পাকিস্তানের বিপক্ষে নাটকীয় লড়াইয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দনে ভাসাচ্ছেন সমর্থকরা। দেশের রাজনৈতিক অঙ্গন থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। সংসদে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলের সংসদ সদস্য ডা. শফিকুর রহমানও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে শেষ ওভার পর্যন্ত অনিশ্চয়তা ছিল ফল নিয়ে। তবে রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। এর মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় মেহেদী হাসান মিরাজের দল।

এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত ১৫ মার্চ ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে আমি, আমার দল এবং দেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

তিনি মনে করেন, পাকিস্তানের বিপক্ষে এই সাফল্য এসেছে দলের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে। একই সঙ্গে এটিকে দেশের জন্য গর্বের অর্জন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ‘পাকিস্তানের বিপক্ষে এই রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত ১১ রানের জয় এবং সিরিজ নিশ্চিত করা জাতির জন্য গৌরবের বিষয়।’

এই সিরিজ জয়ের ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়েও কিছুটা এগিয়ে গেল বাংলাদেশ। ভবিষ্যতেও দলের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের এই পারফরম্যান্স দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। আশা করি, বাংলাদেশ দল ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।’