ড. মুহাম্মদ নুরউদ্দিন কাওছার
দীর্ঘ একমাসের সিয়াম সাধনা শেষে মুসলিম দুয়ারে সমাগত পবিত্র ঈদুল ফিতর। রমাদানের সংযম ও আত্মশুদ্ধির অধ্যায় সমাপ্ত করে যখন শাওয়ালের চাঁদ আকাশে উদিত হয়, তখন মুসলিম উম্মাহর হৃদয়ে বেজে ওঠে আনন্দের মহাধ্বনি- ঈদুল ফিতর। এটি যেমন আনন্দের দিন, তেমনি মাসব্যাপী ইবাদত, আত্মসংযম ও ত্যাগের সাধনার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য পুরস্কার।
সিয়ামের মাধ্যমে মুসলিম উম্মাহ আত্মাকে পরিশুদ্ধ করে, তাকওয়ার অনুশীলনে অভ্যস্ত হয় এবং মানবিক বোধকে জাগ্রত করে। ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ অন্যের দুঃখ-দুর্দশার অনুভূতি হৃদয়ে ধারণ করতে শেখে। ফলে ঈদ কেবল একটি ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং এটি আত্মশুদ্ধি, নৈতিক পুনর্জাগরণ ও সামাজিক সংহতির এক মহামূল্যবান উপলক্ষ হয়ে ওঠে। মানবজীবনে ঈদের তাৎপর্য তাই বহুমাত্রিক- এটি আত্মশুদ্ধির সনদ, সামাজিক ঐক্যের ঘোষণা এবং বিশ্বমানবতার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার এক উজ্জ্বল আহ্বান।
ঈদুল ফিতর মূলত পবিত্র রমাদান মাসের সমাপনী উৎসব। কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেন: “হে মুমিনগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার (সূরা আল-বাকারা ২:১৮৩)।’’ অন্যত্র তিনি বলেন: “তোমরা রমাদান মাসের সংখ্যা পূর্ণ করবে এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দান করেছেন, তার জন্য তাঁর মহিমা ঘোষণা করবে, যাতে তোমরা কৃতজ্ঞ হও (সূরা আল-বাকারা ২:১৮৫)।” এই আয়াতসমূহ সুস্পষ্টভাবে নির্দেশ করে যে, ঈদ হলো তাকওয়া অর্জনের পর কৃতজ্ঞতার বহিপ্রকাশ। এক মাসের সংযম, ইবাদত, কুরআন তিলাওয়াত ও আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণের পর ঈদ আসে পুরস্কার হয়ে, যেখানে আনন্দের সঙ্গে মিশে থাকে কৃতজ্ঞতা, বিনয় এবং নবায়িত দায়িত্ববোধ।
ঈদে রয়েছে ইবাদত ও কৃতজ্ঞতার এক অপূর্ব সমন্বয়
ঈদ মুসলিম জীবনে এক নবজাগরণের প্রতীক। এটি কেবল আনন্দ-উল্লাসের দিন নয়; বরং ইবাদতের ধারাবাহিকতায় এক স্বর্ণোজ্জ্বল মুহূর্ত। ঈদের সকাল সূচিত হয় পবিত্র গোসল, সুগন্ধির ব্যবহার, পরিপাটি পোশাক পরিধান এবং তাকবিরের সুমধুর ধ্বনিতে। মুহাম্মদ (সা.) ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না (সহীহ বুখারী: ৯৫৩)। এই সুন্নাহ আনন্দ ও আনুগত্যের এক অপূর্ব সমন্বয়, যা ঈদের আধ্যাত্মিক তাৎপর্যকে আরও উজ্জ্বল করে তোলে। ঈদের নামাজ মুসলিম সমাজের সম্মিলিত ইবাদতের এক অনন্য নিদর্শন।
