পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ‘চাকিং’ করার অভিযোগ করছেন অনেকে। তবে এটিই প্রথমবার নয়, যখন তারিক এমন সমালোচনার সম্মুখীন হয়েছেন। কিছুদিন আগেই ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যামেরুন গ্রিন তারিকের বোলিং অ্যাকশন নিয়ে হাস্যরস করেছিলেন। তবে গত বছর দুইবার আইসিসি কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাকশনকে বৈধ ঘোষণা করা হয়েছে। সেই ছাড়পত্র সত্ত্বেও ভারতের সাবেক তারকা খেলোয়াড় শ্রীভৎস গোস্বামী তারিকের বোলিং অ্যাকশনে ‘থেমে যাওয়া’ নিয়ে প্রশ্ন তুলেছেন। ফুটবলের সঙ্গে তুলনা করে গোস্বামী বলেছেন, পেনাল্টি নেয়ার সময় খেলোয়াড়দের আর থেমে যাওয়ার নেয়ার অনুমতি নেই। ক্রিকেটে একই ধরনের তদারকি নিয়ম উচিত বলে তিনি মনে করেন।