রেদুমিক-০১

মানুষ কি আছে আর মানুষের কাতারে?

খায় দায় ফুর্তি,

পশুদের মূর্তি!

যায় না তো দেখা আর সত্যের সাঁতারে।

মানুষ কি আছে আর মানুষের কাতারে?

ঝরে গেছে বিবেকের সব ফুল পাতা রে।

রেদুমিক-০২

শুধু উদ্বেগে আর ভিজবে না চিঁড়া

এখানে ভীষণ আগুন

আরও গভীরে জাগুন

মানুষে মানুুষ খায়, হাসে সঙ্গীরা!

শুধু উদ্বেগে আর ভিজবে না চিঁড়া

দেখুন দু’চোখ মেলে একবার ফিরা।

রেদুমিক-০৩

সময়ের কাজ যদি সময়ে না হয়

সেই কাজ আরো বেশি

হয়ে যায় বারোমেসি

নামে আরো চোখজুড়ে ভয়ানক ভয়!

সময়ের কাজ যদি সময়ে না হয়

হবে হবে জীবনের শুধু পরাজয়।

রেদুমিক-০৪

কিছু কাজ হয়ে যায় ঝোঁকের মধ্যে!

কিছু কাজ- হয় না,

কোনো কথা কয় না,

থাকে পড়ে অসহায় শোকের মধ্যে।

কিছু কাজ হয়ে যায় ঝোঁকের মধ্যে!

মুখে মুখে রটে যায় লোকের মধ্যে।

রেদুমিক-০৫

আমার আমার বলে কাতরাও!

আমার কি কিছু আছে?

পরিণাম পিছু আছে!

বালুমাঠ নদী ভেবে সাঁতরাও।

আমার আমার বলে কাতরাও!

আমার তো নয় এই যাত্রাও।

রেদুমিক-০৬

মন যদি থাকে তোর দোটানা,

করবি কি তুই আর?

হাতে নিয়ে সুঁই আর-

বলে যাবি শুধু- এটা-ওটা না!

মন যদি থাকে তোর দোটানা,

চিরকাল রবে ফুল ফোটা না।

রেদুমিক-০৭

জেগে থাক জেগে থাক জেগে থাক!

নিজেকেই নিজে বলি,

অবিরাম ভিজে বলি,

ভালো কাজে সারাদিন লেগে থাক।

জেগে থাক জেগে থাক জেগে থাক!

অবিচার দেখে শুধু- রেগে থাক।