ঈদের দিনে
সা’দাত হোসাইন
ঘরে ঘরে চলছে আজি
বিপুল আয়োজন
খুশির জোয়ার বইছে শুধু
নাচছে তনুমন।
ঈদের দিনে মজার কথা
বলব কীরে ভাই
সারা বছর এমন খুশি
মনে প্রাণে চাই।
সকাল সকাল গোসল সেরে
ঈদগাহেতে যাই
ধনি-গরিব ছোট-বড়
নাই ভেদাভেদ নাই।
এককাতারে সামিল সবাই
হিংসা-বিদ্বেষ ভুলে
চোখ জুড়ানো এমন ছবি
দেখি হৃদয় খুলে।
নামাজ শেষে দু’হাত তুলে
প্রভুর নিকট বলি
রোজার শিক্ষা নিয়ে যেন
সারা বছর চলি।
খুশির ঝলক
শাহজাহান মোহাম্মদ
সাঁঝ আকাশে চাঁদ উঠেছে
খুশির ঝলক নিয়ে
ঈদ আনন্দে কুশল জানাই
এ ঘর-ও ঘর গিয়ে।
ধনী-গরিব নাই ভেদাভেদ
গলায় গলায় মিলি,
কোরমা পোলাও ফিরনি খেয়ে
চিবাই পানের খিলি।
রঙ-বেরঙের পোশাক পরে
ছেলেমেয়ের মেলা
লাল সবুজের বেলুন নিয়ে
করছে তারা খেলা।
ঈদ মোবারক
মুন্সি বোরহান মাহমুদ
খুশির তীরটা ছুঁড়ে দিয়ে
ধনুকটা আজ একা
ক্ষানিক হেসে মিলিয়ে গ্যালো
যায় কি তারে দেখা?
এমন করে ধরার যারা
ছড়ায় সবায় সুখ
একাই লুকায় লোকান্তরে
লুকিয়ে আপন দুখ।
থাক লুকিয়ে দুঃখের কালাম
যাক ছড়িয়ে শান্তি সালাম
প্রাণোৎসবের ধুম
তাকাব্বালাল্লাহু
মিন্না ও মিনকুম।
হৃদয় খুলে দিলাম তুলে
প্রেমের তাবারক
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈ—-দ মোবারক।
ঈদ উৎসব
আবুল হোসেন আজাদ
রমজান শেষে দূর আকাশের গায়
একখানি সরু চাঁদ ওই দেখা যায়।
ওই চাঁদ নিয়ে এলো খুশি ভরা ঈদ
দুই চোখ জুড়ে তাই উবে গেলো নিদ।
মিলনের ডোরে বাঁধা তুমি আমি সব
চারদিকে হাসি খুশি ঈদ উৎসব।
নেই আর অহমিকা ঝগড়া বিবাদ
দূর করে দিলো যত শাওয়াল চাঁদ।
খুশি ভরা ঈদ যেন ঝরনার হাসি
এমন দিনটা পেলে কে না ভালোবাসি ?
তাই ছুটি নেই কাজ আর কোনো খানে
পাখির মতন মন ডানা মেলা জানে।
প্রীতিময় গীতিময় ঈদ সারাদিন
মন শুধু হয়ে যায় খুশিতে রঙিন।
ভেদাভেদ ভুলে যেয়ে দিন যায় সুখে
কোলাকুলি করে শুধু মিলি বুকে বুকে।
ঈদ এলো তাই
সফিউল্লাহ আনসারী
ঈদ এলো তাই দূর গগনে
উঠলো বাঁকা চাঁদ,
সুখের পরশ বিচ্ছুরিত
ভাঙছে খুশির বাঁধ।
খুশির হাওয়ায় আনন্দিত
বাজছে খুশির বিন,
এককাতারে পড়বো নামাজ
উৎসবের এই দিন।
নতুন জামা নতুন টুপি
ফিরনি সেমাই আরও,
ছোট-বড় সবাই খুশি
নেই অভিমান কারো।
ঈদগাহে যাচ্ছে সবাই
পুলক জাগা ক্ষণে,
বিভেদ ভুলে উচ্ছ্বসিত
খুশির জোয়ার মনে।