জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এবারের কেন্দ্রীয় চুক্তিতে। ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। এবারের চুক্তিতে নেই ‘এ’ প্লাস ক্যাটাগরি। চারটি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। এ গ্রেডে রয়েছেন (বেতন ৮ লাখ) - নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। বি গ্রেডে রয়েছেন (বেতন ৬ লাখ)-মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। সি গ্রেডে রয়েছেন (বেতন ৪ লাখ)-সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। ডি গ্রেডে রয়েছেন (বেতন ২ লাখ)- পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটওয়ারী। ক্রিকেটারদের বেতন এবার বাড়েনি। তবে কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা বেড়েছে। গতবার সংখ্যাটা ছিল কেবল ২২। এবার ২৮ ক্রিকেটার রয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার ডাক পেয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। এছাড়া নাঈম হাসান, শামীম হোসেন ও কাজী নুরুল হাসান সোহানকে ফেরানো হয়েছে। এই গ্রেডের বেশিরভাগ ক্রিকেটারই একটি ফরম্যাটে খেলছেন। তারা বেতন পাবেন ২ লাখ টাকা করে।