আমার শুভ্র-শিমুল চাই
জয়নুল আবেদীন আজাদ
শিমুল শিমুল শিমুলতো নয়
- শুভ্র-শিমুল চাই,
লাল শিমুলের চাইতে ভালো
- আর কি শিমুল নাই?
অসীম আকাশ খুঁজে দেখ
- দাওনা সাগর পাড়ি,
শুভ্র-শিমুল চাই যে আমার
- করো এলান জারি।
নভোযান আর সাবমেরিনে
- ফল যদি না পাও,
ডিজিটালের একটি শিমুল
- না হয় এনে দাও।
বাহারি এই ফুলেতো ভাই
- চোখ ধাঁধিয়ে যায়,
সুবাস তবু পাইনা কেন
- ডিজিটালে হায়!
ক্লান্ত আমি শ্রান্ত আমি
- প্রশ্ন জাগে মনেÑ
শ্রভ্র -শিমুল নেইকি তবে
- নিত্য এ ভুবনে?
মগ্ন হয়ে ভাবতে গিয়ে
- চোখ বুজেছি যেই,
শুভ্র-শিমুল উঠলো হেসে
- মনের ভুবনেই।
সমূহ সঙ্কটে
মোশাররফ হোসেন খান
আমরা দাঁড়িয়ে আছি সমূহ সংকটপূর্ণ এক উপত্যকায়।
অধিকাংশই এখানে আলো-আঁধারের পার্থক্য বুঝতে পারে না।
এটা না বোঝার কারণে কত জনপদ বিরান হয়ে গেছে।
কত নদীর গতিপথ রুদ্ধ হয়ে গেছে।
কত সাগর-উপসাগর মরুভূমিতে পরিণত হয়েছে।
এই মৃত্যু উপত্যকায় কারোর পদছাপ যেন না পড়ে
সেজন্য অগ্রিম দুঃসংবাদের খবরটুকু বাতাসে উড়িয়ে দিলাম।
যাদের বোঝার তারা বুঝুক।
আমাদের উত্তর প্রজন্মের জন্য এই মৃত্যু উপত্যকা
কোনোক্রমেই বাসযোগ্য হতে পারে না।
তাহলে আমরা ঘাম ঝরিয়ে এতকাল কি করলাম!
হতাশার ধ্বংসাবশেষ থেকে
ফিনিক্স পাখির মতো ডানা ঝাঁপটায় আশা ও সম্ভাবনার ঈগল।
তাহলে কি এখনো খোলা আছে অলৌকিক কোনো দুয়ার!
প্রলয়পূর্ণ প্রত্যুষের দিকে তাকিয়ে আছি অনিমেষ!
বিশ্বাস মানেই তো জীবনের অনিন্দ্য সুন্দর অত্যুজজ্বল এক পৃথিবী!
তাহলে আর দেরি কেন?
হে আলোর প্রত্যাশী—-
জানালা খুলে দাও—- আলো আসবে।
দরজা খুলে দাও—- মানবতা আসবে...!