ঈদ উপলক্ষে মুসলিমরা সহমর্মিতা ও দানের মহিমাকে বিশেষ গুরুত্ব দেয়। সদাকাতুল ফিতর ও অন্যান্য দানপত্রের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো হয়। এটি কেবল আর্থিক সহায়তা নয়; সমাজে উদারতা, ন্যায্যতা ও মানবিক চেতনা প্রতিষ্ঠার এক শক্তিশালী মাধ্যম। ঈদ আমাদের মনে করিয়ে দেয়, সবার জন্য আনন্দ নিশ্চিত করা ও সামাজিক দায়বদ্ধতা পালন করা একটি নৈতিক দায়িত্ব। ঈদের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো সদাকাতুল ফিতর। মুহাম্মদ (সা.) বলেছেন: “রোজাদারের অনর্থক ও অশ্লীল কথাবার্তার জন্য এটি পরিশুদ্ধি এবং অভাবীদের জন্য খাদ্য (সুনান আবু দাউদ: ১৬০৯; সুনান ইবনে মাজাহ: ১৮২৭)।”
অতএব ঈদ কেবল নতুন পোশাক বা সুস্বাদু আহারের আনন্দে সীমাবদ্ধ নয়; বরং এটি দরিদ্রের ঘরে হাসি পৌঁছে দেওয়ার নৈতিক দায়িত্বও বহন করে। ফিতরা আদায়ের মাধ্যমে সমাজে সাম্য, সহমর্মিতা ও মানবিক সংহতির বাস্তব অনুশীলন ঘটে। এর ফলে সমাজের প্রান্তিক ও অভাবী মানুষও ঈদের আনন্দে সমানভাবে শরিক হওয়ার সুযোগ পায়, এভাবেই ঈদ হয়ে ওঠে সামষ্টিক সুখ ও সামাজিক ন্যায়ের এক উজ্জ্বল প্রতীক। ঈদ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, পারিবারিক ও সামাজিক বন্ধনের পুনঃনির্মাণ করা। ঈদের সকালে মুসলিমরা একত্রিত হয়ে নামাজ আদায় করে, এরপর পরিবার, প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। ছোট-বড় সবাই একে অপরকে প্রীতি ও সৌজন্যের সঙ্গে সাক্ষাৎ করে। এই সামাজিক অনুষ্ঠান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষার সঙ্গে পরিচিত করায়, যেখানে তারা সহমর্মিতা, শ্রদ্ধাশীল আচরণ এবং মানুষের প্রতি দয়াশীল হওয়ার মূল্যবোধ শিখে।
মানব সমাজে মেলবন্ধন
ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। ঈদের জামায়াতে ধনী-গরিব, নেতা-অনুগামী, শহুরে-গ্রাম্য, শিক্ষিত-অশিক্ষিত, ক্ষমতাবান-নির্ভরশীল সকলেই একই কাতারে দাঁড়িয়ে এক মহান প্রভুর দরবারে নিজেদের সমর্পণ করে। এই সাম্য ও সংহতির দৃশ্য ইসলামি ভ্রাতৃত্বের জীবন্ত প্রতিচ্ছবি। এটি ইসলামের সেই মহান নীতির প্রতিফলন, যেখানে বলা হয়েছে: “নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই (সূরা আল-হুজুরাত ৪৯:১০)।” ঈদের দিন কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া-এসব কেবল সামাজিক রীতি নয়; বরং এটি সিলাতুর রাহিম বা আত্মীয়তার বন্ধন দৃঢ় করার আমল। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।” (সহিহ বুখারি: ৫৯৮৬, সহিহ মুসলিম: ২৫৫৭)। তাই ঈদ হলো ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর শ্রেষ্ঠ সময়।
ঈদ সামাজিক বিভেদ দূর করারও অনন্য সুযোগ। রাজনৈতিক, মতাদর্শিক বা ব্যক্তিগত বিরোধের ঊর্ধ্বে উঠে ঈদের দিন মানুষ একে অপরকে ক্ষমা করে, নতুন করে শুরু করার অঙ্গীকার করে। ইসলামে ক্ষমাশীলতার গুরুত্ব অপরিসীম তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো; তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? (সূরা আন-নূর ২৪:২২)।” ঈদুল ফিতর শুধু রমাদানের সমাপ্তি নয়; এটি মুসলিম জীবনের এক উৎসব, যা আনন্দ, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মিলনস্থল। রমাদানের মাসব্যাপী সংযম, রোজা ও আত্মসংযমের পর, ঈদ আমাদেরকে কেবল আনন্দ দেয় না, বরং সামাজিক ও নৈতিক দায়বোধের একটি স্পষ্ট বার্তা প্রদান করে। ঈদ উদযাপনের মাধ্যমে মুসলিম সমাজে একটি দৃঢ় সামাজিক কাঠামো ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়।
বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের বহুমুখী প্রকাশ
বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপনের রীতি-রেওয়াজে রয়েছে মনোমুগ্ধকর বৈচিত্র্য। মধ্যপ্রাচ্যে পরিবারকেন্দ্রিক জমায়েত, দক্ষিণ এশিয়ায় নতুন পোশাক ও মিষ্টান্নের আয়োজন, আফ্রিকায় লোকসংগীত ও ঐতিহ্যবাহী খাবার, দক্ষিণ-পূর্ব এশিয়ায় খোলা বাড়ি (Open House) সংস্কৃতি- সবই ঈদের বহুমাত্রিক রূপকে হাজার বছর ধরে সমৃদ্ধ করেছে। সৌদি আরবে ঈদের নামাজ শেষে পারিবারিক সমাবেশ ও দাওয়াতের প্রচলন প্রবল। বাংলাদেশে সেমাই, পোলাও, কোরমা ও নানা পিঠা-পায়েসের মাধ্যমে ঈদের আনন্দ প্রকাশ পায়। তুরস্কে ঈদকে বলা হয় “শেকের বায়রামি” (মিষ্টির উৎসব), যেখানে শিশুদের মিষ্টি ও উপহার দেওয়া হয়। ইন্দোনেশিয়াতে “মুদিক” নামে পরিচিত গ্রামে ফেরা ও পারিবারিক পুনর্মিলন ঈদের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈচিত্র্য প্রমাণ করে, ইসলাম তাওহীদ বা একত্ববাদের ধর্ম হলেও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করে। তাই ঈদের মৌলিক শিক্ষা একই, যেমন,কৃতজ্ঞতা, সংযম, দান ও ভ্রাতৃত্ব; কিন্তু প্রকাশভঙ্গি দেশ-কাল-সংস্কৃতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
ঈদ উদযাপনের একটি অন্য মাত্রা হলো সাংস্কৃতিক ও সৃজনশীল প্রকাশ। বিভিন্ন অঞ্চলের মুসলিম সমাজে ঈদের ভিন্ন ভিন্ন রীতি, বিশেষ খাবার, পোশাক ও অনুষ্ঠান দেখা যায়। খেলাধুলা, সাংস্কৃতিক মিলনমেলা ও সামাজিক সমাবেশ ঈদকে কেবল ধর্মীয় উৎসব নয়, বরং মানব মনোজগতে সৃজনশীলতা ও আনন্দের এক প্রবল উৎসে পরিণত করে। এভাবে ঈদ আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে দেয় এবং ঐতিহ্যের বহুমুখী প্রকাশ নিশ্চিত করে। ঈদ একই সঙ্গে বৈশ্বিক মানবিক চেতনার বার্তা বহন করে। আন্তর্জাতিকভাবে মুসলিম উম্মাহর মধ্যে একত্রিত আনন্দ ও সৌহার্দ্য, সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানের প্রতীক হিসেবে কাজ করে। এটি আমাদের মনে করিয়ে দেয়, ধর্মীয় উদযাপন শুধুমাত্র নিজস্ব আনন্দের জন্য নয়; বরং এটি সামাজিক ও আন্তর্জাতিক সম্প্রীতি ও শান্তি স্থাপনে একটি শক্তিশালী মাধ্যম।
উম্মাহর ঐক্য ও মানবতার বার্তা হলো ঈদের বৈশ্বিক চেতনা
