পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মেহেদী হাসান মিরাজরা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশ নম্বর থেকে এক ধাপ উন্নতি করে নয়ে উঠেছেন তারা। ঈদের ছুটির পরও এই স্বস্তি অব্যাহত থাকতে পারে, কারণ আগামী মাসে বাংলাদেশে খেলতে আসা কিউইরা তাদের সেরা তারকাদের পাচ্ছে না। চার নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ৩ রেটিং পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এতে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নয়ে উঠে এসেছে তারা। আগামী বছরের মার্চ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিদের। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। তাদের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্টে আরও বড় উন্নতির সুযোগ থাকবে।

আগামী ১৩ এপ্রিল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৭, ২৯ এপ্রিল ও ২ মে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে র‌্যাঙ্কিংয়ের হিসাব মাথায় থাকায় বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটিই বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ ঘরের মাঠে কিউইদের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে।