet of Things) ব্যবহার করে দ্রুত ও নির্ভুল উৎপাদন।
এ দক্ষতার প্রয়োগে কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধি, শিল্পে কম খরচে বেশি উৎপাদন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হবে।
ঘ. সাইবার সিকিউরিটি ও নেটওয়ার্ক ম্যানেজমেন্ট
ডিজিটাল যুগে সাইবার আক্রমণ, হ্যাকিং, তথ্য চুরি ইত্যাদি বড় হুমকি। সাইবার সিকিউরিটি হলো সেই আক্রমণ থেকে নেটওয়ার্ক ও তথ্য সুরক্ষা করার দক্ষতা। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট হলো ইন্টারনেট, সার্ভার, ডাটাবেস ও যোগাযোগ ব্যবস্থার সঠিক নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ।
এর প্রয়োগক্ষেত্র বিস্তৃত। যার মধ্যে আছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তা, ব্যাংকিং ও ই-কমার্স সিস্টেম রক্ষা, সামরিক ও জাতীয় নিরাপত্তায় তথ্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ খাত।
ঙ. ইঞ্জিনিয়ারিং ও বৈজ্ঞানিক প্রয়োগ
বিজ্ঞানের নতুন আবিষ্কারকে কাজে লাগিয়ে বাস্তব সমস্যার সমাধান করাই মূলত ইঞ্জিনিয়ারিং। যেমনÑরোবোটিক্স: বিভিন্ন কাজে রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বায়োটেকনোলজি: চিকিৎসা, কৃষি ও খাদ্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার।
চ. গ্রিন টেকনোলজি
পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সৌরশক্তি, বায়ুশক্তি ও বর্জ্য পুনর্ব্যবহার প্রযুক্তি। এই দক্ষতার প্রয়োগে শিল্পে উৎপাদন, চিকিৎসায় অঙ্গ প্রতিস্থাপন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব উন্নয়ন গতিমান হবে।
৩.২.৩. Strategic Skills (কৌশলগত ও ভবিষ্যত-সংবেদনশীল দক্ষতা)
এই দক্ষতার উদ্দেশ্য হবে ভবিষ্যতের বিশ্বে নেতৃত্বদানের জন্য দূরদৃষ্টি ও পরিপক্বতা তৈরি করা। এই স্তরে তরুণরা Geo-economics, Cyber Strategy, Environmental Diplomacy, Global Governance, Space Policy ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে। যা তরুণদের গ্লোবাল ভিশনকে ঋদ্ধ করবে, শুধু চাকরি নয়, নীতি, কৌশল ও দিকনির্দেশনায় তাদেরকে ভূমিকাযোগ্য বানাবে ।
Geo-economics শেখার অর্থ কী? এর অর্থ হলো অর্থনীতি, কূটনীতি ও নিরাপত্তার মধ্যে যে অদৃশ্য অথচ শক্তিশালী আন্তঃসম্পর্ক কাজ করে, তা বোঝা। Cyber Strategy ছাড়া আধুনিক কোনো জাতিই ডিজিটাল স্বার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। আবার Climate Diplomacy I Resource Security ছাড়া ভবিষ্যতের মানবিক অস্তিত্ব টেকসই হবে না। তাই এই স্তম্ভকে দাঁড় করাতে বিশেষভাবে প্রয়োজন প্রাতিষ্ঠানিক উদ্যোগ। যেমন -
ক. Youth Tech-Hub & Green Lab (প্রতিটি উপজেলাপৌরসভায় বাধ্যতামূলক)
