প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার ব্রেট রানডেল। গতকাল নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টসের প্রথম ইনিংসে ৫ বলে ৫ উইকেট শিকার করে ইতিহাসের জন্ম দেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নামা রানডেল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪০ বছরের ইতিহাসে এর আগে কোন বোলারই ৫ বলে ৫ উইকেট শিকার করতে পারেনি। নেপিয়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩৪৭ রান করেছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। দ্বিতীয় দিন ৩৭৩ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল। রানডেলের তোপের মুখে ১৫ রানে ৭ উইকেট হারায় নর্দার্ন। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে নর্দানের ওপেনার হেনরি কুপারকে শিকার করেন রানডেল। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে প্রথম বলে জিত রাভালকে আউট করেন তিনি। পরের ডেলিভারিতে জো কার্টারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রানডেল। এরপর তৃতীয় বলে রবার্ট ও’ডোনেলকে এবং চতুর্থ বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে শিকার করে, টানা পাঁচ ডেলিভারিতে ৫ উইকেট তুলে নেন রানডেল। এসময় রানডেলের বোলিং ফিগার ছিল ৩ ওভার ১ মেডেন ২ রানে ৫ উইকেট। পরের দিকে আরও দুই উইকেট নিয়ে নর্দানকে ৮২ রানের মধ্যে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন রানডেল। ইনিংসে ১১ ওভারে ২৫ রানে ৭ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী রানডেল। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে রানডেলের সেরা বোলিং ফিগার ছিল ৪৫ রানে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ বলে ৫ উইকেট নেয়ার ঘটনা প্রথমবার হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা আগেও ঘটেছে।
ক্রিকেট
পাঁচ বলে পাঁচ উইকেট
প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার ব্রেট রানডেল।