ঈদুল ফিতর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহকে এক সুতোয় গেঁথে দেয়। চাঁদ দেখার খবর এক দেশ থেকে অন্য দেশে পৌঁছায়, তাকবিরের ধ্বনি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে প্রতিধ্বনিত হয়। তাইতো বিশ্বায়নের এই যুগে ঈদ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমরা একটি বৈশ্বিক ভ্রাতৃত্বের অংশ। ইসলাম কেবল মুসলমানদের জন্য সীমাবদ্ধ নয়; এটি সমগ্র মানবতার জন্য কল্যাণের বার্তা। আল্লাহ বলেন: “আমি আপনাকে (হে মুহাম্মদ) সমগ্র জগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি (সূরা আল-আম্বিয়া ২১:১০৭)।” সুতরাং ঈদও কেবল মুসলিম সম্প্রদায়ের আনন্দ নয়; বরং এটি শান্তি, সহনশীলতা ও সহমর্মিতার সার্বজনীন বার্তা বহন করে। আজকের বিশ্বে যেখানে যুদ্ধ, বৈষম্য, শরণার্থী সংকট ও নৈতিক অবক্ষয় আমাদের কষ্ট দেয়, সেখানে ঈদের শিক্ষা হলো, দান, সংযম, ভ্রাতৃত্ব ও ক্ষমা, যা বিশ্বশান্তির কার্যকর ভিত্তি হতে পারে। ফিতরা ও যাকাতের মাধ্যমে সম্পদের সুষম বণ্টন, আত্মসংযমের মাধ্যমে ভোগবাদ থেকে মুক্তি এবং ক্ষমার মাধ্যমে সংঘাত নিরসন-এসবই ঈদের বৈশ্বিক চেতনার অংশ।
আত্মশুদ্ধি থেকে সমাজশুদ্ধি
ঈদ আমাদের আহ্বান জানায়, রমাদানে অর্জিত তাকওয়া যেন সারা বছরব্যাপী ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে বহমান থাকে। কেবল এক মাসের সংযম যথেষ্ট নয়; বরং এটি হতে হবে জীবনব্যাপী চরিত্র গঠনের ভিত্তি। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না; বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান (সহিহ মুসলিম: ২৫৬৪)।” ঈদ আমাদেরকে আত্মসমালোচনার আহ্বান জানায়। আমরা কি সত্যিই রমাদানের শিক্ষা ধারণ করেছি? আমরা কি মিথ্যা, প্রতারণা ও অন্যায়ের পথ পরিত্যাগ করেছি? আমরা কি দরিদ্রের পাশে দাঁড়াতে শিখেছি? যদি ঈদের পরও আমাদের জীবন পরিবর্তিত না হয়, তবে আমাদের রোজা ও ইবাদত পূর্ণতা পায়নি। আবার ঈদ সামাজিক ন্যায়বিচারেরও আহ্বান। ইসলাম সম্পদের সঞ্চয় নয়, বরং সুষম বণ্টনের শিক্ষা দেয়। যাকাত ও সদাকার বিধান সামাজিক বৈষম্য হ্রাসের কার্যকর উপায়। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের প্রান্তিক মানুষও আনন্দে অংশ নিতে পারে।
সুতরাং ঈদুল ফিতর হলো আনন্দ, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক পুনর্জাগরণের এক অনন্য উৎসব। এটি শেখায় কিভাবে ব্যক্তিগত আনন্দকে সামাজিক দায়িত্বের সঙ্গে মিলিয়ে মানবিক ও নৈতিক সমাজ গড়ে তোলা যায়। ঈদুল ফিতর আত্মার পরিশুদ্ধি, সমাজের সংহতি ও বিশ্বমানবতার কল্যাণের এক সামগ্রিক দর্শন। ঈদের সকাল আমাদের শেখায়, নতুন পোশাকের চেয়েও গুরুত্বপূর্ণ হলো নতুন মন; সুস্বাদু খাবারের চেয়েও জরুরি হলো পরিশুদ্ধ চরিত্র; ব্যক্তিগত সুখের চেয়েও শ্রেষ্ঠ হলো সমষ্টিগত কল্যাণ। ঈদ হোক আত্মশুদ্ধির সোপান, সমাজগঠনের প্রেরণা এবং বিশ্বমানবতার মেলবন্ধনের অঙ্গীকার। তাই মহান রবের তাকবিরের ধ্বনিতে ধ্বনিত হোক পৃথিবী, ‘‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।’’
লেখক : নির্বাহী সম্পাদক
দ্বিমাসিক আল মাকতাব, ঢাকা।