এটি হবে ভবিষ্যতচর্চার ঘরোয়া অবকাঠামো। এখানে বাস্তব অনুশীলনের মাধ্যমে তিন স্তরের দক্ষতা অর্জন সম্ভব হবে।
Youth Tech-Hub:: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিকস, কোডিং, ডেটা সায়েন্স, ডিজিটাল উদ্যোক্তা তৈরির কেন্দ্র। এটি তরুণদের হাতে তুলে দেবে একটি প্রযুক্তি-সেতু, যা গ্রামের এক কিশোরকেও বিশ্বমানের দক্ষতার সঙ্গে যুক্ত করবে।
Green Lab: পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় স্থ’ানীয় সমাধানের চর্চাকেন্দ্র। Climate-smart agriculture, renewable energy, waste-to-resource technology, এবং স্থানীয় ecology রক্ষার প্রকল্প এখানে বাস্তবায়িত হবে। এর লক্ষ্য হবে সবুজ জীবনবাদ ও বৈজ্ঞানিক মানবিকতার বিনির্মাণ।
খ. Defense Lab :
Defense Lab হবে একটি কৌশলগত গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র। এখানে রাষ্ট্রীয় নিরাপত্তা, সামরিক কৌশল, প্রযুক্তি ও প্রতিরক্ষা নীতি বিষয়ক চিন্তা, গবেষণা, বিশ্লেষণ ও প্রযুক্তি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
এটি কেবল অস্ত্র উন্নয়ন বা সামরিক গবেষণার কেন্দ্র নয়, বরং একটি কৌশলগত জ্ঞান-ভিত্তিক প্রতিষ্ঠানÑযেখানে দেশের সার্বভৌমত্ব, ভূরাজনীতি, সাইবার নিরাপত্তা ও ভবিষ্যত যুদ্ধপদ্ধতি বিষয়ে কাজ হয়। সে এসব বিষয়ে বিশ্লেষণ ও নীতিমালা প্রস্তাব করবে, প্রণয়ন করবে। এটি হবে বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান। যেখানে প্রতিরক্ষায় অস্ত্রের সাথে কূটনীতি, রাজনীতির সাথে প্রযুক্তি, কৌশলের সাথে ঐকান্তিকতা ও নিষ্ঠার যোগ নিশ্চিত করা হবে।
এই সব প্রতিষ্ঠানের যৌথ উদ্দেশ্য হবে প্রযুক্তিগত দক্ষতা যেন বিশ্বমানের হয়। তাকে যেন কেবল উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখা না হয়। এই দক্ষতা যেন মানুষ, মাতৃভূমি, প্রকৃতি, পরিবেশ ও ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল এক মানবিক বুদ্ধিবৃত্তির প্রকাশ হয়ে ওঠে।
৩.৩. স্বাধীনতা-পরবর্তী আরেক যুদ্ধ; তথ্যের সার্বভৌমত্ত :
তথ্যের স্বায়ত্তশাসন ও নিয়ন্ত্রণের স্বাধীনতা জরুরী। তথ্য কোথা থেকে আসে, কীভাবে ব্যবহৃত হয়, কোথায় সংরক্ষিত হয় এবং কার কাছে অ্যাক্সেস থাকবেÑএসব বিষয়ে স্বশাসনের ক্ষমতা অর্জন করতে হবে। তথ্য, জ্ঞান ও সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে আত্মপরিচয় রক্ষার সংগ্রামের গুরুত্ব ক্রমবর্ধমান। আজকের বিশ্বে যুদ্ধ কেবল ভূমিতে হয় না, কেবল অস্ত্রে হয় না। বরং যুদ্ধ চলছে তথ্যপ্রবাহে, মনোজগতে । যুদ্ধ চলছে ইতিহাস দখলের। যুদ্ধ চলছে দৃষ্টিভঙ্গির ওপর কলোনি তৈরীর মাধ্যমেও । বাংলাদেশের তরুণদের সেই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হতে হলে দরকার সুসংহত নীতিমালা, ডিজিটাল সচেতনতা এবং কৌশলগত সক্ষমতা। এক্ষেত্রে দরকার :
