পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ম্যাচেই পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্বাগতিকরা। মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেওয়া টাইগারদের চোখ এখন সিরিজ জয়ে। সিরিজ নিজেদের করে নিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। দুই ম্যাচের মাঝে একদিনের বিরতি। গতকাল সেই বিরতিতে কোনো অনুশীলন রাখেনি বাংলাদেশ। সময় কাটাচ্ছে হোটেলেই। ফুরফুরে মেজাজে থাকা দলের সামনে চাপ নেই কোনো। নির্ভার থেকেই আজ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় মিরাজ-তামিমরা। প্রথম ওয়ানডেতে জয়ের পর প্রশংসিত হয়েছে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তানকে সমালোচনায় জর্জর করছে দেশটির সাবেকরা। মোহাম্মদ আমির তো একপ্রকার ধুয়ে দিয়েছেন নিজ দলের ক্রিকেটারদের। আমির বলেন, ‘আমার আফসোস লাগছে। কারণ, এমনটা হওয়া উচিত না। বোলিংয়ে দেখুন, আমাদের দুম্বার মতো পিটিয়েছে। যে উইকেটে আমরা ১১৪ রান করেছি, তারা সেটা ১০-১২ ওভারে তাড়া করেছে। এটা হয় না কি?’ প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক দুজন। বল হাতে নাহিদ রানা। ৫ উইকেট নিয়ে যিনি মূল কাজটা সেরেছেন। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে শেষটা করেন তানজিদ হাসান তামিম। ৪২ বলে অপরাজিত থাকেন ৬৭ রানে। দ্বিতীয় ওয়ানডেতেও দলগত পারফরম্যান্সের ওপর নজর থাকবে সবার। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের ব্যর্থতা চোখ রাঙাচ্ছিল। মাথায় ছিল সরাসরি আগামী বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের চাপও। তবে মাঠের খেলায় সব চাপ অতিক্রম করে বুধবার পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সফরকারীদের মাত্র ১১৪ রানে গুটিয়ে ২০৯ বল বাকি রেখেই জয় পায় মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডের জয়ে পুরো দলের মানসিকতা ও শারীরিক ভাষা বদলে গেছে। আত্মবিশ্বাস ফিরেছে সবার মধ্যে, সবাই খুব উৎফুল্ল আছেন। কোনো অনুশীলন না থাকলেও হোটেলেই ক্রিকেটাররা রিকভারি সেশন করেছেন। এরপর নিজেদের মধ্যে আড্ডা, গল্পে দিন পার করছেন। সন্ধ্যায় বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের একসঙ্গে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ইফতার শেষে রাত ৮টায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা জিম করে। সেখান থেকে ফিরে আছে টিম মিটিং। এই ম্যাচেই সিরিজ নিজেদের করে নেওয়া সুযোগ আছে স্বাগতিকদের সামনে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে মিরাজের দল। সেক্ষেত্রে ঘরের মাঠে টানা দ্বিতীবার ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বেন শান্ত-তামিমরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘এটা দুর্দান্ত শুরু ছিল। অনেকদিন পর আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। চ্যালেঞ্জিং হলেও সবাই পরিস্থিতি ভালভাবে মানিয়ে নিয়েছে। আশা করি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারব।’ মিরাজ আরও বলেন, ‘বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জয়ে এই মুহূর্তে আমরা আত্মবিশ্বাসী। তবে এখনও আমাদের সামনে আরও দু’টি ম্যাচ আছে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ প্রথম ম্যাচে হতাশাজনক পারফরমেন্স হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

তিনি বলেন, ‘আমরা যেভাবে সিরিজের শুরু করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। কিন্তু এখনও সিরিজের দু’টি ম্যাচ বাকি আছে এবং আমরা সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী। এটি তরুণ দল এবং আমি শেষ পর্যন্ত তাদের সমর্থন করব। আমাদের সবার সাথে পারস্পারিক বোঝাপড়া গড়ে তুলতে হবে। ওয়ানডে ক্রিকেটে, ব্যাটিং বা বোলিং সবক্ষেত্রেই বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান চলছে। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। গতকাল বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ। এরপর তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে ১৫.১ ওভারেই জয় পায় বাংলাদেশ। এতে করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।