তানজিদ হাসান তামিমের অভিষেক সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলদেশ। গতকাল শেষ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ৫ উইকেটে করেছে ২৯০ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই ছন্দ হারিয়েছিল বাংলাদেশ। তাই তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নেয় অলিখিত ফাইনালে। গতকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দলের পক্ষে ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ রানের ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। ইনিংসের ১৯তম ওভারে শাহীন আফ্রিদিকে এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন সাইফ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫৫ বলে ৩৬ রান। দুর্দান্ত শুরুর পর সাইফের মতো ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। হারিস রউফের করা বলে আউট হওয়ার আগে করেন ২৭ রান। এদিকে অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৯৮ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। আবরারের কিছুটা খাটো লেংথের বলে কাট করতে গিয়ে কাভারে শাহিন আফ্রিদির হাতে ধরা পড়েন তিনি। তার ব্যাট থেকে এসেছে ১০৭ বলে ১০৭ রান। ইনিংসে ৬টি চার ও ৭টি ছক্কার মার ছিল। চতুর্থ উইকেটে দারুণ জুটি উপহার দেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এসময় দুজন মিলে তোলেন ৬৮ রান। তাতেই বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় দল। হারিস রউফের বলে আউট হওয়ার আগে ৪১ রান করেন লিটন দাস। আর পরের উইকেটে নেমে রানের দেখা পাননি রিশাদ হোসেন। প্রথম বলেই বোল্ড হন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এর আগে তামিমের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৮৪ রানের। এবার সেটাকে তো ছাড়ালেনই, প্রথম সেঞ্চুরিও তুলে নিলেন তানজিদ হাসান তামিম। তামিমের সেঞ্চুরিতে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ সিরিজে তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নেন তানজিদ তামিম। গতকাল তিনি ফিফটি করেন ৪৭ বলে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি। তবে ছক্কা হাঁকিয়ে ৯৮ বলে সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪টি, প্রথম শ্রেণির ক্রিকেটে ৫টি আর ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩টি সেঞ্চুরি আছে এই বাঁহাতি ওপেনারের। সবমিলিয়ে ১৩তম সেঞ্চুরিতে এসে প্রথম আন্তর্জাতিক শতরান পেলেন তানজিদ তামিম। প্রথম ওয়ানডে সেঞ্চুরির আগে তানজিদের সর্বোচ্চ স্কোর ছিল ৮৪ রান, ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। ২০২৩ সালের এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তানজিদ হাসান তামিমের। এর আগে ৩০ ওয়ানডেতে ২৯ ইনিংস খেললেও কোনো সেঞ্চুরি ছিল না তার। তবে ছিল ৫টি ফিফটি। আগামী বিশ্বকাপে সরাসরি খেলা, র্যাঙ্কিংয়ে উন্নতিসহ নানা কারণে এই সিরিজ জেতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচকেই তামিম বেছে নিলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য। এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে বাউন্ডারি মেরেই ব্যক্তিগত রানের খাতা খোলেন তানজিদ। একই ওভারের পঞ্চম বলে তার ব্যাট থেকে আসে ছক্কা। লেগ সাইডে ফ্লিক করে বলকে বাউন্ডারির ওপারে আছড়ে ফেলেন তিনি। প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ছিল ৫০। যেখানে ৩৩ বল খেলে ৩০ রান করে নেতৃত্ব দেন তামিম।
ক্রিকেট
তানজিদের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের
তানজিদ হাসান তামিমের অভিষেক সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলদেশ। গতকাল শেষ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ৫ উইকেটে করেছে ২৯০ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই ছন্দ হারিয়েছিল বাংলাদেশ।
Printed Edition