৩.৩.১. Content Sovereignty Policy:
এ হচ্ছে রাষ্ট্রীয় ও কৌশলগত তথ্যনীতির পথপ্রস্তাব। যা বাংলাদেশে বিদেশী তথ্য-আগ্রাসন মোকাবেলা করবে। সাংস্কৃতিক উপনিবেশবাদের প্রতিটি ক্ষেত্র ও ফাঁক -ফোকরে সচেতন প্রতিরোধ নিশ্চিত করবে ।
গ্লোবাল মিডিয়া, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং অ্যালগোরিদমিক ফিডÑসবখানেই চলছে আধিপত্যবাদী-সাম্রাজ্যবাদী বা বহুজাতিক কর্পোরেট বয়ানের আধিপত্য। এতে তরুণদের ইতিহাস, মূল্যবোধ, ভাষা ও আত্মপরিচয় হুমকির মুখে পড়ে।
এই নীতির মাধ্যমেÑস্থানীয় কনটেন্ট নির্মাতাদের প্রশিক্ষিত করা হবে। পাঠ্যক্রমে তথ্যনির্ভর সাংস্কৃতিক প্রতিরোধ শিক্ষা দেওয়া হবে এবং গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশের নিজস্ব ন্যারেটিভ তুলে ধরা হবে।
তরুণদের জন্য ডিজিটাল সেন্সরশিপ নয়, বরং তথ্য-জ্ঞানভিত্তিক সচেতন প্রতিরোধ সক্ষমতা জরুরি।
৩.৩.২. Digital Youth Citizenship Card:
এটি হবে একটি ডিজিটাল পরিচয়পত্র ও কৃতিত্বস্বীকৃতির প্ল্যাটফর্ম, যেখানে তরুণদেরÑগবেষণাকর্ম,জ্ঞান-নির্মাণে অংশগ্রহণ,স্বেচছাসেবী কার্যক্রম, প্রযুক্তি ও সামাজিক উদ্ভাবনে অবদান ইত্যাদিতে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হবে।
এই কার্ডের মাধ্যমে তৈরি হবে জ্ঞানভিত্তিক বিশেষ নাগরিকত্ব। এই অর্জন নিশ্চিত হবে তথ্যচর্চা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে। এটি ভবিষ্যতের ডিজিটাল সিভিক পার্টিসিপেশনের মডেল হতে পারে।
৩.৩.৩. Youth Simulation Council:
উচ্চ শিক্ষার প্রতিটি প্রতিষ্ঠানে Youth Simulation Council গঠন হবে, যা হবে একটি চিন্তানির্ভর রাষ্ট্রচর্চার ল্যাব।জাতীয়ভাবে একটা ফেডারেশন বা নেটওয়ার্ক গড়ে তোলা যেতে পারে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখাগুলো একত্রিত হয়ে জাতীয় পর্যায়ে কনফারেন্স ও কৌশলগত গেমিং সেশন আয়োজন করবে। (কলেজ স্তরে এটি হতে পারে একটি প্র¯‘তিমূলক বা প্রাথমিক ল্যাব।)
এখানে তরুণরা নানা অধিবেশনে অংশ নেবে। যেমন তথ্যযুদ্ধের কৌশল (information warfare), সাইবার কূটনীতি (cyber diplomacy), ভূরাজনৈতিক চিন্তাভাবনা (geo-strategy), জাতিসংঘ, OIC, SAARC ইত্যাদির অনুকরণমূলক সংলাপ ।
এটি তরুণদের পরিণত করবে যুক্তি, তথ্য, নৈতিকতা ও কৌশলের মাধ্যমে নেতৃত্বদানকারী ভবিষ্যত নাগরিক হিসেবে। ক্লাসরুম আর সিলেবাসের গণ্ডি পেরিয়ে জ্ঞানকে রাজনৈতিক ও কৌশলগত হাতিয়ার হিসেবে গড়ে তোলাই এর লক্ষ্য।
৩.৪. ভূ-রাজনৈতিক সচেতনতা:
