নিরাপত্তার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেওয়ার নেপথ্যে যে কতটা ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছিল, তা এবার প্রকাশ্যে আনলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন জানান, বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা। এমনকি দলের দুইজন ক্রিকেটার ট্রমার শিকার হয়ে প্রায় ‘কোমায়’ চলে গিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। বিশ্বকাপে খেলতে না পারার সেই দুঃসহ স্মৃতি ও ক্রিকেটারদের বর্তমান অবস্থা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। যে সে মাঠে আসছে এবং এসে আবার রান করেছে।’ ভারতের কন্ডিশন এবং চলমান বিশ্বকাপের উইকেটের চরিত্র বিশ্লেষণ করে সালাউদ্দিন আক্ষেপ প্রকাশ করে বলেন, এবারের আসরটি বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ ছিল। তার মতে, ভুল সিদ্ধান্তে একটি সাজানো দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন বলেন,‘কলকাতা শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক দারুণ হতো। আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলা যেরকম মান হচ্ছে সে অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা বিশ্বকাপ খেলার।’ আফসোসের সুরে এই অভিজ্ঞ কোচ আরও যোগ করেন, টি-টোয়েন্টি দল হিসেবে বাংলাদেশ এই বিশ্বকাপ ঘিরে অনেক বড় স্বপ্ন দেখেছিল। কিন্তু মাঠের বাইরের নানা সমীকরণে সেই স্বপ্ন এখন বিষাদে পরিণত হয়েছে। সালাউদ্দিনের ভাষায়, ‘এখন আফসোস করে তো লাভ নাই। টি-টোয়েন্টি দল হিসেবে আমাদের দলটা অনেক গোছানো ছিল এবং এই বিশ্বকাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু আমার মনে হয় যে উইকেটটাও আমাদের ফেভারে ছিল।’ উল্লেখ্য, বাংলাদেশের অনুপস্থিতিতে স্কটল্যান্ড এবারের বিশ্বকাপে খেলছে। সালাউদ্দিনের এমন মন্তব্য দেশের ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিল যে, বিশ্বকাপের মতো মঞ্চে না খেলার সিদ্ধান্তটি ক্রিকেটারদের কতটা গভীরে আঘাত করেছে।
দেশের হয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত জেনেও কোনো কারণে খেলতে না পারার কষ্ট হয়তো পরিমাপ করা কঠিন। এবার সে বিষয়টিই জানালেন বাংলাদেশ দলের ওপেনার সাইফ হাসান। বিশ্বকাপ না খেলতে পারার কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না বলে জানান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটিই জানিয়েছেন সাইফ হাসান। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন সাইফ। সেই ছবিগুলোর ক্যাপশনে ডানহাতি এই ব্যাটার লেখেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মেহেরবান, আলহামদুলিল্লাহ।’ তিনি আরও লেখেন, ‘আমার প্রথম বিশ্বকাপে খেলতে না পারার হৃদয়ভাঙা কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না। এটা ছিল জীবনের একটি স্বপ্ন, যার পেছনে ছিল অনেক পরিশ্রম ও ত্যাগ। আমি নিশ্চিত, আল্লাহ সবার জন্যই আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সেখান থেকে নিজেকে সামলে নেওয়াটা আমার জন্য সহজ ছিল না। তবে সেই কঠিন সময়ে যারা আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’ এদিকে দুই জন ক্রিকেটার বিশ্বকাপ খেলতে না পারায় কোমাতে চলে গিয়েছিল বলে জানান সালাউদ্দিন। ধারণা করা করা হচ্ছে দুজন ক্রিকেটারের একজন হলেন সাইফ হাসান। সালাউদ্দিন বলেন, ‘আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গেছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। যে সে মাঠে আসছে এবং এসে আবার রান করেছে।’