শ্রীলংকার কলম্বোয় আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ ঘিরে উত্তেজনার পাশাপাশি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। কারণ পূর্বাভাস বলছে, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের শুক্রবারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রোববার কলম্বো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ থেকে ৬৫ শতাংশ। দুপুরের পর থেকেই আকাশ মেঘলা থাকার কথা রয়েছে এবং মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে। এতে ম্যাচের নির্ধারিত সময় নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। টানা বৃষ্টি না হলেও দফায় দফায় বৃষ্টি হলে খেলা শুরুতে বিলম্ব হতে পারে। এমনকি ওভার কমিয়ে ম্যাচ আয়োজনের পরিস্থিতিও তৈরি হতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটে ওভার কমে গেলে ম্যাচের গতি ও কৌশল দুইই বদলে যায়। কলম্বোর উইকেট ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক হিসেবে পরিচিত। চলতি বিশ্বকাপে এখানে এখন পর্যন্ত একটি ম্যাচেই ২০০ এর বেশি রান উঠেছে। বেশিরভাগ ম্যাচেই ব্যাটারদের ধৈর্য ও কৌশল দেখাতে হয়েছে। বৃষ্টির কারণে পিচে আর্দ্রতা থাকলে বল আরও গ্রিপ করতে পারে, যা স্পিনারদের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে। ভারতের দলে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল মাঝের ওভারে বড় ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে পাকিস্তানের আবরার আহমেদ, শাদাব খান ও উসমান তারিকও ধীরগতির উইকেটে কার্যকর হয়ে উঠতে পারেন। তাই ম্যাচটি কেবল ব্যাট-বলের লড়াই নয়, বরং স্পিন কৌশলের পরীক্ষায়ও পরিণত হতে পারে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (উখঝ) পদ্ধতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লক্ষ্য নির্ধারণ কিংবা সংশোধিত টার্গেটের ক্ষেত্রে এই পদ্ধতি বড় ভূমিকা রাখে। ফলে অধিনায়কদের দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা ম্যাচের ফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে। পাওয়ারপ্লে কাজে লাগানো, উইকেট হাতে রেখে আক্রমণ বাড়ানো কিংবা নির্দিষ্ট সময়ে স্পিন আক্রমণ নামানো সবকিছুতেই থাকতে হবে হিসাবি ঝুঁকি। অনেক সময় একটি অতিরিক্ত ওভার বা একটি সঠিক বোলিং পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গ্রুপ পর্বের সমীকরণেও ম্যাচটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে আছে। পাকিস্তানও নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলে নিয়ে লড়াইয়ে টিকে রয়েছে। আজকের ম্যাচে জয়ী দল গ্রুপের শীর্ষে উঠে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে বড় সুবিধা পাবে। ফলে এটি কেবল মর্যাদার লড়াই নয়, বরং টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণকারী ম্যাচ হিসেবেও বিবেচিত হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশ্বজুড়ে কোটি দর্শকের চোখ একসঙ্গে টিভি পর্দায়। মাঠে উত্তেজনা, গ্যালারিতে উন্মাদনা সবকিছুর মাঝেও এবার মূল প্রশ্ন একটাই, কলম্বোর আকাশ কতটা সহায় হবে? যদি শেষ পর্যন্ত বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ায়, তবে বিশ্বকাপ ইতিহাসে যোগ হতে পারে আরেকটি রোমাঞ্চকর অধ্যায়। আর যদি বৃষ্টির হস্তক্ষেপ ঘটে, তবে ম্যাচের পাশাপাশি আলোচনায় থাকবে আবহাওয়ার প্রভাবও।
ক্রিকেট
ভারত-পাকিস্তান ম্যাচে আছে বৃষ্টির শঙ্কাও
শ্রীলংকার কলম্বোয় আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ ঘিরে উত্তেজনার পাশাপাশি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। কারণ পূর্বাভাস বলছে, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
Printed Edition