স্তম্ভটি বাংলাদেশের তরুণ সমাজকে স্বদেশ ও আন্তর্জাতিক বাস্তবতা, কূটনৈতিক চ্যালেঞ্জ ও ভূরাজনৈতিক চিত্র সম্পর্কে সচেতন করতে চায়। একুশ শতকের বাংলাদেশ একটি ভূ-রাজনৈতিক সংঘর্ষ ও কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রস্থল দাঁড়িয়ে। তাই একটি জ্ঞানসমৃদ্ধ, কৌশলনির্ভর ও দৃষ্টিশক্তিসম্পন্ন যুবসমাজ ছাড়া রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত নেওয়া ও গ্লোবাল পটভূমিতে সম্মানজনক অবস্থান অর্জন সম্ভব নয়।
এই ধারায় যা করা যেতে পারে :
৩.৪.১. মাধ্যমিক স্তর থেকেই Geostrategy & Diplomacy অন্তর্ভুক্তি :
শিক্ষাব্যবস্থায় ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞান থাকলেও বর্তমান বিশ্বদৃষ্টির জন্য তা যথেষ্ট নয়।
তরুণদের জানাতে হবে আন্তর্জাতিক শক্তির মানচিত্র (Great Powers, Multipolarity, Indo-Pacific dznamics), কূটনীতির নীতি ও কৌশল (soft power, track II diplomacy) বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক স্বার্থ (Bay of Bengal, Teesta, Rohingya crisis, BRI vs. Indo-Pacific strategy)
এটি হবে পাঠ্যসূচিতে কৌশলগত চেতনার প্রথম অনুপ্রবেশ, যাতে শিক্ষার্থীরা রাষ্ট্র বুঝতে শেখে।
৩.৪.২. দক্ষিণ এশিয়া, মুসলিম বিশ্ব ও জাতিসংঘে বাংলাদেশের ভূমিকায় তরুণদের সরাসরি যুক্ত করার রূপরেখা:
তরুণদের আন্তর্জাতিক বিষয় নিয়ে পড়ানোর পাশাপাশি ব্যবহারিকভাবেও সম্পৃক্ত করা হবে।
যেমন- দক্ষিণ এশিয় রাষ্ট্রগুলোর সঙ্গে সীমান্ত, পানিবণ্টন, অর্থনৈতিক সম্পর্কের মতো বিষয়ে যুব সংলাপ বা মডেল কনফারেন্স। মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কÑউম্মাহ-চিন্তায় তরুণদের প্র¯‘তি। জাতিসংঘের বিভিন্ন এজেন্সিতে তরুণ প্রতিনিধি ও ফেলোশিপ কর্মসূচি।
যেন রাষ্ট্রনীতি ও বৈদেশিক নীতিতে তরুণরা শুধু ‘অবজারভার’ নয়, বরং হয়ে উঠে অংশগ্রহণকারী ।
৩.৪.৩. Bangladesh Youth Geopolitical Forum (BYGF) প্রতিষ্ঠা:
এটি হবে একটি জাতীয় কৌশলচর্চার প্ল্যাটফর্ম, যেখানেÑছাত্র, গবেষক, তরুণ কূটনীতিক ও উদ্যোক্তারা দেশের ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে, আঞ্চলিক সংকট, যুদ্ধ, বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে গবেষণা ও সংলাপ হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও থিঙ্কট্যাঙ্কের সঙ্গে যৌথ কার্যক্রম চলবে। এই ফোরাম হবে রাষ্ট্র-নির্ভর যুবক নয়, রাষ্ট্র-নির্মাতা যুবক গড়ার কারখানা।
৩.৫. ন্যায্যতা ও ভবিষ্যৎ সুরক্ষা :
এই স্তম্ভের লক্ষ্য হলো বাংলাদেশে যুবশক্তিকে ভবিষ্যতের জন্য তৈরী করা। কেবল নাগরিক হিসেবে নয়, বরং ভবিষ্যতের রক্ষক হিসেবে, ন্যায্যতার কর্মী হিসেবে । জলবায়ু পরিবর্তন, ভূমি দখল, পানি সংকট ও পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে সংগ্রাম এখন শুধু পরিবেশবাদীদের কাজ নয়। এটি এখন ন্যায়বোধসম্পন্ন যুবশক্তির যুদ্ধক্ষেত্র। এই স্তম্ভ দাবি করে-
৩.৫.১. রাষ্ট্রীয় পরিকল্পনায় যুবন্যায্যতার সংরক্ষণ :
একে বুঝাবার জন্য Youth Equity Quota পরিভাষার চল রয়েছে। এটি এক ন্যায্যতামূলক কাঠামো। যার মাধ্যমে বাংলাদেশে যেকোনো পরিবেশ, জলবায়ু ও ভূমি-সম্পর্কিত নীতিতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণকে আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে যথাবস্থান দেওয়া হবে।
এ কেবল একটি আসন বা নমিনেশনের বিষয় নয়। বরং যুবদৃষ্টিভঙ্গিকে পরিকল্পনার অংশ বানানো এর উদ্দেশ্য । এর মধ্য দিয়ে নিশ্চিত হবে নদী ব্যবস্থাপনায় তরুণ হাইড্রোলজিস্ট, গবেষক ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি। নিশ্চিত হবে পরিবেশ সংরক্ষণ প্রকল্পে স্থানীয় যুবসংগঠনের মতামত। নিশ্চিত হবে জাতীয় ও স্থানীয় স্তরে নীতিনির্ধারণী টিমে পরিবেশ-সচেতন তরুণ কণ্ঠ । এর মাধ্যমে সরকারী সিদ্ধান্ত ও বাস্তবতার মধ্যে গবেষণাভিত্তিক, প্রজন্মসংবেদনশীল সংযোগ গড়ে উঠবে।
৩.৫.২. Climate Youth Corps গঠনের প্রস্তাব:
এ হবে একটি প্রশিক্ষিত, সংগঠিত ও অভিযানে সক্ষম যুববাহিনী। যাদের কাজ হবেÑনদীর গতিপ্রকৃতি, বনাঞ্চল, জলাভূমি, উপকূলীয় অঞ্চল ও জীববৈচিত্র্য নিয়ে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি। দুর্যোগকালে স্বে”ছাসেবী সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম। স্থ’ানীয় জনগোষ্ঠীর সাথে পরিবেশ-সচেতনতা ও প্রতিবাদ সংগঠনে নেতৃত্বদান। নদী-পাহাড় বন-সমুদ্র , এই চার জাতীয় ঐতিহ্যের ভিত্তিকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা।
এ হচ্ছে এক ধরনের Green Territorial Citizenship যেখানে তরুণরা জল-জমি ও জীবনের দায়িত্বশীল রক্ষক হতে শিখবে।
এই স্তম্ভের মাধ্যমে তরুণদের মধ্যে ন্যায়বোধ, দায়িত্ববোধ ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলা হবে। পরিবেশগত ন্যায়বিচারকে নাগরিক নৈতিকতা ও প্রজন্মসংলগ্ন রাজনীতির কর্মসূচিতে প্রতিষ্ঠা দেওয়া হবে।একে নিছক আইনে সীমিত রাখা হবে না।
৩.৬. উদ্ভাবনী নেতৃত্ব ও কৌশলচর্চা :
এই স্তম্ভ বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের নেতৃত্ব ও বুদ্ধিবৃত্তিক অংশগ্রহণকে নীতি ও কাঠামোর স্তরে বৈধতা দিতে চায়। রাষ্ট্র কেবল নেতৃত্ব তৈরি করবে না, বরং উদ্ভাবক ও কৌশলজ্ঞ তরুণদের স্বাধীন চিন্তা, গবেষণা ও দিকনির্দেশনা প্রদানের পরিবেশ নিশ্চিত করবে। এ স্তম্ভের দাবী -
৩.৬.১. জাতীয় বাজেটে Youth Sovereignty Fund :
