ঘরোয়া ক্রিকেট মৌসুম মাঠে গড়ানোয় হতাশায় ভুগছে ক্রিকেটাররা। বর্তমান বোর্ডের অনিয়মের অভিযোগে ক্লাবগুলো লিগ থেকে দূরে সরে রয়েছে। লিগ বন্ধ থাকায় ক্লাবগুলোর অবস্থা মানবেতর হয়ে উঠেছে। এমন এমন অচলাবস্থায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিজের পোস্টের শুরুতেই ইমরুল লেখেন, ‘বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। যা হচ্ছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন?’

ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটারদের দুরবস্থার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই।’ জাতীয় দলের বাইরে সামগ্রিক ক্রিকেট কাঠামোর দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ইমরুল লিখেছেন, ‘সবাই সবসময় শুধু জাতীয় দল নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু ক্রিকেট মানেই কেবল জাতীয় দল নয়! জাতীয় দলের পাশাপাশি আমাদের সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়ে ভাবা এখন সময়ের দাবি।’ বর্তমান পরিস্থিতিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা যদি নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি বলাটা কি হাস্যকর নয়? ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না।’ পোস্টের শেষাংশে সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত সমাধানের আহ্বান জানান এই অভিজ্ঞ ব্যাটার। তিনি লেখেন, ‘সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, ব্যক্তিগত স্বার্থ ভুলে দ্রুত মাঠের ক্রিকেট ফেরানোর ব্যবস্থা করুন। ক্রিকেটারদের রুটি-রুজির পথ বন্ধ করবেন না।’ একই সঙ্গে ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইমরুল বলেন, ‘আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’