সাইনাসের জটিলতায় কয়েকদিন বোলিং থেকেই দূরে ছিলেন তাসকিন আহমেদ। সেই কারণে অদম্য কাপে খেলা হয়নি। এমনকি বিসিএলের প্রথম ম্যাচেও নামার পরিকল্পনা ছিল না তার। তবে ধীরে ধীরে ওয়ার্কলোড বাড়িয়ে নিজেকে প্রস্তুত করে দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে ফেরেন এই গতি তারকা। সেন্ট্রাল জোনের হয়ে খেলতে নেমে দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরম্যাটে জয়ের স্বাদও পান তিনি। অসুস্থতা কাটিয়ে ফেরার অভিজ্ঞতা জানাতে গিয়ে তাসকিন বলেন, ‘সর্বপ্রথম আলহামদুলিল্লাহ যে মাঝখানে একটু শরীর অসুস্থ ছিল দেখে কিছুদিন বোলিং অফ ছিল। এজন্য বোলিং ওয়ার্কলোড বাড়িয়ে প্রথম ম্যাচটা না খেলে সেকেন্ড ম্যাচ থেকে খেলা শুরু করেছি। অনেকদিন পরে ওডিআই খেলে জিতলাম, বোলিং মোটামুটি ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে ইনশাআল্লাহ। তো ওভারঅল খুব ভালো লাগছে।’ বগুড়ার উইকেট নিয়েও সন্তুষ্ট এই পেস তারকা। তিনি বলেন, ‘বগুড়ার কন্ডিশনটা খুবই দারুণ লেগেছে। উপযুক্ত স্পোর্টিং কন্ডিশন, ব্যাটিং-বোলিং দুটাতেই সুবিধা আছে। যদিও বোলারদের মার্জিন এখানে অনেক শর্ট, যেটা বিদেশের ফ্ল্যাট উইকেটগুলোতে এমন থাকে। বগুড়ায় অনেকদিন পরে খেললাম। খেলে যেটা মনে হলো যে, এখানে খেললে ব্যাটার বোলার দুজনেরই উন্নতির সুযোগ থাকবে। খুব ভালো কন্ডিশন, আশা করছি সামনে বগুড়া স্টেডিয়ামের আরও উন্নতি হবে।’ আম্পায়ারিং নিয়ে আলোচনা থাকলেও বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন তাসকিন। তিনি বলেন, ‘আম্পায়াররা সিদ্ধান্ত দেন এবং মানুষ মাত্রই ভুল। কোনো ছোটখাটো ভুল হতেও পারে, অনেক সময় হয়, হয় না। কিন্তু সবমিলিয়ে তো ঠিকই ছিল, তেমন কিছু মনে হয় না।’