এটি হবে সরকারি বাজেটের একটি পৃথক ও সংরক্ষিত অংশ, যার মাধ্যমে তরুণ উদ্ভাবক, গবেষক, চিন্তক ও সংগঠকদের উদ্যোগকে আর্থিক, প্রযুক্তিগত ও নীতিগত সহায়তা দেওয়া হবে।
এর লক্ষ্য হবে :প্রযুক্তি, সাহিত্য, জলবায়ু, ইতিহাস বা কৌশল বিষয়ক স্বাধীন গবেষণা। গ্রাম ও শহরভিত্তিক উদ্ভাবনী সমাজ-উন্নয়ন প্রকল্প। বিশ্ববিদ্যালয়, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রের চিন্তাশীল তরুণদের সমান সুযোগ।
এই তহবিল দাতাভিত্তিক হবে না, হবে অধিকারভিত্তিক। এর উদ্দেশ্য হ”েছ Youth as Strategic Stakeholders
৩.৬.২. যুব পরিচালিত গবেষণাকেন্দ্র- Think Bangladesh ২০৫০ :
এটি হবে একটি স্বাধীন, রাষ্ট্রীয়ভাবে সমর্থিত কিš‘ যুব পরিচালিত থিঙ্ক-ট্যাঙ্ক। যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে চিন্তা, গবেষণা ও কৌশলগত সুপারিশ দেবে।
এর কাজের মধ্যে থাকবে -রাষ্ট্র ও নিরাপত্তা, প্রতিরক্ষা ও অন্যান্য সক্ষমতা, ডিজিটাল রূপান্তর, শিক্ষা এবং ভৌগোলিক কৌশল বিষয়ে নীতিপত্র তৈরি। সরকার, বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের জন্য গবেষণাকর্ম। Policy Simulation Lab I Youth Strategic Dialogues ইত্যাদির আয়োজন।
Think Bangladesh ২০৫০ তরুণদের পলিসি ফলোওয়ারের জায়গা থেকে পলিসি মেকার হবার দিশা দেবে। কারণ রাষ্ট্রকে যে তরুণেরা বোঝে, তারাই একে গড়ে তুলতে পারে।
উপসংহার : বাংলাদেশের যুবশক্তি শুধু একটি সম্ভাবনার নাম নয়। শক্তিটি নৈতিক, জ্ঞানভিত্তিক এবং ভূরাজনৈতিক বাস্তবতার এক কেন্দ্রবিন্দু। এই বাস্তবতাকে ফলবান করার জন্য প্রয়োজন এমন রূপকল্প, যা একদিকে ভবিষ্যতের কাঠামো নির্মাণ করবে, অপরদিকে অতীতের দায় ও আত্মপরিচয়ের সংযোগে সমৃদ্ধি ঘটাবে।
আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি, যেখানে তরুণ কেবল একজন চাকরিপ্রার্থী নয়, বরং তিনি হতে পারেনÑএকজন নেতা, একজন চিন্তানায়ক, একজন তথ্য-যোদ্ধা, একজন সবুজ সিপাহী, একজন ন্যায়বোধের প্রহরী এবং একজন ভবিষ্যত রচনাকারী। এই পরিচয় কেউ দান করবে না, অর্জন করতে হবে। আর এই অর্জনের পথ তৈরি করতে হবে রাষ্ট্রকেÑএকটি নতুন সামাজিক চুক্তির (social contract) ভিত্তিতে।
এখন সময় এসেছে যুবকদের দিকনির্মাণের শক্তি হিসেবে স্বীকৃতি দেবার। তাদের হাতে তুলে দিতে হবে জ্ঞানচর্চার স্বাধীনতা, কৌশলচর্চার পরিবেশ, সিদ্ধান্তের যৌক্তিকতা এবং দায়িত্বের মর্যাদা।
একটি দেশ তার ভবিষ্যৎ রক্ষা করতে চায়? তাহলে তার যুবসমাজকে দৃষ্টিভঙ্গির অগ্রসর উত্তরাধিকারী বানাতে হবে । তাদেরকে নৈতিকতার সেনানী, চিন্তা সংস্কৃতি ও আত্মতায় ঋদ্ধ, প্রযুক্তিযুদ্ধে দক্ষ এবং জল-জমি-জীবনের রক্ষক বানাতে হবে।
তখনই তৈরি হবে এমন এক প্রজন্ম, যারা কেবল যুগের সন্তান নয়, বরং যুগের নির্মাতা।
লেখক : কবি ও গবেষক